‘দুর্বল প্রশাসনের কারণেই রামুতে হামলা’
দুর্বল প্রশাসনিক ব্যবস্থার কারণেই সন্ত্রাসীরা কক্সবাজারের রামুতে হামলার সুযোগ পেয়েছে। আজ শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে নাগরিক ঐক্য আয়োজিত গোলটেবিল আলোচনায় বক্তারা এ কথা বলেন। বক্তারা ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ‘বৌদ্ধবসতিতে অমানবিক হামলার পরিপ্রেক্ষিতে গোলটেবিল’ শীর্ষক এ আলোচনায় ড. কামাল হোসেন বলেন, ‘সন্ত্রাস, দুর্নীতি ও দলবাজির কারণে প্রশাসনিক কাঠামো দুর্বল হয়ে পড়েছে, যে কারণে সরকার দায়িত্ব পালনে বারবার ব্যর্থ হচ্ছে। অতীতে সব সরকারই অপরাধীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। এর কারণ দুর্বল রাজনৈতিক ভিত্তি। এর ভেতরেই সাম্প্রদায়িকতা জায়গা পেয়েছে, যে কারণে রামুর মন্দিরে হামলা হয়েছে। সুস্থ রাজনীতির অনুশীলন হলে সন্ত্রাস, দুর্নীতি ও সাম্প্রদায়িকতার বীজ ধ্বংস হয়ে যাবে।’ অনুষ্ঠানের সঞ্চালক ও আওয়ামী লীগের নেতা মাহমুদুর রহমান মান্না বলেন, ‘প্রধানমন্ত্রী রামুতে যাচ্ছেন। এখন গোয়েন্দাদের না জানিয়ে রামুর গাছের একটি পাতাও নড়ে না। প্রশ্ন হলো, এই গোয়েন্দাদের দৃষ্টি এড়িয়ে রামুতে এত বড় ঘটনা কীভাবে ঘটল? বাংলাদেশ যে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এ ঘটনার মধ্য দিয়ে বিশ্ববিবেকের কাছে তা প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা বৌদ্ধসম্প্রদায়ের কাছে ক্ষমা চাইলে বৌদ্ধদের কষ্ট কিছুটা প্রশমিত হতো। কিন্তু তাঁরা তা চাননি।’ সাবেক তথ্য প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের নেতা আবু সাইয়ীদ বলেন, ‘ধর্মকে রাজনীতিতে ডেকে আনলে রাজনীতি থাকে না, ধর্মও থাকে না। অথচ শাসকদলসহ এমন কোনো দল নেই, যারা ধর্মকে ব্যবহার করে না। কেবল মাত্রায় কমবেশি আছে। কেউ ১০ শতাংশ, কেউ ১৫ শতাংশ ব্যবহার করে। সমাজের সব স্তরের সাম্প্রদায়িক মনোভাব উপড়ে না ফেললে সমস্যা চলতেই থাকবে।’ আইনজীবী শাহদীন মালিক বলেন, রামুর ঘটনা থেকে ব্যর্থ সমাজের প্রতিধ্বনি পাওয়া যায়। সরকারের আইন অমান্য করার প্রবণতা অন্যদের মধ্যে সংক্রমিত হয়েছে। তারই ধারাবাহিকতায় রামুতে হামলা হয়েছে।ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পিয়াস করিম বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, বিরোধী দল ও রোহিঙ্গারা রামুতে হামলা করেছে। অথচ পত্রিকায় দেখলাম আওয়ামী লীগ ও ছাত্রলীগ জ্বালাও-পোড়াও আন্দোলনের মিছিলে নেতৃত্ব দিয়েছে। বিষয়টি এমন হয়েছে যে, কেউ জোরে হাঁচি দিলে জঙ্গিবাদী, কাশি দিলে যুদ্ধাপরাধের বিচার ব্যাহত করার অপচেষ্টার দায়ে অভিযুক্ত হন। প্রমাণ না নিয়ে এভাবে কাউকে অভিযুক্ত করা বিপজ্জনক খেলা।’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল বলেন, ‘রামুর ঘটনায় সাম্প্রদায়িক অবয়ব আছে। এর পেছনে কি রাজনীতি নেই? খুঁজে বের করতে হবে, এই ঘটনায় কারা লাভবান হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী রামু সফর করার পরের দিন কীভাবে পটিয়া ও উখিয়ায় হামলা হলো? সেখানে পুলিশ বাহিনী কী করেছে? এর পেছনে আন্তর্জাতিক রাজনীতির ষড়যন্ত্রও আছে।’ বৌদ্ধসম্প্রদায়ের নেতা বুদ্ধানন্দ মহাথের বলেন, ‘বৌদ্ধরা অষ্টম শতাব্দী থেকে এখানে বসবাস করছে। অতীতে কখনো এমন ঘটনা ঘটেনি। হঠাত্ কেন ঘটল? এ ঘটনার সঙ্গে সাম্প্রদায়িক গোষ্ঠী জড়িত। তারা সম্প্রীতি নষ্ট করার জন্য বৌদ্ধমন্দিরে হামলা চালিয়েছে।’ পার্বত্য চট্টগ্রাম সমিতির সভাপতি এস বি চাকমা বলেন, রাঙামাটির ঘটনার পর সরকার সন্ত্রাসীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক কোনো পদক্ষেপ নেয়নি। তারই ধারাবাহিকতায় রামুতে হামলা হয়েছে।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বৌদ্ধসম্প্রদায়ের নেতা ধর্মমিত্র মহাথের, সাবেক রাষ্ট্রদূত এস এস চাকমা, নৌবাহিনীর সাবেক কর্মকর্তা মো. হারেস প্রমুখ। অনুষ্ঠানে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না জানান, আগামী মঙ্গলবার চট্টগ্রামে রামুর ঘটনার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হবে। তার আগে নাগরিক ঐক্য কক্সবাজারের রামু এলাকা পরিদর্শন করবে।