‘দাম বাড়ে সারা বছর বাজেট তা উসকে দেয়’
‘বাজেট-ফাজেট অত কিছু বুঝি না। আমার এক বছর বয়সী বাচ্চার জন্য দুধের কৌটা কিনতাম সাড়ে ৫০০ টাকায়। এখন কত হবে, বুঝতে পারছি না।’ কপালে ভাঁজ ফেলে এভাবেই বাজেটের প্রতিক্রিয়া জানালেন ফৌজিয়া খাতুন। ছেলের দুধ কেনার জন্য মাসের কেনাকাটার হিসাব নতুন করে তৈরি করতে হবে। তবে সোবহানবাগের বাসিন্দা ফৌজিয়ার স্বামী শেখ তারিকুজ্জামান বলেন, ‘বাজেটে দাম কমালেও কী আর বাড়ালেও কী, আমাদের মধ্যবিত্তের উপকার নেই ভাই। জিনিসের দাম সারা বছরই বাড়ে। বাজেট এলে এটা উসকে দেয়।’ একটি বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তা তারিকুজ্জামানের মতে, চাল-ডালের দাম কমানোর কথা বলা হলেও দেশের অভ্যন্তরীণ বাজার নিয়ন্ত্রণে না আনলে কিছুই হবে না। পুঁজিবাজারের ক্ষুদ্র বিনিয়োগকারী মঞ্জুর মোর্শেদ অবশ্য কিছুটা ফুরফুরে মেজাজে আছেন। পুঁজিবাজারে শেয়ারের ফেসভ্যালুর প্রিমিয়ামের ওপর কর, বন্ড বিক্রিকালে উেস আয়কর কর্তন শূন্য করাসহ বিভিন্ন প্রস্তাবে তাঁর আস্থা ফিরে পাবার কারণ বলে জানালেন মোর্শেদ। তবুও মৃদু হেসে তিনি বলেন, ‘২০ লাখ টাকা নিয়ে ব্যবসায় নামি। এখন আছে তিন লাখ টাকা। কত দিনে এই ক্ষতি কাটাব জানি না। দেখা যাক সামনে কী হয়!’ সিগারেটের দাম বাড়ায় ধূমপান কমিয়ে দেবেন বলে জানালেন একটি বেসরকারি মুঠোফোন প্রতিষ্ঠানের কর্মকর্তা সাদাব তাবানী। তিনি বলেন, ‘ভালোই তো। আগে প্রতিদিন যেখানে আটটি সিগারেট কিনতাম। এখন পাঁচটি কিনব।’ তবে সাদাবের স্ত্রী ফারজানা আফরিন খুশি সিগারেটের দাম বাড়ানোয়। তিনি বলেন, ‘এভাবে কমলে একদিন দেখব আমার স্বামী ধূমপান ছেড়ে দিয়েছেন।’অন্যদিকে কারওয়ান বাজারের খুচরা সিগারেট বিক্রেতা শাহ আলম আশা করে বলেন, ‘দাম বাড়ছে। তবে ঠিকই কইম্যা যাবই। আর সিগারেটের দাম না কমলেও বেচন কমত না।’এদিকে, মোবাইলের সিম কার্ডে দাম না কমিয়ে ইন্টারনেটের ব্যান্ডউইথের দাম কমানোটা জরুরি ছিল বলে মন্তব্য করলেন ব্যবসায়ী আতিকুর রহমান। তিনি বলেন, ‘সরকার ডিজিটাল বাংলাদেশের কথা বলছে। কিন্তু এ জন্য কি ইন্টারনেট চার্জ কমানো উচিত ছিল না?’