‘দুই দলকে আলোচনায় বসানোর উদ্যোগ নেব’
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ বলেছেন, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য দুই দলকে আলোচনায় বসানোর উদ্যোগ নেবে তার সংগঠন। তাঁর মতে, এতে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে, অর্থনৈতিকভাবে দেশ এগিয়ে যাবে। বিশ্বে বাংলাদেশ ইমারজিং টাইগার হিসেবে পরিচিতি পাবে।আজ সোমবার দুপুরে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এফবিসিসিআইয়ের সভাপতি এসব কথা বলেন।জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সঠিক হয়নি মন্তব্য করে এফবিসিসিআইয়ের সভাপতি বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে শুধু ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হন না, এর প্রভাব প্রতিটি সেক্টরেই পড়ে। বিরোধী দলের হরতাল প্রসঙ্গে কাজী আকরাম উদ্দিন আহমদ বলেন, বিশ্ব এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেশও এগিয়ে যাচ্ছে। তাই বিরোধী দলকে হরতালের বিকল্প খুঁজতে হবে। হরতালে দেশের ক্ষতি হয়, বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি নষ্ট হয়, ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হন এবং দেশ পিছিয়ে পড়ে।এফবিসিসিআইয়ের সভাপতি বলেন, বিশ্বমন্দা পরিস্থিতির মধ্যে বাংলাদেশ ছয়ের ওপরে জিডিপি প্রবৃদ্ধি করেছে। সারা বিশ্বে ১১টি দেশ এই প্রবৃদ্ধি অর্জন করেছে। এর মধ্যে বাংলাদেশ পঞ্চম অবস্থানে রয়েছে। এ বছর দেশের রাজনৈতিক পরিস্থিতি ভালো থাকলে বাংলাদেশ অর্থনৈতিক প্রবৃদ্ধিতে আরও এগিয়ে যাবে।এর আগে এফবিসিসিআইয়ের নবনির্বাচিত সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ, প্রথম সহসভাপতি মনোয়ারা হাকিম আলী ও সহসভাপতি মো. হেলাল উদ্দিন বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও মোনাজাত করেন।এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী এমদাদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, পৌর মেয়র সরদার ইলিয়াস হোসেন, কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, পৌর মেয়র এ এইচ এম অহিদুল হক, গোপালগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি কাজী জিন্নাত আলীসহ স্থানীয় আওয়ামী লীগ ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।