‘দুঃখিত মন্ত্রী মহোদয়, বিমানের দরজা বন্ধ হয়ে গেছে’
মন্ত্রী আসতে দেরি করেছেন তাই বলে তাঁকে বিমানে তোলা হবে না, এমনটি কখনো হয়! এমনই একটি বিরল ঘটনা ঘটেছে ভারতে। জানা যায়, ভারতের প্রবীণ রাজনীতিক ও কেন্দ্রীয় মন্ত্রী সুবোধ কান্ত সাহাই গত ২৬ জুলাই রাঁচির বিমান ধরার জন্য মুম্বাই বিমানবন্দরে পৌঁছতে ১৫ মিনিট দেরি করেন। এই দেরির কারণে এয়ার ইন্ডিয়ার দায়িত্বরত কর্মীরা তাঁকে সেই বিমানে তুলতে অপারগতা প্রকাশ করেন। এতে সাহাই ভীষণ ক্ষুব্ধ হয়ে নিজের ‘ক্ষমতা’ প্রয়োগ করা শুরু করেন। তিনি এয়ার ইন্ডিয়ার কর্মীদের হুমকি দিয়ে বলেন, তাঁকে বিমানে না তুললে তিনি বেসামরিক বিমান চলাচলমন্ত্রী প্রফুল্ল প্যাটেলকে বলে ‘প্রয়োজনীয় ব্যবস্থা’ নেবেন। সাহাইয়ের হুমকি-ধামকি সত্ত্বেও এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্তে অনড় ছিল।ভারতের খাদ্য উত্পাদন শিল্পবিষয়ক মন্ত্রী সাহাই রাঁচি যাওয়ার জন্য মুম্বাই বিমানবন্দরে প্রবেশ করলে সকাল আটটার দিকে এ নাটকের সূত্রপাত হয়। তিনি নির্ধারিত সময়ের ১৫ মিনিট পর বিমানবন্দরে পৌঁছান।এ বিষয়ে বিমানবন্দরের একটি সূত্র জানিয়েছে, ‘সাহাইকে বোর্ডে প্রবেশ করতে দেওয়া না হওয়ার তিনি ভীষণ ক্ষুব্ধ হন। কিন্তু বিমান চলাচল নীতিমালা অনুযায়ী বিমান উড্ডয়নের ১৫ মিনিট আগে বৈমানিককে একটি বার্তা দিতে হয়। অর্থাত্ এ সময়ের আগেই সব যাত্রীকে বোর্ডিং এলাকায় উপস্থিত থাকতে হয়।’ নির্ধারিত সময়ের পরে সাহাই বোর্ডিং এলাকায় প্রবেশ করলে তাঁকে বিমানে চড়ার অনুমতি দেওয়া হয়নি।কাউকে হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করে সাহাই বলেন, ‘এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের ভুলের কারণেই এমনটি ঘটেছে। আমি নির্ধারিত সময়ের আগেই বিমানবন্দরে পৌঁছেছি। কিন্তু বিমান সংস্থার একজন কর্মচারী আমাকে জানায় বিমানটি আন্তর্জাতিক টার্মিনালের কাছেই পার্ক করা হয়েছে এবং এটি আমার কাছে আসতে আরও ২০ মিনিট সময় লাগবে। কর্মচারীটি আমাকে যে সময় বলেছিল তার বেশ আগেই আমি বোর্ডিং এলাকায় প্রবেশ করি। আমি প্রায় প্রতিদিনই ভ্রমণ করি কিন্তু এ জন্য সহযাত্রীদের কখনই দুর্ভোগ পোহাতে হয় না।’ টাইমস অব ইন্ডিয়া।