‘দুইন্যাডা মনে হয় ভাইঙ্গা আইল...’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘প্রথমে কয়েক সেকেন্ড গাড়ির ব্রেকের কড়া শব্দ পাইলাম। তারপর যেন বাজ পড়ল। কিছু বোঝার আগেই মনে হয় চ্যাপ্টা হয়া গেলাম। দুইন্যাডা মনে হয় ভাইঙ্গা আইল।’ এভাবেই দুর্ঘটনার বর্ণনা দিলেন আখাউড়ার মোহাম্মদ সরকার। ব্যান্ডেজে এক চোখ পুরোপুরি ঢাকা, ক্ষতবিক্ষত মুখ আর হাতে-পায়ে ব্যান্ডেজ মোহাম্মদের। ছোট ভাই ফরিদ সরকার বিদেশে যাবেন। তাঁর ডাক্তারি পরীক্ষার জন্য দুই ভাই মিলে গতকাল বুধবার সকালেই ঢাকায় এসেছিলেন। কিন্তু বিদেশ যাওয়া আর হলো না ছোট ভাইয়ের। দুর্ঘটনায় ক্ষতবিক্ষত হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। মোহাম্মদ যখন নরসিংদী জেলা হাসপাতালের জরুরি বিভাগের বিছানায় শুয়ে এই প্রতিবেদকের সঙ্গে ভাঙা ভাঙাভাবে কথা বলছিলেন, তখনো তিনি জানেন না তাঁর ভাই আর নেই।পেশায় রাজমিস্ত্রি মোহাম্মদ বলেন, ডাক্তারি পরীক্ষা শেষে মহানগর গোধূলী ট্রেনে উঠেছিলেন তাঁরা। আর কয়েক দিন পরেই ফরিদের ওমানে যাওয়ার কথা। ট্রেনে আসন পাননি। দাঁড়ানো ছিলেন দুই ভাই। আসনের আশায় দুই ভাই ট্রেনের মাঝামাঝি উঠে ধীরে ধীরে সামনের দিকে এগোতে থাকেন। ইঞ্জিনের পেছনে তৃতীয় বগিতে এসে আসন না পেয়ে কিছুটা স্বস্তি নিয়ে মোহাম্মদ দাঁড়িয়েছিলেন দরজার পাশে। আর ফরিদ একটু ভেতরে।মোহাম্মদের দুই বোন আলেয়া, হালিমাসহ অন্যরা দুর্ঘটনার কথা শোনার পরপরই আখাউড়া থেকে চলে আসেন। হাসপাতালের বারান্দায় দুই বোন গড়াগড়ি করে কাঁদছিলেন।কোমরের নিচ থেকে কোনো সাড়া নেই মনির হোসেনের। তবু বেঁচে আছেন। এতেই নিজেকে ভাগ্যবান মনে করছেন তিনি। ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের পেছনের বগিতেই ছিলেন তিনি। তাঁর সঙ্গে থাকা অন্তত তিনজনকে মরতে দেখেছেন বলে হাসপাতালের বিছানায় শুয়ে জানালেন মনির।মনির বলেন, ১৪ ডিসেম্বর তাঁর পাপুয়া নিউগিনিতে যাওয়ার কথা ছিল। ব্রাহ্মণবাড়িয়া থেকে বিকেলে চট্টলায় ওঠেন। বিকেলে নরসিংদী স্টেশন পার হয়ে হঠাৎ গাড়ির ব্রেকের কর্কশ শব্দ শোনা যায়। জানালা দিয়ে মাথা বের করে দেখেন লোকজন লাফিয়ে লাফিয়ে পড়ছে। এ সময়ই হঠাৎ বিকট শব্দ। সিটের রডের মাঝে আটকা পড়েন তিনি।মনির বলেন, ‘আমার পাশের সিটের এক মহিলাকে মাথায় রড ঢুকে কাৎ হয়ে পড়ে থাকতে দেখলাম। আমি রড বেঁকিয়ে জানালা দিয়ে মাথা গলে বেরোনোর চেষ্টা করি। প্রায় আধা ঘণ্টা পর মাথা বের করতে পারি। বগিটা অনেক উঁচুতে উঠে গিয়েছিল বলে মনে হলো। এ সময় নিচে অনেক লোক ছিল। আমি শুধু একটা ছেলেকে বললাম, ভাই আমি বেঁচে আছি। আমাকে টেনে বের করেন। লোকগুলো ভয় পাচ্ছিল। আমি বললাম, আমার কিছু হবে না, আমাকে খালি টেনে নিচে নামান। তাঁরা আমাকে নাগাল পাচ্ছিল না। এরপর একজন উঠে আমাকে টেনে অর্ধেকটা বের করে। এরপর অন্যরা আমাকে টেনে নিচে নামায়। তারপর আমি অনেকক্ষণ সেখানেই পড়ে থাকি। কেউ তুলতে আসেনি। এক পুলিশকে বলালাম, ভাই আমাকে হাসপাতালে নেন। তিনি আমার কথা শুনলেন না। আমি তাঁকে ধরতে গেলাম, দেখি কোমরে তীব্র ব্যথা। এরপর আর কিছু বলতে পারি না।’মহানগর গোধূলীর ইলেকট্রিশিয়ান ওবায়দুল হক ছিলেন ইঞ্জিনের ঠিক পেছনের বগিতে। পায়ে আহতাবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বললেন, ‘গাড়ির স্টপেজ ছিল নরসিংদীতে। নামার প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ করেই পুরো বগি ভেঙে যেন মাথার ওপর পড়ল। এরপর আর কিছু বলতে পারি না।’চট্টলার ইলেকট্রিশিয়ান মো. মোস্তফা সহকর্মীদের দেখতে হাসপাতালে এসেছিলেন। তিনি জানান, চট্টলার নরসিংদীতে দাঁড়ানোর কথা নয়। কিন্তু হঠাৎ করেই গাড়ি ১ নম্বর লাইনে ঢুকে পড়ে। এর পরই দুর্ঘটনা।রক্তের নালা পুলিশের গাড়িতে: নরসিংদী পুলিশের গাড়িগুলো ব্যস্ত ছিল লাশ পরিবহনে। রাত ১১টার দিকে অজ্ঞাত এক যুবকের লাশ যখন পুলিশ ভ্যানে নরসিংদী হাসপাতালে আনা হলো। দুমড়েমুচড়ে যাওয়া মুখটা ছিল তাঁরই মাফলার দিয়ে ঢাকা। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর গাড়ির ছাদ থেকে পানির সঙ্গে গাড়ির ভেতর থেকে নিচে পড়ছিল ফোঁটা ফোঁটা রক্ত। পিকআপ ভ্যানটির ভেতরের ঢেউ খেলানো মেঝেতে তৈরি হয়েছে রক্তের নালা।