অপেক্ষার প্রহর গুনছেন। আইপিএলে পুনে ওয়ারিয়র্স দুই ম্যাচ খেলে ফেললেও এখনো খেলা হয়নি তামিম ইকবালের। এ নিয়ে হতাশা থাকলেও অভিযোগ নেই বাংলাদেশ ওপেনারের। বরং কাল পুনের হোটেল রুম থেকে টেলিফোনে বললেন, এই অপেক্ষায় সঙ্গী হচ্ছে ভালো করার আত্মবিশ্বাস কেমন আছেন?তামিম ইকবাল: আছি ঠিকঠাক। খেলতে পারছি না, সে কারণে একটু খারাপ লাগছে। খেলতে না পারলে আসলে কারোরই ভালো লাগে না। আর আমি তো দলের সঙ্গেও যাচ্ছি না। তবে প্র্যাকটিসে চেষ্টা করছি ভালো করার, যাতে সুযোগ পাই। এখন বাকিটা দলের হাতে। আপনাকে না খেলানোর কারণ কী মনে হয়?তামিম: কারণ আর কি? নিশ্চয়ই টিম কম্বিনেশনে আসছি না। এ ছাড়া তো আর কোনো কারণ দেখি না আমি। তবে খেলতে না পারায় হতাশা থাকলেও আমার কোনো অভিযোগ নেই। আমি দলের অংশ। দলের জন্য যেটা ভালো, আমিও সেটাই চাই। দল প্রয়োজন মনে করলে অবশ্যই আমাকে নেবে। আর সুযোগ পেলে ভালো খেলব, এই আত্মবিশ্বাস আছে। মাত্র তো দুটি ম্যাচই গেল। সময় কাটে কীভাবে?তামিম: প্র্যাকটিস থাকে। দলে আমরা মোট ৩০ জন। দলের সঙ্গে থাকে ১৭ জন। বাকিরা পুনেতে হোটেলে থাকি। এখানে পুনে ওয়ারিয়র্সের নিজস্ব স্টেডিয়াম আছে, সেখানে প্র্যাকটিস করি। বাকি সময় হোটেলেই বসে থাকি বলতে পারেন। টুকটাক বের হওয়া হয় অন্যদের সঙ্গে, কথাবার্তা হয়। তবে কিছুই তো চিনি না, সে জন্য বেশি ঘোরাঘুরি হচ্ছে না। আইপিএলের প্রতি আপনার আকর্ষণের অন্যতম কারণ ছিল অন্য দেশের ক্রিকেটারদের সঙ্গে মেশা। তাদের কথা শোনা। দলের সঙ্গে থাকতে না পারায় নিশ্চয়ই সেটাও হচ্ছে না...তামিম: একদমই যে হচ্ছে না, তা নয়। কাল (পরশু) রাতে দাদা আমাকে আর ম্যাথুসকে ডিনারে নিয়ে গেলেন। সৌরভ গাঙ্গুলী নিজে আমার রুমে এসে বললেন, ‘আজ একসঙ্গে ডিনার করব।’ খুবই ভালো লেগেছে এটা। খেতে খেতে উনি আমাদের সঙ্গে ওনার অনেক অভিজ্ঞতা শেয়ার করলেন। আমরাও ক্রিকেট, ক্রিকেটের বাইরে অনেক কথা বলেছি। প্রায় দেড় ঘণ্টা একসঙ্গে ছিলাম। মাঠের বাইরে থেকে আইপিএলটা এখন পর্যন্ত কেমন মনে হচ্ছে?তামিম: মাত্র তো এক সপ্তাহ গেল। এখনো সেভাবে বুঝে উঠতে পারিনি। তবে সময়ের সঙ্গে সঙ্গে নিশ্চয়ই আর সবার মতো আমিও আইপিএল উপভোগ করব। খেলার অংশটুকু বাদ দিলে এখন পর্যন্ত খারাপ লাগার মতো কিছু হয়নি। দলের সবাই খুবই আন্তরিক। ভালো-মন্দ জিজ্ঞেস করে, খোঁজখবর রাখে। মানুষের মধ্যে কি আইপিএল নিয়ে অনেক উম্মাদনা?তামিম: বলে বোঝাতে পারব না, কী রকম আগ্রহ সবার আইপিএল নিয়ে। ছোট একটা রেস্টুরেন্টে যান, সেখানেও আইপিএল ছাড়া কথা নেই। সবাই এই নিয়েই আছে। আর এখানে সবকিছুই খুব গোছানো। কিছু চাওয়ার আগেই সেটা রেডি থাকে। এখন পর্যন্ত সবকিছু ভালোই বলব। বাকিটা খেললে বুঝতে পারব (হাসি)। সাকিবের সঙ্গে যোগাযোগ হয়? আজ (গতকাল) তো খেলছেন তিনি...তামিম: হ্যাঁ, প্রতিদিনই ফোনে কথা হয়। সাকিব প্রথম দুই ম্যাচে না খেলায় আমি খুব অবাক হয়েছি। শুধু আমি না, এখানে ভারতীয় ক্রিকেটার থেকে শুরু করে সবার একই প্রশ্ন—সাকিবকে কেন খেলাচ্ছে না? ওর মতো খেলোয়াড়ের বসে থাকাটা আসলেই বিস্ময়কর। তবে আশা করছি, একবার যখন খেলার সুযোগ পেয়েছে, সাকিব নিজেকে প্রমাণ করবে।