যুদ্ধ করে আমরা দেশকে রক্ষা করেছি। তেমনি তোমরা নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা। তোমাদের দায়িত্ব হবে ভালো মানুষ হয়ে দেশকে রক্ষা করা। তোমরা সোনার মানুষ হবে। তা হলেই সোনার দেশ হবে। মাগুরা ও চাঁদপুরে গতকাল বুধবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিরা এসব কথা বলেন। প্রথম আলোর উদ্যোগে এবং মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান টেলিটকের সহায়তায় দেশব্যাপী এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে।চাঁদপুর: সকাল সাড়ে ১০টায় চাঁদপুর ক্লাব মিলনায়তনে বন্ধুসভার সদস্যদের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। মাদককে ‘না’ বলার অঙ্গীকার করে শিক্ষার্থীরা। অনুষ্ঠানে জেলার দুই শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় এক হাজার শিক্ষার্থী অংশ নেয়। শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, চাঁদপুর সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ মাসুদুর রহমান, পুরান বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ দেলোয়ার আহমেদ, বাবুরহাট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোশাররফ হোসেন, প্রথম আলো পত্রিকার উপফিচার সম্পাদক পল্লব মোহাইমেন, টেলিটকের কর্মকর্তা ফারুক আহমেদ ও মো. মাহমুদুল হাসান এবং মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ আবদুল খালেক, একই বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থী রাবাইয়াত মোস্তারিন প্রমুখ। শিক্ষার্থীদের উদ্দেশে নারী মুক্তিযোদ্ধা বদরুন্নাহার বলেন, ‘যুদ্ধ করে আমরা দেশকে রক্ষা করেছি। তেমনি তোমরাও নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা। তোমাদের দায়িত্ব হবে ভালো মানুষ হয়ে দেশকে রক্ষা করা। টেলিটক বাংলাদেশের মার্কেটিং অ্যান্ড সেলস্ জেনারেল ম্যানেজার ফারুক আহমেদ বলেন, ভালো ফলাফল করার পাশাপাশি ভালো মানুষও হতে হবে। অধ্যক্ষ দেলোয়ার আহমেদ বলেন, যারা জাতীয় পতাকা ও জাতীয় সংগীতের অবমাননা করে, তাদের রুখতে এখন থেকেই শিক্ষার্থীদের তৈরি হতে হবে। অধ্যক্ষ মোশারফ হোসেন বলেন, ভালো ফলাফলের ধারাবাহিকতা ধরে রাখতে কলেজ কর্তৃপক্ষ ও অভিভাবক মহলকে আরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে। পল্লব মোহাইমেন বলেন, শিক্ষার্থীদের প্রযুক্তির সঠিক ব্যবহার করতে হবে। মোবাইল, ইন্টারনেট ও মাদক গ্রহণের কারণে অনেক শিক্ষার্থী বিপদগ্রস্ত হচ্ছে। এ বিষয়ে প্রতিটি পরিবারকে ভালোভাবে নজর রাখতে হবে। সব শেষে অতিথিরা কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন। কুমিল্লা বোর্ডে চাঁদপুরের সেরা তিন শিক্ষাপ্রতিষ্ঠান আল আমিন একাডেমী স্কুল অ্যান্ড কলেজ, চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয় ও মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়কে ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন বন্ধুসভার সভাপতি প্রভাষক রূপক রায় ও সাধারণ সম্পাদক জাকির হোসেন।মাগুরা: বন্ধুসভার বন্ধুদের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সকাল ১০টায় মাগুরা আছাদুজ্জামান মিলনায়তনে কৃতীদের সংবর্ধনা অনুষ্ঠানের সূচনা হয়। জাতীয় সংগীত শেষ হতেই মাগুরার প্রবীণ শিক্ষাবিদ মো. মাহফুজুল হক মঞ্চে এসে কয়েকজন কৃতীর হাতে জাতীয় পতাকা তুলে দেন। নবীনের হাতে প্রবীণের দেশের পতাকা তুলে দেওয়ার দৃশ্যটি ছিল আবেগময়। মাহফুজুল হক কৃতীদের উদ্দেশে বলেন, ‘“তোমার পতাকা যারে দাও/তারে বহিবারে দাও শকতি”। নতুন প্রজন্মের হাতে পতাকা তুলে দিয়ে আমি এ কথাই বলতে চাই, তোমরা সোনার মানুষ হবে। তাহলেই সোনার দেশ হবে।’ কৃতী ছাত্রী সংগীতা বলে, ‘এমন অনুষ্ঠানে আগে কখনো যাইনি। প্রথম আলোর এ সংবর্ধনা ও সমঞ্চান আমার আগামী দিনের পথ চলার অনুপ্রেরণা হবে। কৃতী ছাত্র মৃন্ময় কুমার শীল বলল, ‘আমাদের সাফল্যের পেছনে বাবা-মা ও শিক্ষকের অবদান সবচেয়ে বেশি। আমাদের আগামী দিনের সাফল্যের অবদান হিসেবে প্রথম আলোর সংবর্ধনাও যুক্ত হলো।’ টেলিটকের মাগুরা, ঝিনাইদহ ও কুষ্টিয়া অঞ্চলের প্রতিনিধি মো. সাইফুজ্জামান বলেন, টেলিটক মেধাবীদের পাশে থাকতে পেরে গর্বিত। অভিভাবক খান মাসুদুর রহমান বলেন, নিজের সন্তানকে সঠিক পথে চালাতে পরিবারের ভূমিকা মুখ্য। কৃতীদের উদ্দেশে জেলা পরিষদের প্রশাসক সৈয়দ শরিফুল ইসলাম বলেন, ‘ভবিষ্যতেও তোমাদের এই সাফল্যের ধারা অব্যাহত রাখতে হবে। সব ধরনের খারাপ থেকে দূরে থাকতে তোমাদের কাছে অনুরোধ জানাই।’ প্রবীণ শিক্ষাবিদ মো. মফুজার রহমান বলেন, ‘তোমরা শিক্ষক বা ডাক্তার যাই হও না কেন, সঠিক পথে থেকো। তাহলে বাংলাদেশ তোমাদের হাত ধরে একদিন ঠিকই বদলাবে।’সংক্ষিপ্ত আলোচনা শেষে কৃতীদের মধ্যে অভিনন্দনপত্র ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে মাগুরা জেলার সেরা তিন শিক্ষাপ্রতিষ্ঠানকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। প্রতিষ্ঠান তিনটি হলো মাগুরা সরকারি উচ্চবিদ্যালয়, মাগুরা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও শ্রীপুর এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়। অনুষ্ঠানে তিন শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। শেষ পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন মাগুরা বন্ধুসভার যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান ও সানজানা আফরিন।আজ ২৯ আগস্ট বৃহস্পতিবারকুষ্টিয়াস্থান: কুষ্টিয়া পৌরসভা মিলনায়তনসময়: সকাল ১০টাসাতক্ষীরাস্থান: শিল্পকলা একাডেমী মিলনায়তনসময়: সকাল ১০টাঝালকাঠিস্থান: শিল্পকলা একাডেমী মিলনায়তনসময়: সকাল ১০টাআগামীকাল ৩০ আগস্ট শুক্রবারকক্সবাজারস্থান: কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রসময়: বেলা ২.৩০টাটাঙ্গাইলস্থান: ভাসানী হলসময়: সকাল ৯.৩০টা