‘তোমার হাতে উইলোটা বেহালা হয়ে যায়’
৯৫ বছর আগে পৃথিবী ছেড়ে চলে গেছেন ডব্লু জি গ্রেস। ওয়ানডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরি দেখে স্বর্গ থেকে চিঠি না লিখে পারলেন না শচীন টেন্ডুলকারকে। সেই চিঠি পেয়ে গেছেন রাজর্ষিশচীন,হেভেন থেকে লিখছি। তোমাদের ভাষায় যা স্বর্গ। দেখতে অনেকটা পৃথিবীর মতোই...উত্তুঙ্গ পর্বতমালায় আকীর্ণ...আছে গিরি নির্ঝর, সাগর ও স্বচ্ছ তোয়া নদী। তবে কিছুতেই এটা ভারতবর্ষের মতো ‘সজল মেঘ আর উজ্জ্বল রৌদ্রের দেশ নয়।’ তাহলে কী? আমার কাছে তো ভিক্টোরীয় যুগের ইংল্যান্ড মনে হয়। আসলে যে যেমনটা ভাবে স্বর্গ ঠিক তা-ই! অলৌকিক!ওহ্ মাই ডিয়ার, তোমাকে তো বলাই হয়নি, আমি অদ্বিতীয় ডব্লু জি গ্রেস কেন তোমার মতো ছোকরাকে চিঠি লিখছি।তাহলে শোনো, গোয়ালিয়রে তোমার ডাবল সেঞ্চুরির পর স্বর্গের এই পাড়াটায় তুমুল হইচই পড়ে গেছে। আমি ক্রিকেটের আদি পিতা...তায় আবার নাক উঁচু স্বভাবের একগুঁয়ে ইংরেজ...এখনো চুপ আছি। কিন্তু শেরউড বনের মতো সুন্দর এই পাড়ার প্রতিবেশীদের ঠেলায় থাকতে পারলাম না। পাইন আর কমনীয় সিডারের ছায়াচ্ছন্ন ‘কটেজ’ থেকে লিখতে বসলাম...তোমার জানার কথা নয়, এখানে আমার প্রতিবেশীদের অধিকাংশই ক্রিকেটার...যাঁদের মধ্যে আছেন ডন, রঞ্জি ও হাটনদের মতো অভিজাতেরা...একটু দূরে থাকেন নেভিল কার্ডাস, যাঁর প্রতিবেশী জ্যাক ফিঙ্গলটন। মহান খেলাটার কাব্যিক বর্ণনায় এঁরা দুজন কিংবদন্তিতুল্য। তো আড্ডাচ্ছলে স্বয়ংক্রিয় ব্যবস্থায় আমরা সবাই মিলে তোমার ইনিংস দেখছিলাম। কত আর হবে তখন...বোধহয় ৩৭-এ ব্যাট করছিলে...পারনেল না কি ছোকরাটার নাম...রাউন্ড দ্য উইকেটে এসে ডানহাতির জন্য অ্যাঙ্গেলে বল ফেলল। মুহূর্তে তুমি সামনের পায়ে এসে পয়েন্ট আর কাভারের মাঝখান দিয়ে ড্রাইভ করলে...আউটস্ট্যান্ডিং...।রেড ওয়াইনে তৃপ্তির চুমুক দিতে যাব, অমনি জ্যাক স্মৃতিচারণা শুরু করল। ব্রিসবেনে গারফিল্ড সোবার্স নাকি একবার অনবদ্য ব্যাটিং করেছিলেন। আর লেন হ্যালেট নামের সিডনির এক অন্ধ অধিবাসী কমেন্ট্রিতে সেই ব্যাটিং শুনে ফ্রাঙ্ক ওরেলকে লিখেছিল...‘আমি বহু বছর ধরে অন্ধ কিন্তু নিজের অন্ধত্বের জন্য আমি একবার মাত্রই দুঃখ পেয়েছি, যখন ব্রিসবেনে গ্যারফিল্ড সোবার্স তাঁর অবিস্মরণীয় ব্যাটিং করছিলেন আর সেই বিবরণ আমি শুনছিলাম। হায়! যদি তাঁর ব্যাটিংয়ের সময়টুকু আমার দৃষ্টি ফিরিয়ে দেওয়া হতো, তাহলে জীবনের পূর্ণ সন্তোষ আমি পেতাম।’ বলা বাহুল্য, ফিঙ্গলটন যে তোমার ব্যাটিং সৌন্দর্যের বর্ণনায় জনৈক অন্ধের আর্তি ব্যবহার করতে চাইছে, তখনই বুঝেছি! তবে আলোকবর্ষ দূরে দাঁড়িয়ে আজ ব্যক্তিগত আবেগ নয়, আমি বুঝতে চাইছিলাম তোমাকে ঘিরে ভারতবর্ষের গণ-অভিব্যক্তি, কী পেয়েছে ওরা তোমার মধ্যে...