গত দুটি পেশাদার ফুটবল লিগে রানার্সআপ হয়েছিল মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র। কিন্তু এবার দলটির পক্ষে টিকে থাকাই কঠিন মনে হচ্ছে। গত মৌসুমের প্রায় সব খেলোয়াড়ই দল ছেড়েছেন। তাই আবার শুরু হলো মুক্তিযোদ্ধার সংগ্রাম। দলটির কোচ শফিকুল ইসলাম (মানিক) এটিকে চ্যালেঞ্জ হিসেবেই নিচ্ছেন আপনার দলের প্রায় সব খেলোয়াড়ই অন্য দলে চলে গেছেন। এমন ভাঙা হাট কেন হলো?শফিকুল ইসলাম: আসলে লিগের মাঝপথেই খেলোয়াড়েরা অন্য দলের সঙ্গে কথা বলে ফেলেছে। আমরা টের পাইনি। যখন টের পেলাম, তখন আর করার কিছু ছিল না। এই বিবর্ণ চেহারায় তো মুক্তিযোদ্ধাকে দেখতে চায় না ভক্তরা...শফিকুল: এটা আমরা জানি। আমরা বড় বাজেটের দলই গড়তে চেয়েছিলাম। সেই সুযোগ আমরা পাইনি। শেখ রাসেল, শেখ জামাল দল গড়ে ফেলেছে অনেক আগে। তারপর আবাহনী নামল। মোহামেডান-বিজেএমসি কয়েকজনকে নেওয়ার পর সে রকম আর খেলোয়াড়ই পেলাম না। আমাদের টিম ম্যানেজমেন্টও আর উৎসাহ পায়নি। যাদের পাওয়া গেছে, তাদের নিয়েই দল গড়া হয়েছে। তাই বলে গতবারের প্রায় সবাই দল ছেড়ে যাবেন! মুক্তিযোদ্ধার দলীয় ব্যবস্থাপনায় কোনো সমস্যা আছে?শফিকুল: ব্যবস্থাপনাগত কোনো সমস্যা নেই। গত দুবার চাম্পিয়ন হতে না পেরে কর্মকর্তারা হয়তো কিছুটা হতাশ। তবে এবার দল ভালো করলে নিশ্চয় আগামীতে আরও উৎসাহ আসবে। দল ছাড়ল গোলরক্ষক মোস্তাক, মামুন খান থেকে শুরু করে নাসিরউদ্দিন, আরিফ, রেজা, সৈকত, শাকিল, সুইট, রাজন, মারুফ, মামুনুল, আলমগীর রানা, মিঠুন, এমিলি। এমনকি ওবায়দুরও দল ছাড়ল। মুক্তিযোদ্ধার নতুন দলে আমরা কাদের দেখব এবার?শফিকুল: আবাহনী থেকে গোলরক্ষক জিয়া, শেখ রাসেল থেকে মিডফিল্ডার জাহেদ পারভেজ, ফয়সাল মাহমুদকে নিয়েছি আমরা। এ ছাড়া শেখ রাসেলের স্ট্রাইকার ইউসুফ, বিজেএমসির বিপ্লব, মোহামেডানের মোহাম্মদ রনি আসছে। গতবারের নাইজেরিয়ান ডিফেন্ডার ড্যামি থাকছে। পুরোনোদের মধ্যে জহিরুল, কাঞ্চন, বিদ্যুৎকে পাচ্ছি। আর সবাই নতুন। বলতে পারেন, ভাঙা হাটে দাঁড়িয়ে দল গড়ছি। এই যে খেলা চলাকালে খেলোয়াড়েরা অন্য দলে চলে যাচ্ছেন, এটা তো আইনবিরুদ্ধ। এটাকে কীভাবে দেখছেন? শফিকুল: খেলোয়াড়-কর্মকর্তা দুই পক্ষই অনৈতিক কাজ করছে। লিগ শেষে দলবদল, তার আগে কোনো খেলোয়াড় কোনো দলের সঙ্গে টাকা নেওয়া দূরে থাক, কথাই বলতে পারবে না। অথচ আমাদের দেশে ক্লাবগুলো এটা মানে না। খেলোয়াড়েরাও সেই সুযোগ নেয়। এটা বন্ধ করতে কঠোর আইন করা উচিত। কোচ হিসেবে নতুন দল নিয়ে কী আশা করছেন?শফিকুল: দুই বছর মোহামেডানের দুর্বল দল নিয়ে কাজ করেছি। এবার মিডিওকার দল নিয়ে কাজ করব। বড় রকমের অভিজ্ঞতা হবে। গতবার অনেক আত্মবিশ্বাস ছিল, কিন্তু এবার যে দলটা পাচ্ছি প্রতি মুহূর্তে সতর্ক থাকতে হবে। দলের উচ্চাকাঙ্ক্ষা নিয়ে মুখে কিছু প্রকাশ করতে হয়তো পারব না, তবে খেলোয়াড়েরা ভালো খেললে মাঠে অনেক কিছুই ঘটে যেতে পারে। এবার কোন দল বেশি শক্তিশালী হলো মনে করেন?শফিকুল: বিদেশিরাই আসলে নিয়ামক শক্তি। তবে স্থানীয় খেলোয়াড় সংগ্রহে ১ নম্বরে রাখব শেখ রাসেলকে। তারপর শেখ জামাল-আবাহনী। চতুর্থ মোহামেডান। পঞ্চম-ষষ্ঠ স্থানে বিজেএমসি এবং আমরা। তবে এখান থেকে আমরা আরও ভালো করতে চাই। ভালো দল গড়তে না পারলেও মুক্তিযোদ্ধা এবার ভালো একটা কাজ করছে। বাংলাদেশ লিগের ভেন্যু করছে গোপালগঞ্জকে। এ নিয়ে অগ্রগতি কত দূর?শফিকুল: গোপালগঞ্জ গিয়ে সব দেখে আমাদের পছন্দ হয়েছে। এখন ফেডারেশনকে আনুষ্ঠানিকভাবে জানানোর প্রক্রিয়া চলছে। কয়েক দিনের মধ্যে এটা হয়ে যাবে আশা করি।