টেস্ট সিরিজ চলার মধ্যেই ঘরোয়া ক্রিকেটে জমজমাট দলবদল শেষ হলো কাল। শেষ দিনের অন্যতম আকর্ষণ ছিলেন মুশফিকুর রহিম। বিমান থেকে নাম লেখালেন নবাগত শেখ জামাল ধানমন্ডি ক্লাবে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে দলবদল-প্রক্রিয়া শেষে নানা বিষয়ে কথা বললেন জাতীয় দলের অধিনায়ক নতুন একটা দলে এলেন। কেমন লাগছে?মুশফিকুর রহিম: খুবই ভালো। সবাই মিলে এখানে এসেছি, পরিবেশটা দেখে বেশি ভালো লাগছে। মাঠে ভালো পারফর্ম করার ব্যাপারটা নিশ্চয়ই ভুলে যাচ্ছেন না?মুশফিক: তা তো অবশ্যই না। আমাদের লক্ষ্য, অবশ্যই ভালো খেলা। অনেক পেমেন্টের খেলোয়াড় নেওয়া হয়েছে। যেভাবে টিম করেছেন কর্মকর্তারা, আমাদের ভালো খেলতেই হবে। কোনো নির্দিষ্ট লক্ষ্য আছে?মুশফিক: আমরা প্রথমে চাইব, সফলভাবে সুপার লিগে উঠতে। সবচেয়ে বড় লক্ষ্য, অবশ্যই টপ টু বা টপ ওয়ানে যাওয়া। মাঠে পারফর্ম করতে পারলে সফল হব আশা করি। শেখ জামাল দলটা কেমন হয়েছে?মুশফিক: ব্যালান্সড। তারুণ্য আর অভিজ্ঞতার মিশেল। এই টিমে একাডেমির খেলোয়াড় আছে। ভালো বিদেশি আনার চেষ্টা হচ্ছে। এ জন্য যোগাযোগ চলছে ভারত, পাকিস্তান, ইংল্যান্ডে। এখনই চূড়ান্ত কিছু বলতে পারব না। তবে আমার মনে হয় আমরা যেকোনো দলকে হারাতে পারি। এবারের লিগ কেমন হবে মনে করছেন?মুশফিক: আমার ধারণা, লিগটা খুব জমবে। এ বছর ৮-৯টা দলই শক্তিশালী হয়েছে। কেউ বলতে পারবে না অমুক দল খুব ভালো বা অমুক খারাপ। এটা খুব ভালো দিক। আপনার নিজের জন্যও তো বোধহয় এটা একটা চ্যালেঞ্জ...মুশফিক: গত দুই বছর আমি বিমানে খেলেছি। এবার এলাম নতুন দলে। এই দল প্রথম বিভাগে চ্যাম্পিয়ন হয়ে প্রিমিয়ারে উঠেছে। এটা নতুন চ্যালেঞ্জ। আমি চ্যালেঞ্জটা জেনেবুঝেই নিয়েছি। আশা করি, সফল হব। শেখ জামাল ফুটবলে চ্যাম্পিয়ন। এখন ক্রিকেটেও চ্যাম্পিয়ন হতে চায়। আপনি এই দলের অধিনায়ক। কোনো চাপ অনুভব করছেন?মুশফিক: আবারও বলি, এটা আমার জন্য চ্যালেঞ্জ অবশ্যই। আমি আমার সেরাটা দিতে চাইব। তারপর চ্যাম্পিয়ন বা রানার্সআপ হতে পারলে সেটা দারুণ হবে। এটা অবশ্য ভাগ্যেরও ব্যাপার। যেটা আমার হাতে আছে, মাঠে এক শ ভাগ দেওয়া, সেই চেষ্টাই থাকবে। দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করব। রানের মধ্যে থেকে দলের প্রত্যাশা পূরণ করতে চাই। জাতীয় দল ব্যাটিংয়ে খারাপ করছে। সবাই বলছে বড় দৈর্ঘ্যের ম্যাচের বিকল্প নেই। টেস্ট সিরিজ শেষে সেই তো আপনারা আবার স্বল্প দৈর্ঘ্যের ম্যাচেই ঢুকছেন...মুশফিক: এটা তো নির্ধারিত একটা আয়োজন। লংগার ভার্সনও আছে। আমরা এখন টেস্ট সিরিজ খেলছি, সামনে প্রিমিয়ার লিগ। সবকিছুর সঙ্গেই আমাদের মানিয়ে নিতে হবে। অধিনায়ক মুশফিক প্রিমিয়ার লিগ থেকে কী পেতে চায়?মুশফিক: আমি তো গত মৌসুম বিমানে কয়েকটা ম্যাচে অধিনায়কত্ব করেছি। এর আগে বিকেএসপিতে থাকতেও করেছি। কাজেই ঘরোয়া ক্রিকেটে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা আমার আছে। আর জাতীয় দলের অধিনায়কত্ব তো করছিই। সেই অভিজ্ঞতা এখানে কাজে লাগিয়ে চাইব আরও ভালো কিছু করতে।