‘তুয়ান আইলে উড়ি যায়, বান আইলে ধুই যায়’
বরিশাল-ভোলা-চট্টগ্রাম মহাসড়কের ভোলার অংশ সাড়ে আট কিলোমিটার। জরুরি ভিত্তিতে জুলাই ও আগস্টে ভোলা অংশের খানাখন্দ, গর্ত জোড়াতালির মেরামত হলেও তা আবার আগের অবস্থায় ফিরে গেছে। বেড়েছে মানুষের দুর্ভোগ। মেরামতকাজের মান নিয়েও প্রশ্ন উঠেছে।জানতে চাইলে ভোলা সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সুশীল চন্দ্র সাহা প্রথম আলোকে জানান, মহাসড়কের ক্ষতিগ্রস্ত অংশে কেবল ইট-বালু দিয়ে মেরামত করা হয়েছে; কিন্তু অতিবৃষ্টির কারণে সেগুলো ডুবে যায়। বর্তমানে রোদের কারণে আবার তা আগের অবস্থায় ফিরে গেছে। ক্ষতিগ্রস্ত অংশ মেরামতে দুই দফায় ৯-১০ লাখ টাকা ব্যয় হয়েছে।মহাসড়কের সাড়ে আট কিলোমিটারই ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের মধ্যে। গত বুধবার সরেজমিনে দেখা গেছে, পরানগঞ্জ বাজারের উত্তর পাশে সড়কের তেমাথা গুপ্তমুন্সি এলাকা থেকে ভোলা-লক্ষ্মীপুর ফেরিঘাট পর্যন্ত বড় বড় গর্তে ভরা। এ পথের টেম্পোচালক মো. ইসমাইল বলেন, ‘ইট-বালু দেয়নো, মনে অয় ধুলপড়া দিছে, তুয়ান (তুফান) আইলে উড়ি যায়, বান (বৃষ্টি) আইলে ধুই যায়।’সওজ অধিদপ্তর সূত্র জানায়, গত জুলাইয়ে নৌমন্ত্রীর আগমন উপলক্ষে এবং আগস্টে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মহাসড়কে ইট-বালু ফেলে সংস্কার করা হয়। কিন্তু সেগুলো আবার বড় বড় গর্তে ভরে গেছে। এসব গর্তের কারণে প্রায়ই বাস ও ট্রাকসহ বিভিন্ন যানবাহন দুর্ঘটনায় পড়ে।মহাসড়কের ইলিশা চড়ার মাথা পুরাতন বাসস্ট্যান্ড থেকে নতুন ফেরিঘাট পর্যন্ত ইট বিছানো। সেখানে মাটি দেবে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। জোয়ারে ফেরিঘাটের গ্যাংওয়েসহ মহাসড়কের একটি অংশ ডুবে যায়।ওই পথের নিয়মিত বাসযাত্রী ইলিশা ইসলামিয়া মহাবিদ্যালয়ের প্রভাষক জুন্নু রায়হান ও প্রভাষক পাপন চন্দ্র দে বলেন, ‘গত ১০-১২ বছর সড়কটি এত খারাপ যে বাসে চড়লে মনে হয়, সাগরের মাঝে চলছি।’ইলিশা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সিরাজ প্রথম আলোকে জানান, দুরবস্থার কারণে মহাসড়কটিতে প্রায়ই দুর্ঘটনা হচ্ছে। ৩০ বছর আগে রিকশাসহ ছোট যান চলাচলের জন্য এটি নির্মাণ করা হলেও তা এখন বরিশাল-ভোলা-চট্টগ্রাম মহাসড়কের অংশ। সেখানে প্রতিদিন শত শত ভারী যানবাহন চলছে।