‘দেখা যাক বিশ্বকাপে কী হয়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলছেন ক্রিস্টিয়ানো রোনালদো দলবদলের বিশ্ব রেকর্ড ভেঙে দিয়ে তাঁর আগমন রিয়াল মাদ্রিদে। ফলাফল? প্রথম মৌসুমটা একেবারেই খালি হাতে ফেরা! ক্রিস্টিয়ানো রোনালদো জানাচ্ছেন, শিরোপাশূন্য এই মৌসুমটার সব ব্যর্থতা মুছে যেতে পারে একটিমাত্র শিরোপা দিয়েই—বিশ্বকাপ! রিয়াল মাদ্রিদ জোন ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকার বিশ্বকাপ তো দুয়ারে। পর্তুগালের প্রস্তুতি কেমন?রোনালদো: বাছাইপর্বে আমরা আমাদের সেরা খেলাটা খেলতে পারিনি। তাই চূড়ান্ত পর্বে প্রথম ম্যাচ শুরুর আগের প্রস্তুতিটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা বেশ ভালোমতোই প্রস্তুতি নেব। সতীর্থ কাকার ব্রাজিল তো আপনাদের গ্রুপেই পড়েছে।রোনালদো: ব্রাজিল নিয়ে আমি খুব বেশি মাথা ঘামাচ্ছি না। গ্রুপ পর্বে সবার শেষে ওদের সঙ্গে আমাদের ম্যাচটা হবে। তাই আমরা যদি প্রথম দুটো ম্যাচ জিতে নিতে পারি, এই ম্যাচে আমরা কোনো চাপ ছাড়াই খেলতে পারব। কাকা তো রিয়ালের হয়ে খুব বেশি ভালো খেলতে পারেননি। যেন নিজের ছায়া হয়ে ছিলেন। আপনি কী মনে করেন?রোনালদো: আসলে ও বেশ কিছু সমস্যায় ভুগছিল। ইনজুরিও ছিল। কিন্তু আমি নিশ্চিত বিশ্বকাপে ও সেরা খেলোয়াড়দের তালিকাতেই থাকবে। ‘শিরোপাশূন্য ২০১০’! এটাই কি আপনার ক্যারিয়ারের সবচেয়ে বাজে বছর?রোনালদো: হ্যাