‘দুর্ভাগ্য, এ দেশে খেলতে পারলাম না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্ভাগ্য আর কাকে বলে! হঠাৎই মেরুদণ্ডে সমস্যা দেখা দিল। অস্ত্রোপচার করাতে বাধ্য হলেন। বাংলাদেশে তাই খেলা হচ্ছে না শেখ রাসেলের নাইজেরিয়ান স্ট্রাইকার প্রিন্স কবির বেল্লোর। ফিরে যাচ্ছেন দেশে। কিন্তু ২৭ বছর বয়সী ফুটবলারের দুঃখ, ঢাকার মাঠে নিজের ঝলকটা দেখানোর সুযোগই পেলেন না  শুনলাম আপনি নাকি দেশে ফিরে যাচ্ছেন?প্রিন্স কবির বেল্লো: হ্যাঁ, ফিরে যেতে বাধ্যই হচ্ছি। সপ্তাহ খানেক আগে আমার মেরুদণ্ডে একটা অপারেশন হয়েছে।  সমস্যাটা কী?প্রিন্স: ঢাকায় আসার পর অনুশীলনে একদিন পিঠে ব্যথা করল। ডাক্তার দেখলাম। তারা বলল, হাড়ে কী একটা সমস্যা হয়েছে। অপারেশন করতে হবে। সপ্তাহ খানেক আগে অপারেশন করিয়েছি। ফিট হতে আর মাস খানেক লাগবে। তারপর খেলতে পারব।  শেখ রাসেলের সভাপতি বলেছেন, পুরোপুরি ফিট হয়ে আপনার মাঠে নামতে ছয় মাস লাগবে। প্রিন্স: আসলে ডাক্তার বলেছেন, ছয় সপ্তাহের মতো দরকার। এরই মধ্যে এক সপ্তাহ পেরিয়ে যাওয়ায় আমার ফিট হতে অতো লম্বা সময় লাগবে না। যা-ই হোক, শেখ রাসেল আমার সঙ্গে চুক্তি বাতিল করেছে। আমাকে ফিরে যেতেই হচ্ছে। সম্ভবত, ফেব্রুয়ারির মাঝামাঝি নাগাদ চলে যাব। বাংলাদেশে মাঠেই নামা হলো না আপনার। খারাপ লাগছে না?প্রিন্স: ভীষণ খারাপ লাগছে। দুর্ভাগ্য, এ দেশে খেলতে পারলাম না। আমার বিশ্বাস ছিল, বাংলাদেশে খেলাটা আমার জন্য সহজ হবে। কেননা, আমি ইরানের অন্যতম শীর্ষ ক্লাব সিফানে পাঁচ বছর খেলেছি। ওই দলটির হয়ে ২০০৭ জাপান বিশ্ব ক্লাব কাপে আমার অংশগ্রহণ ছিল। আমার সময় সিফান ঘরোয়া লিগে তিনবার এবং এশিয়ান চ্যাম্পিয়নস লিগে চারবার চ্যাম্পিয়ন হয়েছে। তাহলে তো আপনার খেলা বাংলাদেশের দর্শক এবং আপনার ক্লাবও বঞ্চিত হবে মনে হচ্ছে। প্রিন্স: আমিও তা-ই মনে করি। এখানে মৌসুমে ৩০-৪০টা গোল করতে পারতাম, যেটা আমি ইরান ও ইন্দোনেশিয়ায় করেছি। ইরান ছেড়ে শেষ দুই বছর জাকার্তার একটা শীর্ষ ক্লাবে খেলেছিলাম। শেখ রাসেলের সভাপতির সঙ্গে তারপর যোগাযোগ এবং বাংলাদেশে আসা। কিন্তু হলো না, আমার খুবই কষ্ট হচ্ছে এখানে খেলতে না পেরে। তবে পেশাদার ফুটবলার হিসেবে মেনে নিতেই হবে। ২০০৭ বিশ্ব ক্লাব কাপে খেলার কথা বলছিলেন। কটা ম্যাচ খেলেছেন?প্রিন্স: আমার দল ওই টুর্নামেন্টে ছিল এসি মিলান, বোকা জুনিয়র্স এবং জাপানের একটা ক্লাবের গ্রুপে। বোকা আর জাপানের ক্লাবটার বিপক্ষে খেলেছি এবং জাপানের ক্লাবের বিপক্ষে আমার গোল আছে। টুর্নামেন্টে দুটি গোল করেছিলাম।  আপনার স্ত্রীও নাকি ঢাকায়?প্রিন্স: হ্যাঁ, সে লন্ডনে পড়াশোনা করে। আমার অসুস্থতার খবর শুনে এখানে এসেছে। এমনিতে সে ইরানি। আমি ১৮ বছর বয়সে ইরানে যাই। বিয়ে করেছি ৭ বছর আগে।  সুযোগ হলে বাংলাদেশে আবার আসবেন?প্রিন্স: অবশ্যই আসতে চাই। এমনকি মাস খানেক পর কোন ক্লাব আমাকে চাইলে এখানে খেলব। এসেছি যখন, একেবারেই খেলতে না পারলে মনটাকে বোঝাতে পারব না। আমি এসেছিলাম ৩০ নভেম্বর। তারপর অনুশীলন করছিলাম শেখ রাসেলের সঙ্গে। এখানে মাঠ শক্ত। পড়ে গিয়ে পিঠে ব্যথা লাগল, তারপর দ্রুত সব ঘটে গেল।