নতুন শতাব্দীর আত্মপরিচয়? জানি না, কিন্তু নিজেকে তোমার সঙ্গে মিলিয়ে দেখার চেষ্টা করছি।তুমি হয়তো জানো না, আমাকে নিয়েও ইংল্যান্ড একদিন আবেগে দিশেহারা ছিল। ১৮৯৫ সালের মে মাস। বিহ্বল ইংরেজদের রাত-দিনের ভাবনায় তখন আমি। সেঞ্চুরির সেঞ্চুরি করতে পারব কি না। স্যাম উডসের হাতে বল...আমি ৯৮ রানে কাঁপছি। ওই একবারই বুঝেছিলাম, নার্ভাসনেস কী জিনিস। উডসের লেগ সাইডের ফুলটস বলে সেঞ্চুরি পূর্ণ করার পর...লিখে বোঝানো সম্ভব নয়...দারুণ উল্লাসে ফেটে পড়ল ইংল্যান্ড...সময় এবং ভূগোলের সীমানা ছাড়ানো সেই জনকল্লোল এখনো শুনতে পাই...তোমার ২০০ রানে পৌঁছার অনির্বচনীয় অনুভূতিটা আমার চেয়ে ভালো কেউ বুঝতে পারবে না। যদিও শত কোটির গর্জন অন্য ব্যাপার। মাঠ থেকে বেরিয়ে সেদিন ইংরেজ কথাশিল্পী এ এ টমসনের একটি সকৌতুক মন্তব্য পড়েছিলাম—‘আচ্ছা, কী করে একজন বিদেশিকে বোঝাই বলুন তো, যে দেশের জাতীয় জীবনে সমস্যার অন্ত নেই, সে দেশের অধিবাসীরা জনৈক মধ্যবয়সী দাড়িওয়ালা ভদ্রলোক উইলো-কাঠের তক্তা দিয়ে একটা চামড়ার শক্ত বলকে কতবার পেটালেন, এমন কি যদি পেটাতে না পারেন তো কেন পারলেন না, তার হিসাব নিয়ে এমন মেতে থাকতে পারে।’ আমিও সেদিন বুঝতে চেষ্টা করেছিলাম, কেন? বুঝিনি! কিন্তু আজ জানি, সেদিন ক্রিকেট যাদের কাছে ছিল জীবনবোধের সমতুল্য—সেই আলুথালু, বেহিসাবি অথচ সুদক্ষ ও চতুর, দয়ালু এবং রসিক, কিন্তু তলে তলে কঠিন ও একগুঁয়ে ইংরেজ জাতিটার কাছে আমি ছিলাম প্রতীক মানুষ! ভারতীয়দের সম্পর্কে আমার খুব বেশি ধারণা নেই। শুনেছি, তারা খুব ‘মিস্টিক’। ঐশ্বর্যের সঙ্গে দারিদ্র্য, ভোগের সঙ্গে নিরাসক্তি সেখানে মিলেমিশে একাকার। এমন বিচিত্র, বর্ণিল আর বিপুল ভারতীয় জনগোষ্ঠীর কাছে তুমিও কি আমার মতো প্রতীক মানুষ?জানি না, তবে প্রাচ্যের ব্যাটিংকে সমীহ করি। রঞ্জিকে ভালো লাগত। তোমার প্রপিতামহতুল্য মানুষটা আমার সম্পর্কে কী লিখেছিল জান? অবশ্য বই পড়ে চোখ নষ্ট করনি বলে জানার কথা নয়। লিখেছিল, 'He turned the old one-stringed instrument into a manycharted lyre’. ব্যাটসম্যানশিপের ক্ষেত্রে আমি না কি ‘পুরোনো একতারাকে বহুতন্ত্রী বীণায় রূপান্তর করেছিলাম।’ হয়তো করেছি, হয়তো করিনি। তবে প্রশংসাটা অনবদ্য। গোয়ালিয়রে ব্যাটিং দেখার পর তোমার পূর্বসূরির প্রশংসাটুকু আজ ফিরিয়ে দিতে ইচ্ছে করছে। কী লিখব? স্বর্গে এখন রাত। ঝলমলে একটা তারার দিকে চোখ রেখেছি। হয়তো তার নিচেই ইন্ডিয়ান ওশেন, অদূরে আরব সাগর, যার উপকূলে মুম্বাই নগর। এখন কী করছ জানি না। আমি চূড়ান্ত লাইনটার জন্য সুপ্রাচীন দাড়িতে হাত বুলাতে বুলাতে লিখলাম—‘অন্যের হাতে উইলোটা যখন স্রেফ কাঠের টুকরো, তোমার হাতে সেটাই কীভাবে বেহালা হয়ে যায় বুঝতে পারি না।’ ভালো থেকো শচীন, যেদিন অবসর নেবে...আমার অতৃপ্ত আত্মা মাঠে থাকবে...’ইতি ডব্লু জি গ্রেস