‘দূরবীন ভাঙেনি’
‘খবরটা শুনে আমরা নিজেরাই অবাক হয়েছিলাম। বুঝতে পারছি, একটা মহল দূরবীনের সাফল্যকে স্বাভাবিকভাবে নিতে পারছে না। তারাই এখন এই ব্যান্ডকে ভাঙার চক্রান্ত করছে, দূরবীন ভেঙে গেছে বলে গুজব ছড়াচ্ছে। আমরা সবাইকে জানাতে চাই, দূরবীন ভাঙেনি।’ বললেন দূরবীন ব্যান্ডের দলনেতা শহীদ। তিনি জানান, আজ আরটিভিতে রাত ১২টা ৫ মিনিটে ‘বাংলালায়ন মিউজিক ফেস্ট’ অনুষ্ঠানে গান করবে দূরবীন। এখানে আরফিন রুমীসহ ব্যান্ডের সব সদস্য উপস্থিত থাকবেন। এদিকে খবরটিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন দূরবীন ব্যান্ডের অন্যতম সদস্য আরফিন রুমী।গতকাল বুধবার দুপুরে শহীদ জানান, তিনিসহ দূরবীন ব্যান্ডের সঙ্গে এখনো যুক্ত আছেন আরফিন রুমী, কাজী শুভ, আইয়ুব শাহরিয়ার, জনি, ফাহাদ, সজীব, সবুজ, প্রণব, শান্ত, কামরুল এবং মামুন। আজকের অনুষ্ঠানে দুই ঘণ্টা গান করবে দূরবীন। এর মধ্যে দূরবীনের গান ছাড়াও শিল্পীরা নিজেদের জনপ্রিয় গানগুলোও করবেন। অনুষ্ঠানে ২৫টি গান করার পরিকল্পনা আছে দূরবীনের।