‘দর্শকদেরও ভূমিকা রাখা উচিত’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছর ফেডারেশন কাপের সেমিফাইনালে ইনজুরিতে পড়েছিলেন। এই মৌসুমে মাঠে ফিরে কাল বাংলাদেশ লিগে চতুর্থ ম্যাচ খেলেছেন মোহাম্মদ রবিন। লিগে দ্বিতীয় গোল করেও জেতাতে না পারার দুঃখ নিয়ে কথা বললেন আবাহনীর স্ট্রাইকার আপনার গোলে এগিয়ে থেকেও দল জিততে পারল না। নিশ্চয়ই খারাপ লাগছে?মোহাম্মদ রবিন: তা তো অবশ্যই। একটা ভুলের কারণে গোল খেয়ে গেলাম। এই ম্যাচ ড্রয়ের পরও কি মনে হয় চ্যাম্পিয়ন হতে পারবে আবাহনী?রবিন: ইনশাআল্লাহ। এখনো আশা ছাড়ছি না। ড্র করে একটু পিছিয়ে পড়েছি। তবে এখনো আমাদের সুযোগ আছে। সামনে পাঁচটা ম্যাচ বাকি। দেখা যাক, কী হয়। ইনজুরি তো আপনার অনেকটা সময় কেড়ে নিয়েছে?রবিন: হ্যাঁ। প্রায় এক বছর পর মাঠে ফিরেছি। লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার পর মুম্বাইয়ে গিয়ে অস্ত্রোপচার করে এসেছি। এখন আল্লাহর রহমতে ভালো। আগের মতোই ফিট মনে হচ্ছে নিজেকে। আগের ম্যাচগুলোয় মিডফিল্ডে খেলেছিলাম। তবে আজই কোচ প্রথম আমাকে আমার পজিশনে খেলিয়েছেন। বাংলাদেশের খেলোয়াড়েরা মনে হয় একটু বেশিই ইনজুরিতে পড়ে...রবিন: সত্যি বলতে কি, আমাদের যে পরিমাণ ট্রেনিং করার দরকার সেই পরিমাণ ট্রেনিং হয় না। এটাই ইনজুরিতে পড়ার বড় কারণ হতে পারে। ইনজুরির সময় ফেডারেশন বা ক্লাব থেকে কেমন সাহায্য পেয়েছিলেন?রবিন: ফেডারেশন থেকে তেমন সাহায্য পাইনি, তবে আবাহনী ক্লাব আমাকে অনেক সাহায্য করেছে। রুপুদা (ম্যানেজার সত্যজিৎ দাস), নাবিল ভাই (কাজী নাবিল আহমেদ) সবাই আমাকে সাহায্য করেছেন। ওনাদের অবদান অস্বীকার করতে পারব না। ম্যাচের পর আবাহনীর সমর্থকেরা তো খুব উত্তেজিত প্রতিক্রিয়া দেখাল। ড্রেসিংরুমের সামনেও ক্ষুব্ধ অনেককে দেখা গেল...রবিন: দেখুন, সবাই জানে আবাহনী-মোহামেডান বাংলাদেশের সেরা দল, বড় দল। প্রিয় দল যদি হেরে যায় বা ড্র করে, তাহলে সমর্থকেরা তো ক্ষুব্ধ হবেই। ওরা কষ্ট পেলে আমাদেরও কষ্ট লাগে। আজকের (কাল) ম্যাচটা জিতলে আমাদেরও অনেক ভালো লাগত। অলিখিত ফাইনাল বলা হচ্ছিল এই ম্যাচটিকে। তার পরও এমন গ্যালারির সামনে খেলাটা নিশ্চয়ই হতাশার...রবিন: ফাঁকা গ্যালারি দেখলে আমাদেরও খারাপ লাগে। মাঠে কিন্তু আমরা ভালোই খেলি। আসলে ফেডারেশনের উচিত প্রচারটা আরও বেশি করা। অনেকে হয়তো রাত জেগে ইউরোপিয়ান খেলা দেখে এই ম্যাচ দেখতে আগ্রহ পায় না। তবে এমনটা ভাবা ঠিক না। ফুটবলের আগের অবস্থানে ফিরিয়ে আনতে দর্শকদেরও ভূমিকা থাকা উচিত। এবারের লিগে বিদেশি স্ট্রাইকাররাই গোলদাতার তালিকায় ওপরের দিকে আছে। কারণটা কী?রবিন: আসল কারণ বিদেশি স্ট্রাইকারদের কারণে দেশের স্ট্রাইকাররা নিয়মিত সুযোগ পাচ্ছে না। অথচ এখন আর আগের মতো সে রকম ভালো মানের স্ট্রাইকার আসে না যে ওদের দেখে আমরা খেলা শিখব। আমরা ওদের কারণে বঞ্চিত হচ্ছি। আমি বলব, আমাদের স্ট্রাইকাররা ওদের চেয়ে অনেক ভালো। দেশের ফুটবলের উন্নতি করতে হলে বিদেশি খেলোয়াড়ের কোটা কমিয়ে দেওয়া উচিত।