‘দলের কাউকে ধরতে হলে পুলিশকে পোশাক পরে আসতে হবে’
বিএনপির কোনো নেতা-কর্মীকে আটক করতে হলে পুলিশের পোশাক পরে আসতে হবে। সঙ্গে থাকতে হবে গ্রেপ্তারি পরোয়ানা। সাদা পোশাকে আটক করতে এলে কোনো নেতা-কর্মী ধরা দেবে না। দলের নেতা-কর্মীদের এ রকমই নির্দেশনা দেওয়া হয়েছে।যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেরুল হক আজ শনিবার প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন।যশোর জেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক ও ঝিকরগাছা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম হত্যার প্রতিবাদে সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে বিকালে শহরের দড়াটানা ভৈরব চত্বরে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।সাবেরুল হক যশোরের পুলিশ সুপারের উদ্দেশে বলেন, সাদা পোশাকে পুলিশ নেতা-কর্মীকে ধরতে গিয়ে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায়-দায়িত্ব পুলিশকেই নিতে হবে। কারণ পুলিশ পরিচয় দিয়ে সাদা পোশাকে বিএনপির নেতা-কর্মীদের আটক করা হচ্ছে। পরে ডোবা বা পুকুরে লাশ পাওয়া যাচ্ছে।যশোর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামসুল হুদার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন দলের নির্বাহী কমিটির সদস্য নার্গিস বেগম, শহর বিএনপির সভাপতি ও যশোর পৌরসভার মেয়র মারুফুল ইসলাম প্রমুখ।সকালে ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহের কারণে মানুষ ঘর ছেড়ে বের হতে পারেনি। তাই হরতাল পালনের জন্য নেতা-কর্মীদের ততটা পিকেটিং করতে হয়নি। তার পরও দড়াটানা মোড়, উকিলবার, পালবাড়িসহ বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে দলের কর্মীদের পিকেটিং করতে দেখা গেছে। বিকেলে প্রতিবাদ সমাবেশের আগে নেতা-কর্মীরা শহরে বিক্ষোভ মিছিল বের করেন।ঢাকা থেকে ছেড়ে আসা দূরপাল্লার যাত্রী ও পণ্যবাহী যানবাহন ভোরে যশোরের ওপর দিয়ে বেনাপোল, খুলনা, সাতক্ষীরাসহ বিভিন্ন অঞ্চলে ছেড়ে গেছে। সকালে যশোর থেকে আন্তজেলার যাত্রীবাহী পরিবহন না ছাড়লেও দুপুরের পর থেকে কিছু কিছু সড়কে পরিবহন ছেড়ে গেছে।এদিকে শহরের অধিকাংশ দোকান-পাট বন্ধ ছিল। শহরের মধ্যে যানবাহন চলাচল করতে দেওয়া হয়নি। এমনকি রিকশা, ইজিবাইক ও মোটরসাইকেল পর্যন্ত আটকে দেওয়া হয়েছে। এতে সাধারণ মানুষের চরম ভোগান্তির শিকার হতে হয়েছে।তবে জেলার সদর উপজেলা ছাড়া অন্য সাতটি উপজেলায় হরতালের তেমন প্রভাব পড়েনি বলে জানা গেছে।এখনো মামলা হয়নিবিএনপির নেতা নাজমুল ইসলাম হত্যাকাণ্ডের দুই দিন অতিবাহিত হলেও এখনো কোনো মামলা হয়নি। কাউকে আটকও করা হয়নি।এ ব্যাপারে নিহত নাজমুল ইসলামের চাচাতো ভাই আরমান হোসেন আজ সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, নিহত নাজমুলের আত্মার শান্তি কামনার জন্য দোয়াসহ বিভিন্ন পারিবারিক কাজের কারণে মামলা করা সম্ভব হয়নি। কাল রোববার মোহাম্মদপুর থানায় মামলা করা হতে পারে বলে তিনি জানান।