সৌদি আরবের ইংরেজি দৈনিক সৌদি গেজেট-এ ৭ মার্চ প্রকাশিত ‘বাংলাদেশ আইসিটিস: মনস্ট্রাস ইনজাস্টিস’ শিরোনামের এক নিবন্ধে বলা হয়, ‘যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত বিরোধী নেতাদের মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড দিচ্ছেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সম্প্রতি দেশের প্রতিথযশা পবিত্র কোরআন শরিফের ব্যাখ্যাকার দেলাওয়ার হোসাইন সাঈদীকে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে। জামায়াতে ইসলামীর অন্যতম জ্যেষ্ঠ নেতা সাঈদী ১৯৭৩ সালের আগ পর্যন্ত কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না।’নিবন্ধে অভিযোগ করা হয়, ‘মানবতাবিরোধী অপরাধের এই বিচার শুরু থেকেই বিতর্কিত। এই বিচারের বিরুদ্ধে যারা আন্দোলন করছে, ক্ষমতাসীন সরকার হত্যা ও নির্যাতনের মাধ্যমে তাদের কঠোর হাতে দমন করছে। র্যাব, পুলিশ ও সশস্ত্র ব্যক্তিদের ব্যবহার করে সরকার জামায়াত ও তাদের ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরের অনেক সদস্যকে হত্যা, নির্যাতন ও আটক করেছে।’জামায়াত-শিবিরের কর্মকাণ্ডকে দেশের সাধারণ মানুষের কাছে নেতিবাচক হিসেবে তুলে ধরতে সরকার রাষ্ট্র ও দলীয় গণমাধ্যমকে ব্যাপক হারে ব্যবহার করছে বলে অভিযোগ করা হয় ওই নিবন্ধে। এতে আরও অভিযোগ করা হয়, ‘নতুন প্রজন্মের নামে রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ স্থান শাহবাগে যুদ্ধাপরাধীদের বিচার চেয়ে আন্দোলনের আয়োজন করা হয়েছে। সেখানে আছে মূলত সরকারপন্থী এবং কিছু বামপন্থী। সেখানে আওয়ামী লীগের দলীয় ধাঁচে স্লোগান দিয়ে ফাঁসি দাবি করা হচ্ছে।’