‘ত্রাণ বিতরণকে পুঁজি করে সুবিধা লুটছে পাকিস্তানি জঙ্গিরা’
পাকিস্তানের বিভিন্ন জঙ্গিগোষ্ঠী ও তাদের সঙ্গে সংশ্লিষ্ট সেবাধর্মী সংস্থাগুলো বন্যাদুর্গতদের মন জয় করতে নানা ধরনের ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে বলে যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা অভিযোগ করেছেন। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেছেন, এ ব্যাপারে তাদের কাছে সুস্পষ্ট তথ্য প্রমাণ রয়েছে। তালেবান জঙ্গিরা পাকিস্তানে অবস্থানরত বিদেশি সাহায্য কর্মীদের ওপর হামলা করতে পারে, এ-সংক্রান্ত হুঁশিয়ারি উচ্চারণের পর ওয়াশিংটন নতুন করে এ তথ্য প্রকাশ করল। সমালোচকেরা বলছেন, ওই মার্কিন হুঁশিয়ারির পর পাকিস্তানের ত্রাণ কার্যক্রমে স্থবিরতা লক্ষ করা গেছে। যুক্তরাষ্ট্র ও অন্য আন্তর্জাতিক সংস্থাগুলো পাকিস্তানে ত্রাণ কার্যক্রম পরিচালনা করলেও এ ক্ষেত্রে দেশটির সরকার জনগণের পাশে দাঁড়াতে ব্যর্থ হয়েছে। এই ভয়াবহতম বন্যা মোকাবিলার যথেষ্ট সামর্থ্য ইসলামাবাদের নেই। সরকারের এ ব্যর্থতায় বন্যাদুর্গতদের মধ্যে বাড়ছে ক্ষোভ। আর এটাকেই মোক্ষম সুযোগ হিসেবে লুফে নিয়েছে পাকিস্তানের জঙ্গিগোষ্ঠী ও তাদের সঙ্গে সংশ্লিষ্ট সেবাধর্মী সংস্থা বা এনজিওগুলো।ওই মার্কিন কর্মকর্তা জঙ্গিদের ত্রাণ কার্যক্রম সম্পর্কে বলেন, ‘তাঁরা দুর্গতদের সাহায্য দিচ্ছে, অর্থ দিচ্ছে এবং খাদ্য দিচ্ছে। আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য রয়েছে যে জঙ্গি ও তাদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বন্যাকে একটা সুযোগ হিসেবে ব্যবহারে সচেষ্ট। তারা ত্রাণ কার্যক্রম চালিয়ে বন্যাদুর্গত বিপুলসংখ্যক পাকিস্তানির সমর্থন অর্জনের চেষ্টা করছে। এ সমস্যার সমাধান করাটা পাকিস্তানের জন্য বেশ দুরূহ বলেও তিনি স্বীকার করেন।যুক্তরাষ্ট্রের উত্থাপিত এ অভিযোগের ব্যাপারে পাকিস্তান সরকারও সচেতন। এ কারণেই গত সপ্তাহে তারা জঙ্গিদের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে এমন সেবাধর্মী সংস্থাগুলোর ত্রাণ কার্যক্রম বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে। কিন্তু এ ঘোষণা বাস্তবায়ন করাটা যে মোটেও সহজ নয়, তা বোঝা যায় পাকিস্তানে ত্রাণ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট একজন শীর্ষ মার্কিন কর্মকর্তার বক্তব্যে। গত বুধবার একজন শীর্ষ মার্কিন সাহায্য কর্মকর্তা পাকিস্তানের একটি বন্যাদুর্গত শিবিরে গিয়েছিলেন। ওই শিবিরটি পরিচালনা করছে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী তালিকায় থাকা একটি জঙ্গি সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট ফালহ-ই ইনসানিয়াত নামের একটি সংস্থা। জাতিসংঘের কালো তালিকায় থাকা লস্কর-ই তাইয়েবা ও জামাত-উদ-দাওয়ার সঙ্গে এই এনজিওটির সংশ্লিষ্টতা রয়েছে বলে সন্দেহ করা হয়। লস্কর-ই তাইয়েবার বিরুদ্ধে ২০০৮ সালে ভারতের মুম্বাইয়ে বোমা হামলারও অভিযোগ রয়েছে। ওই হামলায় ১৬৬ জন নিহত হন। বিশ্লেষকেরা বলছেন, বন্যা পরিস্থিতি নিয়ে ইসলামাবাদের বিরুদ্ধে যেকোনো ধরনের সমালোচনা পাকিস্তান ও আফগানিস্তানে পরিচালিত সন্ত্রাসবিরোধী অভিযানে প্রভাব ফেলতে পারে। অনেকেই আশঙ্কা প্রকাশ করে বলেছে, বন্যা পরিস্থিতি পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির রাজনৈতিক ভবিষ্যেকও প্রভাবিত করতে পারে। পাকিস্তান যখন বন্যায় ডুবছে, আসিফ আলী জারদারি সে সময় ইউরোপ সফরে গিয়ে তীব্র সমালোচনার শিকার হন।পাকিস্তানের সাবেক মার্কিন রাষ্ট্রদূত ও বর্তমানে মধ্যপ্রাচ্য ইনস্টিটিউটের সঙ্গে সংশ্লিষ্ট উইন্ডি চেম্বারলিনও ওয়াশিংটনকে পাকিস্তানের বন্যা পরিস্থিতি নিয়ে কোনো রাজনীতি না করতে সতর্ক করে দিয়েছেন। তিনি বলেছেন, ‘পাকিস্তানের রাজনীতি তার আপন পথেই চলবে। আমাদের এ ব্যাপারে হস্তক্ষেপ করা উচিত নয়।’—রয়টার্স