নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করার কৃতিত্বের অংশীদার তিনিও। তবে দলীয় সাফল্যেও আলোচিত হচ্ছে তাঁর ব্যক্তিগত ব্যর্থতা। ওয়ানডের সঙ্গে বেমানান ধীরগতির ব্যাটিংয়ের কারণেও দাঁড়াতে হচ্ছে কাঠগড়ায়। এসব সমালোচনা সঙ্গে নিয়ে জাতীয় লিগ শুরুর আগে কথা বললেন রকিবুল হাসান একটু কি চাপে আছেন?রকিবুল হাসান: সব ক্রিকেটারই সব সময় পারফর্ম করার চাপে থাকে। সেই চাপে আছি। এর বাইরে আলাদা কোনো চাপ নেই। নিউজিল্যান্ড সিরিজে খুব বেশি রান পেলেন না। দলে জায়গা ধরে রাখার একটা চাপ আছে না?রকিবুল: এই ধরনের চাপ মাথায় নিয়ে আসলে খেলতে চাই না। আমি যদি নিউজিল্যান্ড সিরিজে ভালো রানও করতাম, তা-ও জাতীয় লিগে ভালো করার তাগিদ থাকত। এখনো আছে। রান করিনি বলেই ভালো করতে হবে, ব্যাপারটা এমন নয়। নিউজিল্যান্ডের বিপক্ষে দলের প্রায় সবাই ভালো করল আর আপনি পারলেন না। একটু খারাপ লাগছে না?রকিবুল: তা তো লাগবেই। রান করতে না পারলে সব সময়ই খারাপ লাগে। সিরিজে সবাই অবদান রাখল, আমি পারলাম না, খারাপ লাগবে না? কিন্তু এই খারাপ লাগাটাকে আমি চাপ বানাতে চাইছি না। আমি এটাকে ভালো করার প্রেরণা হিসেবে নিচ্ছি। আপনি বেশি রক্ষণাত্মক খেলেন বলে সমালোচনা হয়...রকিবুল: এই সমালোচনা আমি মাথায় ঢুকাই না। আমি দলের যেমন প্রয়োজন, সেভাবে আমার সামর্থ্য অনুযায়ী খেলি। কী সমালোচনা হচ্ছে, সেটা ভেবে আমি আমার খেলা থেকে তো সরে আসতে পারি না। কিন্তু ঘরোয়া ক্রিকেটে আপনার আক্রমণাত্মক খেলারও তো নজির আছে।রকিবুল: আন্তর্জাতিক ক্রিকেটেও কি নেই? ইংল্যান্ডের বিপক্ষে নটিংহামে যে ৭৬ রানের ইনিংসটা খেললাম, ওখানে আমার স্ট্রাইক রেট ৮০-এর ওপরে ছিল। আসলে আমার মাথায় শুধু টিম প্লানটাই থাকে। রক্ষণাত্মক বা আক্রমণাত্মক যা-ই খেলি, সেটি দলের প্রয়োজনে। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৫৩ বলে ১৮ রানের যে ইনিংসটা খেললেন...রকিবুল: দলই কিন্তু চাচ্ছিল, যত বেশি সম্ভব উইকেটের ব্যবধানে জয় নিশ্চিত করতে। আমি ওই সময় তাড়াহুড়ো করতে গেলে হয়তো জয়ের ব্যবধানটা আরও কমত। আর আমি নিজেও উইকেটে একটু বেশি সময় কাটাতে চাচ্ছিলাম। এর আগে কয়েকটা ইনিংসে ভালো করিনি। তাই আত্মবিশ্বাসটা ফেরাতে চাচ্ছিলাম। জাতীয় লিগে তাহলে লক্ষ্যটা কী?রকিবুল: আমি কখনোই কোনো লক্ষ্য নির্ধারণ করি না। শুধু এটুকু জানি, ভালো করতে হবে। প্রতি ম্যাচে রান করতে হবে। রান করার বিকল্প নেই। মাঝে দল থেকে অবসর নিয়ে ফেলেছিলেন...রকিবুল: ওই প্রসঙ্গটা ভুলে যেতে চাই। আমি ওই স্মৃতি মাথা থেকে ঝেড়ে ফেলেছি। এখন তাহলে সে রকম হতাশাবোধ নেই?রকিবুল: একদমই না। ক্রিকেট দারুণ উপভোগ করছি। দেশের জন্য ক্রিকেট খেলে যেতে চাই। পেছন ফিরে আর তাকানোর সুযোগ নেই। এখন শুধু সামনে এগিয়ে যেতে হবে। অবসরের সিদ্ধান্তটা তাহলে ভুল ছিল?রকিবুল: ওই যে বললাম, ভুল-ঠিক নিয়েও আর ভাবি না। অতীত ওই অধ্যায়টা ভুলে যেতে দেন।