‘দুই শ টাকায় না গেলে কানে হাত দিয়ে যান’ (ভিডিও)
রাজধানীতে এখন সিএনজিচালিত অটোরিকশা ও ট্যাক্সিক্যাব চালকদের দাপট বেড়ে গেছে বহু গুণে। এমনিতেই যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায়ের নিয়ম মানার বালাই নেই তাঁদের। তার ওপর আবার ওই সব চালকের দাপটের কাছে একরকম জিম্মি হয়ে আছে যাত্রীরা। ভাড়া নিয়ে একটু বাড়াবাড়ি হলেই অপমানসহ যাত্রীদের দিকে মারমুখী হতেও এখন পিছপা হচ্ছেন না চালকেরা। এমনটিই ঘটেছে যাত্রী জাহিদুল ইসলামের ক্ষেত্রে। আজ রোববার দুপুরের ঘটনা। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মাকে চিকিত্সক দেখিয়ে মিরপুর শ্যাওড়াপাড়ায় যাওয়ার জন্য সিএনজিচালিত অটোরিকশার খোঁজে শাহবাগে যান জাহিদুল। অনেক সময় দাঁড়ানোর পর শ্যাওড়াপাড়া যাওয়ার জন্য রাজি হন একটি ট্যাক্সিক্যাবের চালক। জাহিদুল চালকের কাছে ভাড়া জানতে চাইলে বেশ আয়েশি ভঙ্গিতে তিনি জানান ২০০ টাকার কমে তিনি যাবেন না। এতটুকু রাস্তা যেতে কী কারণে ২০০ টাকা ভাড়া চাওয়া হলো, জাহিদুলের এই প্রশ্নের জবাবে সবার সামনে ক্যাবচালক বলেন, ‘না গেলে কানে হাত দিয়্যা যান।’ চালকের এই অযৌক্তিক কথায় ক্ষিপ্ত হয়ে ওঠেন জাহিদুল। রাগে-ক্ষোভে ট্যাক্সি ক্যাবের সামনে লাথি মেরে হেডলাইট ভেঙে দেন তিনি। এতে প্রচণ্ড মারমুখী হয়ে ওঠেন চালক। পরে কর্তব্যরত আনসার সদস্য এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন।
ভিডিও: জাহিদুল করিমএ তো গেল একদিনের একটি ঘটনা। কিন্তু প্রতিদিনই রাজধানীর প্রতিটি এলাকায় অহরহ ঘটে চলেছে এমন অনেক ঘটনা। অনেক ক্ষেত্রে দেখা যায়, চালকের কথামতো ভাড়া মিটিয়ে অটোরিকশা বা ট্যাক্সিক্যাবে ওঠার পর চালক অনুনয় করে বলেন, ‘স্যার, সার্জেন্ট ধরলে বলবেন মিটারে যাচ্ছেন।’ অথচ তাঁদের মিটারের ভাড়াতেই যাওয়ার কথা। এসব ব্যাপারে কেউ কেউ পুলিশকে অভিযোগ করলেও তেমন একটা সুবিধা পাওয়া যায় না। এর ফলে দিনে দিনে চালকদের কাছে জিম্মি হয়ে পড়ছে সাধারণ যাত্রীরা। সাধারণ যাত্রীদের এসব দুর্ভোগ দেখার যেন কেউই নেই এই নগরে।