হলমার্ক গ্রুপের ঋণ কেলেঙ্কারির দায় সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বলে দাবি করেছেন ব্যাংকটির পরিচালনা পর্ষদের সাবেক সদস্য কাশেম হুমায়ুন। গতকাল বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনে (দুদক) জিজ্ঞাসাবাদ শেষে তিনি সাংবাদিকদের কাছে এ দাবি করেন।কাশেম হুমায়ুন সাংবাদিকদের বলেন, এ বিষয়ে পরিচালনা পর্ষদের কিছুই করার ছিল না। কারণ, ঋণ থেকে শুরু করে কোনো কিছুই পরিচালনা পর্ষদের কাছে কখনোই উপস্থাপন করা হয়নি। ঋণ কেলেঙ্কারির সময় ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ভুলে দেড় বছর ব্যাংকে নিয়মিত অডিট বন্ধ ছিল। তিনি বলেন, কোনো একটি শাখায় একজনের ব্যবস্থাপক থাকার মেয়াদ সর্বোচ্চ তিন বছর। কিন্তু সোনালী ব্যাংকের রূপসী বাংলা হোটেল (সাবেক শেরাটন) শাখায় ব্যবস্থাপক তাঁর নির্ধারিত সময়ের বেশি কেন ছিলেন?এ ক্ষেত্রে কোনো রাজনৈতিক প্রভাব ছিল কি না—সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে কাশেম হুমায়ুন বলেন, ‘আমি জানি না।’গতকাল পাঁচজনের জিজ্ঞাসাবাদ হওয়ার কথা থাকলেও সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আসেন সাংবাদিক কাশেম হুমায়ুনসহ তিনজন। অপর দুজন হলেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব (সংযুক্ত) মো. সহিদ উল্লা মিয়া ও পরিচলনা পর্ষদের আরেক সাবেক সদস্য সাইমুম সরওয়ার। জিজ্ঞাসাবাদের জন্য ডাকা অপর দুজনের মধ্যে ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বাহারুল ইসলাম দুদকে প্রতিনিধি পাঠিয়ে জানিয়েছেন যে তিনি অসুস্থ। তিনি সময় চেয়েছেন। আর বর্তমান এমডি প্রদীপ কুমার দত্ত প্রতিনিধির মাধ্যমে লিখিত বক্তব্য পাঠিয়েছেন।দুদকের উপপরিচালক মীর জয়নুল আবেদীনের নেতৃত্বে ছয় সদস্যের তদন্ত দল সকাল ১০টা থেকে কাশেম হুমায়ুনসহ তিনজনকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদ শেষে সহিদ উল্লা মিয়া সাংবাদিকদের এড়িয়ে দুদক কার্যালয় ত্যাগ করেন।হলমার্ক গ্রুপ সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকে ঋণের নামে আড়াই হাজার কোটি টাকারও বেশি হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। এই কেলেঙ্কারির ঘটনায় হলমার্কের এমডি তানভীর মাহমুদসহ কয়েকজন কর্মকর্তা, সোনালী ব্যাংকের বেশ কয়েকজন কর্মকর্তা এবং ব্যাংকটির পরিচালনা পর্ষদের সাবেক সদস্যদের জিজ্ঞাসাবাদ করেছে দুদক। গত বুধবার জিজ্ঞাসাবাদ করা হয় পর্ষদের সাবেক সদস্য সুভাষ সিংহ রায়, সত্যেন্দ্র চন্দ্র ভক্ত, জান্নাত আরা হেনরী, পোশাকশিল্প সমিতির সাবেক সহসভাপতি কে এম জামান, সিমেক্স ইন্টারন্যাশনাল লিমিটেডের এমডি মো. আনোয়ার শহীদ এবং দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউনট্যান্ট অব বাংলাদেশের সাবেক সভাপতি এ এস এম নাঈমকে।