‘দুজনের কথা খুব মনে পড়ছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হ্যান্ডবল খেলছেন অনেক দিন। এবার ইচ্ছা কোচ হওয়ার। সেই লক্ষ্যে বড় একটা পদক্ষেপই ফেললেন ডালিয়া আক্তার। জার্মানির লাইপজিগ ইউনিভার্সিটিতে ডিপ্লোমা কোচেস কোর্স করতে গতকাল রাতে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক। গত পরশু বিকেলে কথা হলো তাঁর সঙ্গে খুব ব্যস্ত মনে হচ্ছে আপনাকে...ডালিয়া আক্তার: হ্যাঁ, একটু ব্যস্তই। শেষ মুহূর্তের গোছগাছের জন্য একটু দৌড়ঝাঁপ করতে হচ্ছে। হ্যান্ডবল ফেডারেশন থেকে ছোট একটা ফেয়ারওয়েল দেবে। ওখানে যাচ্ছি। আপনি একাই কি এই বৃত্তিটা পেয়েছেন?ডালিয়া: মেয়েদের মধ্যে আমি একাই পেয়েছি। এর আগে বাংলাদেশের আর কোনো মেয়ে এই বৃত্তি পায়নি। তবে ছেলেদের অনেকেই এর আগে এই কোর্সটা করে এসেছে। এবার যাচ্ছেন রাশেদুল ও সাইদুজ্জামান। বৃত্তিটা পেলেন কী প্রক্রিয়ায়?ডালিয়া: আমি ১৭ বছর ধরে হ্যান্ডবল খেলছি। কোচিং করানোর ইচ্ছাটাও অনেক দিন ধরেই মনের মধ্যে ছিল। ফেডারেশনের মাধ্যমে বৃত্তির খবর পেয়েই জার্মানিতে আবেদন করেছিলাম। আমার সঙ্গে আরও কয়েকজন মেয়েও আবেদন করেছিল। শেষ পর্যন্ত আমি বৃত্তিটা পেয়েছি। এ জন্য দারুণ খুশি। ওখানকার সব খরচই কি এই বৃত্তিতে কুলিয়ে যাবে?ডালিয়া: পুরোটা নয়। লাইপজিগ বিশ্ববিদ্যালয় থেকে আমাকে মাসিক ৬৫৯ ইউরো করে দেবে। সঙ্গে আবাসন ও খাওয়ার খরচও। যাওয়া-আসার টিকিট ও অন্য সবকিছুর ব্যবস্থা নিজেকেই করতে হয়েছে। তা হলে তো আপনাকেও অনেক টাকা জোগাড় করতে হয়েছে...ডালিয়া: আমাকে পৃষ্ঠপোষকতার জন্য এগিয়ে এসেছে আমার জেলা মাদারীপুর। সেখানকার জেলা ক্রীড়া সংস্থা, পৌরসভা, জেলা পরিষদ, আমাদের সাংসদ মাননীয় নৌপরিবহনমন্ত্রী ও মহিলা ক্রীড়া সংস্থা আমাকে সাহায্য করছে। এ ছাড়া আমার ট্র্যাকসুট, জার্সি, জুতা-মোজা এবং অন্যান্য ক্রীড়া সরঞ্জামের পৃষ্ঠপোষকতা করছে বোটানিক অ্যারোমা। এর আগে কি কোচিং কোর্সের কোনো অভিজ্ঞতা ছিল?ডালিয়া: বেসিক কোচেস কোর্সটা কখনো করিনি। তবে একবার অলিম্পিক সলিডারিটি কোর্স করেছিলাম। সেখানে খুব অল্পই শিখেছিলাম। বাংলাদেশের হ্যান্ডবলে তো মহিলা কোচের অভাব...ডালিয়া: ঠিকই বলেছেন। আমার ইচ্ছা আছে কোর্সটা ভালোমতো করে এসে আমাদের দেশের মেয়েদের জন্য ভালো কিছু করব। ইউরোপে হ্যান্ডবল অনেক জনপ্রিয় খেলা। ওরা খেলে আধুনিক হ্যান্ডবল। কিন্তু আমাদের গ্রামাঞ্চলের মেয়েরা এখনো সেসবের অনেক কিছুই জানে না। শিখতে পারেনি। তাই আমার ইচ্ছা আছে ফিরে এসে জাতীয় দল না হোক, অন্তত স্কুল ও কলেজ হ্যান্ডবল দলে কাজ করব। আপনি তো হ্যান্ডবল খেলার পাশাপাশি একটি ইংলিশ মিডিয়াম স্কুলে শিক্ষকতাও করছেন। এত লম্বা সময় দেশের বাইরে থাকলে চাকরির সমস্যা হবে না?ডালিয়া: না। স্কুল কর্তৃপক্ষ আমাকে সানন্দে ছুটি দিয়েছে। খেলাটায় এসেছিলেন কীভাবে?ডালিয়া: খেলাধুলার ব্যাপারে আমি সব সময়ই পরিবারের সবার সহযোগিতা পেয়ে এসেছি। হ্যান্ডবলের আগে অবশ্য সাঁতারে ছিলাম। আমার বয়স যখন পাঁচ-ছয়, আমার মা মনোয়ারা বেগম আমাকে প্রথম ঢাকায় নিয়ে এসেছিলেন সাঁতার প্রতিযোগিতায়। সেটা আজও মনে পড়ে। এখন আমি দেশের বাইরে যাচ্ছি, মা বেঁচে থাকলে খুব খুশি হতেন। দুই বছর আগে মা ক্যানসারে মারা গেছেন। বাবাও বেঁচে নেই। আজ দুজনের কথা খুবই মনে পড়ছে।