হঠাৎই কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামের প্রেসবক্সে নিয়াজ মোরশেদ। ঘোষণা দিলেন দাবা ফেডারেশনের আসন্ন নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার তাঁর এই আগ্রহের কারণটাও জানালেন বিস্তারিত দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক হওয়ার ইচ্ছাটা কেন হলো আপনার?নিয়াজ মোরশেদ: ইচ্ছাটা বেশ কিছুদিন ধরেই মনের মধ্যে লালন করছি। বর্তমান অ্যাডহক কমিটিকে আমি সমর্থন দিয়েছিলাম। যখন দেখলাম এই কমিটির সাধারণ সম্পাদক মোকাদ্দেস সাহেবকে দিয়ে কাজ হচ্ছে না, তখন ভেবেছি নিজেই আসব। তাহলে কি বলা যায়, আগের বিতর্কিত কমিটিকে সমর্থন দিয়ে ভুল করেছেন?নিয়াজ: মানুষ তো ভালো কিছু ভেবেই কাজ করে। আমারও ভাবনা ছিল, ওরা পারবে। কিন্তু মোকাদ্দেস খুবই ধীর এবং অদক্ষ। বাইরের লোক দিয়ে আসলে দাবার উন্নয়ন হবে না। কিন্তু নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে পুরোনো বিভেদই তো দেখা যাচ্ছে। শোনা যাচ্ছে, দু-তিনটি পরিষদ হতে পারে।নিয়াজ: আমিও সে রকম শুনছি। নির্বাচনে দাঁঁড়ানোর অধিকার সবারই আছে। তবে আমি চেষ্টা করেছি সমঝোতা করে একটা কমিটি করতে। কিন্তু তারা তো রাজি হলো না। তারা বরং চায়, নিয়াজকে ঠেকাতে! কারা আপনাকে ঠেকাতে চায়?নিয়াজ: এটা সবাই জানে। শুরু থেকে বর্তমান অ্যাডহক কমিটির বিরুদ্ধে অবস্থান নিয়েছিল যারা, তারাই আমাকে ঠেকানোর চেষ্টা করছে। আমি ওদের সঙ্গে বসেছিলাম। কিন্তু ওরা আমাকে সাধারণ সম্পাদক পদে মানতে রাজি নয়। ওরা এর-ওর নাম বলে। অগত্যা না পেলে বাইরে থেকে কাউকে আনতে চায়। মোট কথা হলো, আমাকে ঠেকাতে হবে। আপনি দেশের প্রথম গ্র্যান্ডমাস্টার। অন্যদের কাছে আদর্শ। কিন্তু তারা আপনাকে ঠেকাতে চাইবে কেন?নিয়াজ: ওরা সিনিয়রকে সম্মান করতে শেখেনি। ফেডারেশনের এক সাবেক সাধারণ সম্পাদকের আশকারা পেয়ে ওরা এমন হয়েছে। ওই কর্মকর্তা এদের ফ্রি লাইসেন্স দিয়েছেন ফেডারেশনের ওপর কর্তৃত্ব করার। এসব আমি পছন্দ করিনি কখনো, তাই ওরা আমার বিপক্ষে। আপনার তো সবার কাছেই গ্রহণযোগ্য হওয়া উচিত। সব দাবাড়ুকে এক কাতারে আনতে পারছেন না কেন?নিয়াজ: জিয়া, রানী আপার মতো সিনিয়র এবং শাকিল, লিজা আছে আমার সঙ্গে। এখন ওরা না এলে আমি তো বসে থাকতে পারি না। আপনি কাদের নিয়ে কমিটি করছেন?নিয়াজ: নির্বাচনের তারিখ শিগগিরই হবে আশা করি। এখন আমি সবকিছু গোছাচ্ছি। আন্তর্জাতিক আরবিট্রেটর হারুনুর রশিদকে চাই। সে খুবই কাজের লোক। বর্তমান কোষাধ্যক্ষ রণদেব দাস, নারায়ণগঞ্জের জাহাঙ্গীর আলম ভাই আছেন। আমি একটা ভালো কমিটি করার চেষ্টা করছি। আপনার প্রতিপক্ষ হিসেবে সাধারণ সম্পাদক পদে কারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। জানেন কিছু?নিয়াজ: খন্দকার কায়েস, চট্টগ্রাম মোহামেডানের কর্মকর্তা শামীম ভাইয়ের কথা শুনছি। যে-ই দাঁড়াক, আমি জয়ের ব্যাপারে আশাবাদী। দাবা বাঁচাতেই নির্বাচন করব। আমার একটা ইমেজ আছে, যেটা দাবার উন্নয়নে কাজে লাগানো যাবে। নির্বাচন মানে তো ভোটের খেলা। আমাদের দেশে নির্বাচনে জেলা ও বিভাগীয় ক্রীড়া ফোরাম যা চায়, তাই তো হয়।নিয়াজ: কথাটা ঠিক। তবে ফোরামের সমর্থন আছে আমার ওপর। এক শর ওপরে ভোট। তার মধ্যে ফোরাম ৬৫। বাকি সব মিলিয়ে ৪৫। এটা হলো দাবাড়ুদের ভোট ব্যাংক। ওই ৪৫টির ষোলোআনা সমর্থন আমিই পাব ইনশাআল্লাহ। আপনি তো একবার চার মাস দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক ছিলেন। এবার নির্বাচিত হলে দাবার জন্য কী করবেন?নিয়াজ: স্পনসর আনব, টুর্নামেন্ট করব, বিদেশি লিয়াজোঁ রাখব। এটাই হবে আমার কাজ। বয়সভিত্তিক টুর্নামেন্ট আয়োজন এবং তৃণমূল উন্নয়ন হবে আমার প্রথম অগ্রাধিকার।