মাঠ থেকে হকি হারিয়ে যাচ্ছে। কিন্তু হারিয়ে যাননি মীর মনোয়ার আলী। সাবেক খেলোয়াড়, সংগঠক, আম্পায়ার পরিচয়ের আড়ালে আজও হকির একনিষ্ঠ দর্শক। যথারীতি কালও তাঁকে পাওয়া গেল জাতীয় হকির ম্যাচে। মওলানা ভাসানী স্টেডিয়ামে দাঁড়িয়ে কথা বললেন হকি মাঠে নিজের ৪৫ বছরের পরিক্রমা নিয়ে কত বছর হলো হকি মাঠে? মীর মনোয়ার আলী: ৪৫ বছরের বেশি। ১৯৬৬ সালে খেলা শুরু করি। ১৯৮১ সালে ছেড়েছি। তার পর থেকে সংগঠক, আম্পায়ার। এখন ষাটের ওপরে বয়স। সরকারি চাকরি শেষেও খেলায় খেলায়ই জীবন কাটছে। নিশ্চয়ই উপভোগ করছেন?মনোয়ার: তা তো অবশ্যই। একটা উদাহরণ দিই, এ বছর হজ করে এসেছি। দেশে ফিরে বাসা থেকে প্রথম বের হয়ে হকি মাঠেই এসেছি। আপনার এই মাঠমুখিনতার বিশেষ কোনো কারণ আছে? মনোয়ার: কারণ একটাই, আমি খেলাপাগল মানুষ। আমার বড় ছেলে যখন ওর মায়ের গর্ভে তখনো ওকে (স্ত্রী) নিয়ে মাঠে এসেছি। নিজের গায়েহলুদের দিন হকি খেলে তারপর বাসায় গিয়েছি। কনে দেখার দিনও একই ঘটনা (হাসি)। স্ত্রী-সন্তানেরা কিছু বলেন না?মনোয়ার: সংসারজীবনে খেলার নেশাটা অনেককে সমস্যায় ফেলে। টুকটাক কিছু সমস্যা তো থাকবেই। খেলা ছেড়ে হকি আম্পায়ার হয়েছি। কমবেশি মাঠে আসতেই হয়। এখন আমার দুই ব্যাংকার ছেলে ও স্ত্রী সবাই মেনে নিয়েছে আমার এই পাগলামি। কত দিন এভাবে মাঠে থাকার ইচ্ছা রাখেন?মনোয়ার: আমৃত্যু। আমার মা বলেন, এখনো ছাড়তে পারলি না খেলা...! আমি বলি, কী করব! আমার দুটিই নেশা—একটা ওয়ারী, অন্যটা হকি। কত দিন ওয়ারীর জন্য রোজা রেখেছি। বাংলাদেশের হকির অবস্থা তো খুব খারাপ। তার পরও হকির মায়াতেই জড়িয়ে আছেন কেন?মনোয়ার: আমি হকির সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। হকি ফেডারেশনের যুগ্ম সম্পাদক, বর্তমান কমিটির আগের কমিটির সদস্য, ওয়ারীর সাধারণ সম্পাদক ছিলাম, এখন সহসভাপতি। এসব দায়িত্ব আমাকে আরও বেশি মাঠমুখী রেখেছে। অনেক দিন ধরেই তো দেখছেন। জাতীয় হকিতে আগের চেয়ে কী পার্থক্য চোখে পড়ে?মনোয়ার: নিয়মিত খেলা নেই, খেলার মান কমেছে। তারপরও মেধাবী খেলোয়াড় আছে। এবার এখন পর্যন্ত জাতীয় হকির সব ম্যাচই দেখেছি। এই টুর্নামেন্টের টেকনিক্যাল অফিসার আমি। এবার দিনাজপুরের খেলাটা মন দিয়ে দেখলাম। এই দল থেকে কয়েকজনকে ওয়ারীতে নেব ভাবছি। খেলোয়াড়ি জীবনের কোনো স্মরণীয় ঘটনা মনে পড়ে?মনোয়ার: বাবার অগোচরে একবার কুমিল্লায় খেলতে গিয়েছি। কিছুদিন পর মাস্টার্স পরীক্ষা। আমি পড়ি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বাবা টের পেয়ে দেড় মাস আমার সঙ্গে কথা বলেননি। আপনার সেই ভালোবাসার হকির আজকের দুরবস্থা দেখে নিশ্চয়ই খারাপ লাগে?মনোয়ার: ভীষণ খারাপ লাগে। ফরিদপুর, সিলেট, কুমিল্লা, যশোরে নিয়মিত লিগ হতো। এখন রাজশাহীতেই শুধু নিয়মিত হয়। আগে মাঠে কত দর্শক আসত, এখন তো শূন্য গ্যালারি। বড় দুঃখ লাগে। আপনি ‘এ’ গ্রেড আম্পায়ারও ছিলেন। সেসব দিনের স্মৃতি...মনোয়ার: নব্বইয়ের দিকে এক ম্যাচে আমি আম্পায়ারিং করছি। গ্যালারি ভরা মানুষ। তারা আমাকে গালাগাল করে যাচ্ছে সমানে। আমাকে প্রতিক্রিয়াহীন দেখে একসময় বলতে শুরু করল, আম্পায়ার বয়রা নাকি (হা...হা...হা)! জাতীয় দলে না খেলার কোনো হতাশা আছে?মনোয়ার: আমার রাশভারী বাবা সরকারি চাকরি করতেন। সন্ধ্যার পর বাইরে থাকতে দিতেন না। এমন কিছু কারণে জাতীয় দলে খেলা হয়নি। আমাদের পাঁচ ভাইয়ের মধ্যে আমার বড় একজন মীর লিয়াকত আলীও ঘরোয়া হকিতে খেলেছেন। আমি ওয়ারীতে শুরু করি, ওয়ারীতেই শেষ।