গত ২৬ মে ভারতের ভুবনেশ্বরে আন্তর্জাতিক গ্র্যান্ড মাস্টার্স দাবায় খেলতে গিয়েছিলেন এনামুল হোসেন (রাজীব)। সেখানে দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক মোকাদ্দেস হোসাইনকে খেলতে দেখে অবাক বাংলাদেশের এই গ্র্যান্ড মাস্টার দেশে ফিরলেন কবে?এনামুল হোসেন রাজীব: এই তো আজ (গতকাল) সকালে। আপনি তো এই ফেডারেশনের অধীনে খেলেন না। তাহলে কি ফেডারেশনের সঙ্গে আপনার সমঝোতা হয়ে গেল?এনামুল: না। আমি এই ফেডারেশনের ব্যানারে খেলিনি। তাহলে কীভাবে খেললেন?এনামুল: এটা একটা উন্মুক্ত টুর্নামেন্ট। আমাকে ব্যক্তিগতভাবে ওরা আমন্ত্রণ জানায়। আমি সেভাবেই খেলেছি। শুধু এই বছরে না, গত বছরও আমি সেখানে একইভাবে খেলে এসেছি। ওখানে যে কেউ গিয়ে অংশ নিতে পারে। আগামী সেপ্টেম্বরে মুম্বাইয়েও এমন একটা টুর্নামেন্ট হবে, সেখানেও যেতে পারি। কিন্তু ফেডারেশন তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের অন্য খেলোয়াড়দের সঙ্গেই আপনার ফলাফল পাঠাচ্ছে...এনামুল: সেটা নিতান্তই তাদের ব্যাপার। আমার এখানে বলার কিছু নেই। আগেই বলেছি, এটা একটা উন্মুক্ত টুর্নামেন্ট ছিল। ফিদে আয়োজিত টুর্নামেন্টে যেখানে দেশের প্রতিনিধিত্বের ব্যাপার আছে, সেখানে আমি খেলি না। তার মানে আপনি আগের অবস্থানে অনড়?এনামুল: হ্যাঁ। আমি আগের অবস্থানেই আছি এবং গত বছর কমনওয়েলথ দাবায় খেলিনি, অন্যান্য টুর্নামেন্টেও খেলিনি। তার পরও তো বলতে হচ্ছে, খেলার মধ্যেই আছেন..এনামুল: না, খেলার মধ্যে আছি সেটা ঠিক বলা যাবে না। প্রায় এক বছর পর একটা টুর্নামেন্টে খেললাম। বলতে পারেন, আমি শখ করে খেললাম। শুনেছি ভুবনেশ্বরে ফেডারেশনের সাধারণ সম্পাদকও খেলেছেন?এনামুল: ঠিকই শুনেছেন। মোকাদ্দেস হোসাইন ও তাঁর ছেলে আবদুল্লাহ আল সাইফ খেলেছে। আমি অবশ্য এটাই আশা করেছিলাম। উন্মুক্ত টুর্নামেন্টে তো যে কেউ খেলতে পারে, এতে দোষ কোথায়?এনামুল: সবার আগে তিনি বাংলাদেশের ফেডারেশনের সাধারণ সম্পাদক। উনি কেন খেলবেন? এতে আমাদের দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে মনে করি। ওখানকার আয়োজকদের কাছে আমাদের দেশ সম্পর্কে যে ধারণা, সেটাও খুব সম্মানজনক নয়। এর আগে উনি দিল্লিতেও খেলেছেন। সাধারণ সম্পাদকের সঙ্গে খেলার সময় বা অন্য সময় কি কথা হয়েছে?এনামুল: না। তাদের সঙ্গে পাশাপাশি খেলার সুযোগ ছিল না। আমাদের গ্র্যান্ড মাস্টারদের জন্য আলাদা বসার ব্যবস্থা ছিল। আমরা ছিলাম আলাদা আলাদা জায়গায়। মোকাদ্দেস হোসাইন হয়তো শেষ বোর্ডে খেলেছেন। আপনি একসময় বলেছিলেন, ইউরোপিয়ান সার্কিটে খেলবেন, সুপার গ্র্যান্ড মাস্টার হওয়া আপনার লক্ষ্য। এখন কি সেটা সম্ভব?এনামুল: আমার ক্যারিয়ার বলতে গেলে শেষ। যেকোনো খেলায় বিরতি পড়লে কোনো খেলোয়াড় পরে ভালো খেলতে পারে না। আমার যখন ভালো সময় ছিল, তখনই ইউরোপে খেলার পরিকল্পনা করছিলাম। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, ওই সময় থেকেই এই কমিটি দায়িত্ব নিয়েছে। তখন থেকেই আমার খেলা বন্ধ । ফেডারেশনের কার্যক্রমে তাহলে আপনি মোটেও সন্তুষ্ট নন...এনামুল: না। সত্যি বলতে কি, দাবা শূন্য থেকে মাইনাসের ঘরে চলে গেছে। জুনিয়র হচ্ছে না, সাব-জুনিয়র হচ্ছে না, জিএম, আইএম কোনো টুর্নামেন্ট হচ্ছে না। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা পিছিয়ে যাচ্ছি। এবার ভারতে বিদেশি খেলোয়াড়েরা আমাকে জিজ্ঞাসা করেছিল, জিএম টুর্নামেন্ট কবে হবে? কোনো উত্তর দিতে পারিনি।