রেলে ১০৭ নাশকতা, ছয়টির তদন্ত হয়েছে
‘দুর্বৃত্তদের’ দায়ী করে দায় শেষ, কাউকে চিহ্নিত করা যায়নি
গত পাঁচ সপ্তাহে রেলের পূর্ব ও পশ্চিমাঞ্চলে সংঘটিত ১০৭টি নাশকতার মধ্যে শুধু সাতটি ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ছয়টি কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে। সব প্রতিবেদনেই ঘটনার জন্য কেবল ‘দুর্বৃত্তদের’ দায়ী করা হয়। রেলের কোনো কর্মকর্তা-কর্মচারী বা নিরাপত্তার দায়িত্বে থাকা কারও কোনো অবহেলা বা সংশ্লেষের তথ্য তাতে স্থান পায়নি। ধারাবাহিক নাশকতার ঘটনায় রেলের ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগ নিয়ে গঠিত পূর্বাঞ্চলে ৩৮টি মামলা হয়েছে। এসব মামলায় এ পর্যন্ত গ্রেপ্তার দেখানো হয়েছে ৭৩ জনকে। সব কটি মামলার তদন্ত চললেও পুলিশ নাশকতার সঙ্গে সম্পৃক্ত কাউকে চিহ্নিত করতে পারেনি।রেলওয়ে পূর্বাঞ্চলের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘৭৩ জনকে গ্রেপ্তার করেছি। এর মধ্যে কুমিল্লায় রেললাইন উপড়ে ফেলার ঘটনায় ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের রিমান্ডে নেওয়ার আবেদন করেছি। বাকি ৫৫ জন আসামির কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ তথ্য পাইনি।’পশ্চিমাঞ্চলের পূর্ণাঙ্গ তথ্য জানা সম্ভব হয়নি।রেলওয়ে সূত্র জানায়, ২৮ ফেব্রুয়ারি থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত পাঁচ সপ্তাহে পূর্বাঞ্চলে ৯১টি এবং পশ্চিমাঞ্চলে ১৬টি নাশকতার ঘটনা ঘটেছে। সর্বশেষ গতকাল জামালপুরে রেললাইনে গ্রেনেড পুঁতে রাখার মতো ঘটনা ঘটেছে। ঢাকা থেকে সেনাবাহিনীর বিশেষ দল গিয়ে তা নিষ্ক্রিয় করেছে।গত মঙ্গলবার ভোরে চট্টগ্রামগামী তূর্ণা নিশীথা কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার শ্রীমন্তপুরে নাশকতার শিকার হয়। এতে রেলের চার কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে। আহত হয়েছে ৩০ যাত্রী। এ ঘটনার তদন্ত এখনো চলছে। ছয়টি তদন্ত প্রতিবেদনেই নাশকতার জন্য ‘দুর্বৃত্তদের’ দায়ী করা হলেও একাধিক রেল কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেছেন, এই ‘দুর্বৃত্ত’ আসলে জামায়াত-শিবিরের কর্মীরা। তাঁদের ডাকা হরতালের সময় বা আগে প্রতিটি ঘটনা ঘটেছে। কুলাউড়ার নাশকতার ঘটনায় রেলের দুই কর্মকর্তার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনে তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে তা তদন্ত প্রতিবেদন দেওয়ার আগেই করা হয়েছে। বড় নাশকতায় সাত তদন্ত কমিটি: পূর্বাঞ্চলে গত মঙ্গলবার ভোরে কুমিল্লায়, ২৮ ফেব্রুয়ারি ফেনীতে, ৪ মার্চ ঢাকার কমলাপুরে ও ১৯ মার্চ বৃহত্তর সিলেটের কুলাউড়ায় বড় নাশকতার ঘটনা ঘটে। এই চারটির মধ্যে তিনটি ঘটনায় কমিটি প্রতিবেদন দিয়েছে। পশ্চিমাঞ্চলে রাজশাহীতে সিল্কসিটি এক্সপ্রেসের কোচে আগুন এবং গাইবান্ধায় বামনডাঙ্গা স্টেশন ও বগুড়া স্টেশন অগ্নিসংযোগের ঘটনায়ও তদন্ত কমিটি পৃথক প্রতিবেদন দিয়েছে।