পাতানো খেলার ব্যাপারে কাল তদন্ত প্রতিবেদন এবং কিছু সুপারিশ দিয়েছে বাংলাদেশ লিগ কমিটি। গোলাম সারোয়ার টিপু ওই সুপারিশের বাইরে আর বেশি কিছু আশা করেননি। তবে অভিযুক্ত ম্যাচের পয়েন্ট কাটা হয়নি জেনে অবাক জাতীয় দলের সাবেক কোচ বাংলাদেশ লিগ কমিটির সুপারিশগুলো তো শুনেছেন। আপনার প্রতিক্রিয়া কী?গোলাম সারোয়ার টিপু: শাস্তির সুপারিশ নিয়ে আমার কিছু প্রশ্ন আছে। প্রথম কথা হলো, অবশ্যই দুই দলের পয়েন্ট কাটা উচিত ছিল। কিন্তু পয়েন্ট কাটার সুপারিশ তো কমিটি করেনি...টিপু: যেহেতু দুই দলকে অর্থ জরিমানা এবং কর্মকর্তা-খেলোয়াড়কে সাসপেন্ড করা হয়েছে, তার মানে ম্যাচ পাতানোর কিছু না-কিছু লক্ষণ তারা (কমিটি) খুঁজে পেয়েছে। কিছু পেলে প্রথম কাজই হতে পারত পয়েন্ট কাটা। অর্থদণ্ডটা তাহলে ঠিক হয়নি বলছেন?টিপু: না না, তা বলছি না। নিশ্চয়ই অর্থদণ্ডও করা যায়। একটা কথা বলে রাখি, বাইলজ অনুযায়ীই সিদ্ধান্ত হওয়া বাঞ্ছনীয়। ওই ম্যাচে কিছু না পেলে ঠিক আছে। কিন্তু সমস্যা খুঁজে পেলে পয়েন্ট কাটতেই হবে। টাকা পরের ব্যাপার। আপনার কী মনে হয়, পয়েন্ট না কাটার কারণ কী?টিপু: কারণটা পরিষ্কার। ছোট দল হলে পয়েন্ট ঠিকই কেটে নেওয়া হতো। বড় দল হলে নানা হিসাব চলে আসে। জামাল চ্যাম্পিয়ন হয়ে গেছে। যদি পয়েন্ট কাটলেও ওরা চ্যাম্পিয়ন হতো, তাহলে হয়তো দেখতেন পয়েন্ট কাটা হয়েছে। আমাদের সমস্যা হলো, আমরা শ্যাম রাখি না কুল রাখি, এটাই বিবেচনায় চলে আসে। তার মানে অনেক হিসাব-নিকাশের ব্যাপার আছে?টিপু: হ্যাঁ, অবশ্যই। আমরা তো এটাই দেখে আসছি। কর্তারা হয়তো বলবেন, বাইরে থেকে বড় বড় কথা বলছি। আমাদের দেশে এটাই হচ্ছে বাস্তবতা। সেটি এমনই যে ফেডারেশনে বা লিগ কমিটিতে থাকলে আমিও হয়তো এ রকম সুপারিশই করতাম। বলা হচ্ছে, অতীতেও পাতানো ম্যাচ খেলা হয়েছে, শাস্তি হয়নি। এটা শুরু...টিপু: এটা বলেই তো আমরা নিজেদের দায়িত্ব এড়াই। অতীতে হয়নি বলে এখন শাস্তি দেওয়া যাবে না, তা তো ঠিক নয়। জুভেন্টাসের মতো দলকে দ্বিতীয় বিভাগে নামিয়ে দেওয়া হয়নি? এ দেশে এটা কি কখনো সম্ভব হবে?টিপু: সম্ভব হবে, এই আশা নিয়েই তো থাকতে হবে। নইলে আমরা যেখানে আছি সেখানেই পড়ে থাকব। এ জায়গাগুলো যত দিন কাভার করতে পারব না, তত দিন র্যাঙ্কিংয়ে একই জায়গায় ঘোরা ফেরা করব আমরা। এখন বাফুফের কাছে কী প্রত্যাশা আপনার?টিপু: সুপারিশ গেছে। বাফুফে কী করবে বুঝতে পারছি না। মনে হয়, এর চেয়ে বেশি কিছু হবে না। টাকা হয়তো কমবেশি হবে। মারুফের ব্যাপারটা কী কারণে এল, জানি না। দেখা যাক, বাফুফে কী করে। বলা হয়, পাতানো খেলা প্রমাণ করা যায় না। তাই শাস্তি দেওয়া কঠিন। সত্যিই কি কঠিন?টিপু: আগের থেকে জানা গেলে এটা বের করা যেতে পারে। প্রমাণের ব্যাপারটা একটু ডিলিক্যাটই। তবে সবাই তো অবুঝ না। বোধ সবারই কমবেশি আছে। আগে থেকেই জামাল-রহমতগঞ্জ ম্যাচ নিয়ে কথা শোনা যাচ্ছিল। চাইলে এটা হাতেনাতে ধরার চেষ্টা করা যেত।