‘দল চ্যাম্পিয়ন হলেই খুশি হতাম’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাইক্লিং করতে এসে অনেক ঝড়-ঝাপটা সইতে হয়েছে তাঁকে। কিন্তু হার মানেননি, খেলাটা চালিয়ে যাচ্ছেন। ৩৪তম জাতীয় সাইক্লিংয়ে সর্বোচ্চ ৪টি সোনা জিতেছেন। এ পর্যন্ত সব জাতীয় প্রতিযোগিতা মিলিয়ে ৬০টি সোনাজয়ী ফারহানা সুলতানা (শীলা) কাল শোনালেন তাঁর নিজের কথা ব্যক্তিগত সর্বোচ্চ সোনা জিতলেন। কেমন লাগছে?ফারহানা সুলতানা (শীলা): আনন্দ করতে পারছি না। আমার দল বিজেএমসি চ্যাম্পিয়ন হলেই খুশি হতাম। আপনি তো একসময় পুলিশে চাকরি করতেন। সরকারি চাকরি ছেড়ে সাইক্লিংয়ে এলেন যে...ফারহানা: পুলিশের চাকরিতে অনেক নিয়মকানুন। সময় দিতে হতো বেশি। কিন্তু সেটা দিতে গেলে ঠিকমতো অনুশীলন করতে পারতাম না। সাইক্লিংয়ে এলেন কীভাবে?ফারহানা: রাজারবাগ পুলিশ লাইন মাঠে একদিন সাইকেল চালাচ্ছিলাম। সেখানে ডিএফপির এক ক্যামেরাম্যান আমাকে দেখে ওনার সঙ্গে যোগাযোগ করতে বলেন। এরপর উনিই আমাকে সাইক্লিংয়ে আনেন। তবে আমার সাফল্যের মূলে বিজেএমসির কোচ আবদুল কুদ্দুস স্যার। পরিবার থেকে কেমন সমর্থন পান...ফারহানা: সমর্থন দূরে থাক, আমাকে ত্যাজ্য করেছে আমার বাবা-মা। বলেন কী!ফারহানা: হ্যাঁ। ছোটবেলা থেকেই খেলাধুলায় খুব আগ্রহী ছিলাম। কিন্তু আমাদের পরিবারটা হাজি পরিবার, রক্ষণশীল। যে জন্য আমি খেলতে গেলে আমাকে শিকল দিয়ে বেঁধে রাখা হতো। মারধর করা হতো। এরপর যখন নিয়মিত সাইক্লিং করতে শুরু করলাম, আমাকে ত্যাজ্য করে দিল। বিয়ের পর স্বামীও আমাকে ছেড়ে গেছে। আপনার সাইকেল তো বেশ পুরোনো মনে হচ্ছে...ফারহানা: পুরোনোই। কিন্তু কী করব। এটা দিয়েই অনুশীলন করে যাচ্ছি। আমরা একবার শ্রীলঙ্কায় গিয়েছিলাম খেলতে, সেখানে আমাদের সাইকেল দেখে এক বিদেশি কোচ বলছিল, ‘ইট ইজ সো ওল্ড।’ এগুলো তো আমাদের দেশের স্টোরেই পড়ে থাকে। শুনে খুব কান্না পেয়েছিল।  বিজেএমসিতে কেমন সাহায্য করে?ফারহানা: বিজেএমসি আমাকে চাকরি দিয়েছে। বিজেএমসির সহযোগিতায় ডেমরায় একটি দোকান করেছি। আপনার প্রথম দিনের স্মৃতিটা মনে আছে?ফারহানা: সে এক মজার ঘটনা। ১৯৯৬ সালে, মহাখালী টিঅ্যান্ডটি মাঠে টাইম ট্রায়ালে অংশ নিলাম। দেখি, আমার পাশেই সাইক্লিস্ট সেলিনা পারভীন। উনি তখন ফর্মের তুঙ্গে। তাঁকে দেখে ভয় পেয়ে স্টার্টিং করতে গিয়ে পড়ে যাই (হাসি)। বঙ্গবন্ধু স্টেডিয়ামের অ্যাথলেটিকস ট্র্যাকে সাইক্লিং করতে কেমন লাগল।ফারহানা: আসলে রাস্তার খেলা রাস্তাতেই হওয়া উচিত। বিদেশে ভেলোড্রামে খেলা হয়। আমাদের তো তা নেই। ঢাকার বাইরে দেখেছি, যখন রাস্তার পাশে দর্শক দাঁড়িয়ে উৎসাহ দেয় খুব ভালো লাগে। এখানে এসবের কিছুই নেই। শুধুই কি সাইক্লিংয়েই আছেন? ফারহানা: না। কাবাডিও খেলি।  ভেলোড্রামে সাইকেল চালাতে ইচ্ছে করে না?ফারহানা: ইচ্ছা তো করেই। কিন্তু কী করব। প্রথম যখন ভারতে ভেলোড্রামে সাইকেল চালাতে যাই, তখন ভয় পেয়েছিলাম। পরে পাশের প্রতিযোগীকে দেখে উৎসাহ পাই। আত্মবিশ্বাস পাই।  আপনি তো অনেক দিন খেলছেন। সাইক্লিংয়ের অবস্থানটা কোথায়...ফারহানা: আমাদের বেশ কয়েকজন ভালো মানের সাইক্লিস্ট আছে। কিন্তু এদের সঠিক গাইডলাইন দিতে হবে। সত্যি বলতে, আমাদের তো হাতিয়ারই নেই, যুদ্ধ করব কী করে? লাঠি দিয়ে তো যুদ্ধ করা যায় না। আমাদের এখন দরকার উন্নতমানের আধুনিক সাইকেল, নিয়মিত প্রশিক্ষণ ও টুর্নামেন্ট। খেলোয়াড়দের সুযোগ-সুবিধার দিকটাও দেখতে হবে ফেডারেশনকে।