কোনো প্রতিবেদনেই রেলের কর্মকর্তা-কর্মচারীদের কোনো গাফিলতি বা সংশ্লেষ আছে কি না, সে বিষয়ে কিছু বলা হয়নি। ভবিষ্যতে নাশকতা এড়াতে তারা কোনো সুপারিশও করেনি। কমলাপুরে কোচে আগুন: কেবল গত ৪ মার্চ কমলাপুরে উপকূল এক্সপ্রেসের তিনটি কোচের আগুন লাগানোর ঘটনায় তদন্ত কমিটি কিছু সুপারিশ করেছে। এ ঘটনার জন্যও ‘দুর্বৃত্তদের’ দায়ী করা হয় প্রতিবেদনে। দেশের প্রধান রেলস্টেশনে ঘটা ওই নাশকতার জন্য রেলের কারও বিরুদ্ধে কোনো কিছু বলেনি কমিটি। আসেনি নিরাপত্তার প্রসঙ্গটিও। এই কমিটির প্রধান ছিলেন বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) সালাহউদ্দিন। কমিটি নাশকতা এড়ানোর জন্য কমলাপুর স্টেশনের অচল ১৪টি সিসিটিভি ক্যামেরা সচল করা, স্টেশনে পর্যাপ্ত অগ্নিনির্বাপক যন্ত্র রাখা, রেলের প্রত্যেক কর্মকর্তা ও কর্মচারীকে আগুন নেভানোর প্রশিক্ষণ দেওয়া, গুরুত্বপূর্ণ স্টেশনে অগ্নিনির্বাপণ ও নাশকতাবিরোধী মহড়ার ব্যবস্থা করা এবং ট্রেনের ইঞ্জিন, গার্ডরুম ও পাওয়ার কারে অগ্নিনির্বাপক যন্ত্র রাখার সুপারিশ করেছে। পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. তাফাজ্জল হোসেন প্রথম আলোকে বলেন, ‘মহড়া ছাড়া বাকি সুপারিশ আমরা বাস্তবায়নের কাজে হাত দিয়েছি। নাশকতা ঠেকানোও একধরনের মহাড়া। সেই মহড়ার কাজে আমরা ব্যস্ত আছি।’কুলাউড়ায় ট্রেন লাইনচ্যুত: গত ১৯ মার্চ কুলাউড়া স্টেশনের অদূরে ফিসপ্লেট খুলে রাখায় ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটির প্রধান ছিলেন বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও)। পূর্বাঞ্চলের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওপিএস) মো. বেলাল উদ্দিন বলেন, তদন্তে দেখা গেছে, কুলাউড়ায় রেললাইনের ফিসপ্লেট খুলে ফেলার আগাম তথ্য পেয়েছিলেন স্থানীয় কর্মকর্তারা। কিন্তু কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তবে গাফিলতির অভিযোগে তদন্ত প্রতিবেদন দাখিলের আগেই স্টেশনমাস্টার ও উপসহকারী প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।ফেনীতে ট্রেন লাইনচ্যুত: গত ২৮ ফেব্রুয়ারি রাতে চট্টগ্রামগামী ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে বলেছে, জামায়াত-শিবিরের ডাকা হরতালে দুর্বৃত্তরা ফিসপ্লেট খুলে রাখে। এই তদন্ত কমিটির প্রধান ছিলেন বিভাগীয় পরিবহন কর্মকর্তা। পশ্চিমাঞ্চলে তিন নাশকতা: মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের আদেশের পর রাজশাহীতে সিল্কসিটি এক্সপ্রেসের কোচে আগুন এবং গাইবান্ধা বামনডাঙ্গা স্টেশন জ্বালিয়ে দেওয়া ও বগুড়া স্টেশনে একটি কক্ষ পুড়িয়ে দেওয়ার ঘটনায় তিনটি তদন্ত কমিটি করা হয়। পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক ফেরদৌস আলম বলেন, এ অঞ্চলে ১৬টি নাশকতা হয়েছে। বড় তিনটি ঘটনার জন্য দুর্বৃত্তরা দায়ী এবং ঘটনাগুলো ঘটেছে তাৎক্ষণিকভাবে। এতে রেলের সাড়ে সাত কোটি টাকা ক্ষতি হয়েছে।ওয়েম্যানদের সতর্ক থাকতে নির্দেশ: রেললাইন পাহারা দেওয়া ও লাইনে ত্রুটি দেখলে দ্রুত সারিয়ে তোলার কাজে নিয়োজিত ওয়েম্যানদের আরও সতর্ক থাকার নির্দেশ দিয়েছে রেল কর্তৃপক্ষ। পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী এ কে এম মাহবুব উল আলম বলেন, প্রতি পাঁচ কিলোমিটার রেললাইন মেরামত ও পাহারার জন্য দুজন করে ওয়েম্যান থাকেন। দিনের বেলায় তাঁরা সঠিকভাবে দায়িত্ব পালন করে আসছেন। রাতের দিকে কেবল পাহারার কাজে চলে। মাহবুব উল আলম বলেন, দুর্বৃত্তরা রেললাইনের বাঁকগুলোকে লক্ষ্যবস্তু করে নাশকতা চালাচ্ছে। কারণ, লাইনের বাঁকে ফিসপ্লেট খুলে রাখা হলে ইঞ্জিনের বাতির আলোতে তা দেখা যায় না। এ কারণে কুমিল্লা, ফেনী ও কুলাউড়ায় ট্রেন লাইনচ্যুত হয়েছে। পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. তাফাজ্জল হোসেন জানান, নজরদারি বাড়ানো হয়েছে। রেললাইনে নাশকতার তথ্য ওয়েম্যানরা যদি আগাম জানাতে পারেন, তা হলে চালকেরা আগেই ট্রেন থামিয়ে দিতে পারবেন। এতে অন্তত দুর্ঘটনা এড়ানো যাবে।