২৮ মার্চের পর ৩১ মে। তবে প্রতিপক্ষ সেই আবাহনীই। মাঝখানে হারিয়ে যাওয়া দুই মাস তিন দিনে দুই ক্লাবের মধ্যে যেমন তিক্ততা বেড়েছে, খেলোয়াড়দের মধ্যে বয়ে গেছে হতাশার স্রোত। তবে ভিক্টোরিয়ার জহুরুল ইসলাম খুশি, লিগটা তো শুরু হলো শেষ পর্যন্ত দীর্ঘ বিরতির পর আবার খেললেন। কেমন লাগল?জহুরুল ইসলাম: এই লম্বা বিরতি আমরা আশা করিনি। কিছুটা সমস্যা হচ্ছিল এ কারণে। অনেকের রিদম মিলছিল না। অনুশীলনেও অনেকের ঘাটতি পড়েছে। তবে আমরা খুব ভালো একটা অবস্থানে আছি এখন। সবগুলো ম্যাচ জিততে হবে। আমার লক্ষ্য অন্যদের চেয়ে একটু আলাদা। লম্বা বিরতি পড়লেও তাই মানিয়ে নিতে হবে। শুরুতে দুই দলের খেলোয়াড়দের শরীরী ভাষাতেই আড়ষ্টতা ফুটে উঠেছিল। এটা কি লম্বা বিরতির পড়ার কারণেই?জহুরুল: হ্যাঁ, এটা বিরতির কারণেই। এই কদিন আমরা হয়তো কন্ডিশনিং ক্যাম্প করেছি। কিন্তু কোনো ম্যাচ তো খেলিনি। প্রিমিয়ার লিগের ম্যাচ সব সময়ই অনেক চাপের। গরমের কারণে খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়েছে সবাই। ব্যাটসম্যানদের শট দেখেই সেটা বোঝা গেছে। মে মাসের ৩১ তারিখে ম্যাচ খেললেন। এ রকম আবহাওয়ায় ম্যাচ খেলেছেন আগে?জহুরুল: মৌসুমে এমন গরমের মধ্যে কখনোই খেলিনি আসলে। পিসিএল খেলেছিলাম দুবাইয়ে, সেখানে এ রকম গরম ছিল। সম্ভবত এ রকম সময়েই ছিল। এই গরমে টি-টোয়েন্টি তবু খেলা যায়, কিন্তু ৫০ ওভারের ম্যাচ খেলা কঠিন। লিগ নিয়ে অনিশ্চয়তা ছিল। আশায় ছিলেন আবার খেলা শুরু হবে?জহুরুল: আমরা কাল (পরশু) রাত ১০টায় নিশ্চিত হয়েছি যে আজকে (গতকাল) খেলা হবে। কারণ মোহাম্মদ ইউসুফের জায়গায় আরেকজন বিদেশি খেলোয়াড় নিবন্ধন করানোর আবেদন করেছিলাম আমরা। আবেদন গ্রহণ করা হয়নি। তার পরও আমরা খেলতে এসেছি খেলার স্বার্থে। এর আগ পর্যন্ত কি মনে হচ্ছিল লিগটা এবার আর হবেই না?জহুরুল: মনে হয়েছে এই মৌসুমে বোধহয় আর খেলা হবে না। হলে আগামী বছর মৌসুমের শুরুতে হবে। আগে এবারের বাকি খেলাগুলো হয়ে আগামী লিগের খেলা শুরু হবে। এক ম্যাচ দুবার খেলতে কেমন লাগল?জহুরুল: আমাদের কিছু দাবি ছিল, আবাহনীরও কিছু দাবি ছিল। তবে যত দূর জানি বাইলজ অনুযায়ী ম্যাচ রিপ্লে হওয়ার কোনো সুযোগ নেই। বাইলজের বাইরে একটা ঘটনা ঘটল। যা-ই হোক, সবচেয়ে ভালো দিক হলো লিগটা আবার শুরু হয়েছে। ২৮ মার্চের ঘটনার পর এ ম্যাচটা মর্যাদার লড়াই হয়ে দাঁড়িয়েছিল। আবাহনীকে হারাতে পেরে নিশ্চয়ই খুব খুশি?জহুরুল: মর্যাদার লড়াই, সে সঙ্গে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে টিকে থাকার জন্যও ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ ছিল। তবে এই ম্যাচের আগে বলতে পারেন সবকিছু আমাদের প্রতিকূলেই ছিল। বিদেশি খেলোয়াড় পাচ্ছি না। একটা রেজিস্ট্রেশন বাতিল করল, সেটার জায়গায় আরেকটা রেজিস্ট্রেশন দিচ্ছে না। অন্যদিকে আবাহনী পূর্ণ শক্তির দল, তিনটা বিদেশি নিয়ে খেলছে। এসব কারণে আমরা একটু ব্যাকফুটে ছিলাম। ম্যাচটা জিততে পেরে তাই বেশি ভালো লাগছে। জয়টাকে কি প্রতিশোধ হিসেবেও দেখছে ভিক্টোরিয়া?জহুরুল: সে রকম কিছু না। তবে খেলা শেষে ড্রেসিংরুমে অনেকে আবেগাপ্লুত হয়ে পড়ে। দলের সবার মধ্যেই এ বছর চ্যাম্পিয়ন হওয়ার একটা তাড়না আছে। এত কাছে এসে ফিরে যেতে চায় না কেউ। অন্তত শেষ ম্যাচ পর্যন্ত আমরা যেন প্রতিদ্বন্দ্বিতায় থাকি।