‘তোরা জেএমবি, দাঁড়া মজা দেখাচ্ছি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘শালা নেতাগিরি করস। দাঁড়া, তোদের মজা দেখাচ্ছি। তোরা জেএমবি। তোদের জেএমবির মামলা দেব।’এ কথা বলেই পুলিশের সহকারী কমিশনার (এসি) রাজিব আল মাসুদ পেটাতে থাকেন শিক্ষানবিশ আইনজীবী রাশেদুল ইসলামকে। রাজধানীর কোতোয়ালি থানা থেকে মুক্তি পাওয়ার পর প্রথম আলোকে নির্যাতনের এই বর্ণনা দেন রাশেদুল ইসলাম। দিনভর হেনস্তা, নির্যাতনের পর গতকাল মঙ্গলবার রাত সাড়ে নয়টায় আইনজীবীদের হস্তক্ষেপে কোতোয়ালি থানা থেকে ছাড়া পান রাশেদুল ইসলাম ও আটক আরেক আইনজীবী সাখাওয়াত হোসেন। ঢাকা জজ আদালতের জ্যেষ্ঠ আইনজীবী কাজী ফজলুল রশিদ তাঁর জিম্মায় এই দুজনকে ছাড়িয়ে নেন। এ সময় মহানগর দায়রা জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) সাহাবউদ্দিন, বেলায়েত হোসেন ও মোস্তফা কামালসহ ১০ জন আইনজীবী উপস্থিত ছিলেন। থানা থেকে রাশেদুল যখন বের হচ্ছিলেন, তাঁর চেহারা বিধ্বস্ত। শার্টের সবগুলো বোতাম ছেঁড়া। ঘটনা সম্পর্কে জানতে চাইলে তিনি দীর্ঘক্ষণ কোনো কথা না বলে বিমর্ষ থাকেন। একপর্যায়ে বলেন, ‘থানায় নেওয়ার পর ওসির কক্ষেই এসি রাজিব আমাকে পেটাতে থাকেন। আমার মাথার দুই পাশে ও কানে বারবার আঘাত করেন। এ সময় এসি বলতে থাকেন, “তুই জেএমবি। দাঁড়া তোকে জেএমবি বানাচ্ছি।” মারের চোটে একপর্যায়ে আমি মেঝেতে পড়ে যাই।’কেন এভাবে পেটাল জানতে চাইলে রাশেদুল বলেন, ‘আদালতসংলগ্ন পুলিশ ক্লাবের সামনে থেকে এক তরুণীকে জোর করে পুলিশ যখন থানায় নিয়ে যেতে চাইছিল, তখন আমি এর প্রতিবাদ করি। এসি রাজিব এ সময় আমাকে তুই-তোকারি করে সেখান থেকে সরে যেতে বলেন। আমি জানতে চাই, আমি কেন সরব। আপনি গালিগালাজ করছেন কেন? এতে খেপে গিয়ে এসি রাজিব আমাকে পেটাতে শুরু করেন। থানায় গিয়ে আবার পেটান।’রাশেদুল একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক পাস করেছেন। এখন স্নাতকোত্তরে পড়ছেন। একই সঙ্গে তিনি ঢাকা আইনজীবী সমিতিতে শিক্ষানবিশ হিসেবে কাজ করছেন। আটক হওয়া আরেক আইনজীবী সাখাওয়াত হোসেন বলেন, ‘বিকেল চারটার দিকে আমাদের কোতোয়ালি থানার ওসির কক্ষে নেওয়া হয়। এসি রাজিব আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। বলেন, “তুই-ও জেমবি। দাঁড়া তোর খবর নিচ্ছি।” বলেই আমার মোবাইল ফোন কেড়ে নেন তিনি। এরপর রাশেদকে নির্মমভাবে পেটাতে থাকেন তিনি। তখন থানার ওসি সালাহউদ্দীনও উপস্থিত ছিলেন।’সাখাওয়াত হোসেন বলেন, ‘থানায় দীর্ঘক্ষণ আমাদের গালিগালাজ করে পুলিশ। পরে যখন সুলতানা কামালসহ সাংবাদিক ও বারের আইনজীবীরা আসেন, তখন পুলিশ ভোল পাল্টায়।’ আইন ও সালিশ কেন্দ্রের (আসক) পরিচালক নূর খান বলেন, এক বিচারপ্রার্থীর শ্লীলতাহানি ও তাঁর মা-বাবাকে লাঠিপেটা করে থানায় আনার খবর পেয়ে তিনি ও সুলতানা কামাল থানায় যান। সেখানে আটক দুই আইনজীবীর সঙ্গে কথা বলেন।এদিকে পুলিশের এসি রাজিব আল মাসুদ দুই আইজীবীকে ব্যাপক মারধর করলেও এ ঘটনার তদন্তে গঠিত কমিটিতে তাঁকে রাখা হয়েছে। এ খবর শুনে রাশেদুল বলেন, ‘যে পুলিশ আমাকে পেটাল, তাকে দিয়েই যদি তদন্ত কমিটি হয়, সেই তদন্তে কখনোই সত্য বেরিয়ে আসবে না।’ জানতে চাইলে রাজিব আল মাসুদ বলেন, ‘তদন্তকাজ শুরু করেছি। আজ রাত হয়ে গেছে। কাল পুরোদমে কাজ করব।’ রাশেদুলকে নির্যাতনের কারণ জানতে চাইলে এসি রাজিব দাবি করেন, ‘গাড়িতে তোলার সময় সামান্য মারধর হতে পারে। কিন্তু থানায় আনার পর মারার প্রশ্নই ওঠে না। আর আপনাকে কে বলেছে এসব কথা? আর ওই ছেলে রাশেদুল পুলিশ ক্লাবের সামনে আমার সঙ্গে জঘন্য ব্যবহার করেছে। আমাকে তুই-তোকারি করেছে। আর সে তো আইনজীবী নয় বরং সে আইনের এক পার্টে ফেল করছে।’