আয়ারল্যান্ডে কী ম্যাচ খেলে এল বাংলাদেশ মহিলা ক্রিকেট দল? দেশে আসার পরও এটা নিয়ে স্পষ্ট ধারণা নেই দলের অনেকেরই। তবে বিসিবির পরিচালক ও সফরের দলনেতা জি এস হাসান তামিম বললেন, আয়ারল্যান্ডে থাকতেই তাঁরা জেনেছেন সব ম্যাচই আন্তর্জাতিক মহিলা ক্রিকেট দলের আয়ারল্যান্ড সফরে তো আপনিও ছিলেন। কেমন হলো সফর?জি এস হাসান তামিম: একটা চ্যালেঞ্জ ছিল এই সফর। নতুন জায়গা, নতুন পরিবেশ। মাঠ-উইকেট সবই নতুন। প্রথমে অসুবিধা হলেও পরে মেয়েরা মানিয়ে নিয়েছে। ওখানে গিয়ে উইকেট আর আবহাওয়া দেখে আমি প্র্যাকটিস বদলে দিয়েছিলাম। আমাদের মেয়েরা সব বলেই সামনের পায়ের ওপর খেলতে চায়। কিন্তু বাতাসে বল যে রকম সুইং করে, খেলা উচিত ব্যাকফুটে। দলের পারফরম্যান্সে কতটা সন্তুষ্ট আপনি?তামিম: আমি সন্তুষ্ট। তারা সর্বোচ্চ চেষ্টা করেছে। তবে যাওয়ার আগে বোলিং মেশিনে কিছু প্র্যাকটিস করা উচিত ছিল। এ ছাড়া আবহাওয়ার কারণে বারবার খেলা বন্ধ হয়ে যাওয়া, পরিস্থিতি বদলে গেলে নতুন করে শুরু করা—এসবের সঙ্গে অভ্যস্ত ছিল না ওরা। নির্দিষ্ট কোনো জায়গায় দলের শক্তিমত্তা বা দুর্বলতা কি চোখে পড়েছে?তামিম: আমাদের বোলিং মোটামুটি ভালো, বিশেষ করে স্পিন আক্রমণ। তবে দলে দু-তিনজন খেলোয়াড় আছে, আমার ধারণা তাদের দিয়ে আসলে হবে না। এদের দলে নিয়ে লাভ নেই। আর একটা জিনিস, আমাদের উইকেটকিপিং এবং ওপেনিং ব্যাটিংয়ে ঘাটতি আছে। কোচকে বলেছি, এসব নিয়ে কাজ করতে হবে। এ ছাড়া ঘরোয়া পর্যায়েও মহিলা ক্রিকেটকে গুরুত্ব দিতে হবে। বছরে নির্দিষ্টসংখ্যক আন্তর্জাতিক ম্যাচ খেলার বাধ্যবাধকতা আছে আইসিসির। কিন্তু শুধু কোটা পূরণের জন্য না খেলে কিছু অর্জন করাও কি উদ্দেশ্য থাকা উচিত নয় এসব সফরে?তামিম: অবশ্যই। অর্জন তো থাকতেই হবে। না হলে বিদেশ সফর করে লাভ নেই। এখন ঢাকায় মেয়েরা কী রকম খেলে, সেটা দেখলেই বোঝা যাবে আয়ারল্যান্ড সফর থেকে আসলে কতটুকু শিখল ওরা। এ সফরে কোনটা আন্তর্জাতিক ম্যাচ ছিল, কোনটা প্রস্তুতি ম্যাচ ছিল, এসব নিয়ে দেখা যাচ্ছে মহিলা উইংয়ের চেয়ারম্যানেরও স্বচ্ছ ধারণা নেই। সমস্যাটা আসলে কোথায় হয়েছে?তামিম: আমরা যে রকম পেশাদার, আয়ারল্যান্ডের ওরা ততটা নয়। আমরা তো ওখানে অনেক কিছু নিয়েই দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। লোকজন নেই, কী ম্যাচ হবে না হবে...ম্যাচ রেফারিও কিছু বলেন না! প্রথম দুই ম্যাচ শেষ হওয়ার দু-এক দিন পর আমাদের টেকনিক্যাল ডিরেক্টর মমতা মাবেন জানালেন, ম্যাচ রেফারি নাকি বলেছেন প্রথম দুটি ম্যাচ প্রস্তুতি ম্যাচ হলেও আন্তর্জাতিক হিসেবে ধরা হবে। ঢাকা থেকে যাওয়ার আগেও এই সফর নিয়ে আমরা ধোঁয়াশার মধ্যে ছিলাম। কিন্তু দেশে ফেরার পরও তো মহিলা উইংয়ের প্রধান দাবি করেছেন, ওই ম্যাচগুলো আন্তর্জাতিক ম্যাচ ছিল না!তামিম: আমাকে যখন মমতা ওই কথা বলেন, তখন মহিলা উইংয়ের চেয়ারম্যানও সামনে ছিলেন। কিন্তু মমতার কথা শুনে আমরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই। হয়তো সে কারণেই...। বিসিবির খরচে বিদেশ সফরে যাওয়া বোর্ড পরিচালকদের কি আরও দায়িত্বশীল হওয়া উচিত নয়? তামিম: তা তো উচিতই। এটা শুধু মহিলা দলের বেলায়ই নয়, সব ক্ষেত্রেই প্রযোজ্য। যাঁরা যাচ্ছেন, তাঁদের অবশ্যই দায়িত্ব নিয়েই যাওয়া উচিত। আমি তো প্রায় প্রতি ম্যাচের পরই খেলোয়াড়দের নিয়ে বসেছি। কার কোথায় সমস্যা, সেসব নিয়ে কথা বলেছি।