‘দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে নীতিনির্ধারকদের দ্রুত পদক্ষেপ নিতে হবে’
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য সৈয়দ সাখাওয়াত হোসেন বলেছেন, ‘দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে দেশের নীতিনির্ধারকদের দ্রুত পদক্ষেপ নিতে হবে এবং এ-বিষয়ক বিভিন্ন তথ্য শহর থেকে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত সবার কাছে পৌঁছে দিতে হবে। এ ছাড়া প্রতিটি এলাকার অন্তত ১০ জনের মধ্যে দুর্যোগ প্রশমন ও ব্যবস্থাপনাবিষয়ক বিভিন্ন তথ্য ও করণীয় বিষয় সম্পর্কে ধারণা পৌঁছে দিতে পারলে মনুষ্যসৃষ্ট দুর্যোগ দূর করার পাশাপাশি দুর্যোগ-পরবর্তী ঝুঁকি ও ক্ষয়ক্ষতি অনেকটা কমানো সম্ভব হবে।’১৩ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের সম্মেলনকক্ষে ‘দুর্যোগ প্রশমন ও ব্যবস্থাপনা’বিষয়ক সেমিনারে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন অধ্যাপক আ ক ম মোস্তফা জামান। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দুর্যোগ ব্যবস্থাপনাবিষয়ক বিশেষজ্ঞ ও যুক্তরাজ্যের সেলফোর্ড বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিল্ট এনভায়রনমেন্টের অনুষদীয় সদস্য উদয়ন গনী কুলাতুঙ্গা। বিশেষ অতিথির বক্তব্য দেন আমেরিকার ইউএসএ বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান বিভাগের অধ্যাপক রফিক উদ্দিন, ডিন কাউন্সিলের আহ্বায়ক মো. আলী আজগর ভূঁইয়া, উচ্চতর শিক্ষা ও গবেষণার ডিন মো. হারুনর রশীদ, কৃষি অনুষদের ডিন মো. রবিউল হক প্রমুখ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্বদেশ চন্দ্র সামন্ত, জহুরুল হক, শামীম মিয়া, আবদুল আহাদ বিশ্বাস, গোপাল সাহা প্রমুখ।এরপর দুপুর ১২টায় কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের উদ্যোগে ‘ইমপ্যাক্ট অব ক্লোনিং অ্যান্ড ইট্স ইথিক্যাল, সোশাল অ্যান্ড লিগ্যাল ইমপ্লিকেশন’ (‘ক্লোনিংয়ের প্রভাব এবং এর নৈতিক, সামাজিক ও আইনগত প্রয়োগ’) শীর্ষক আরেকটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রফিক উদ্দিন।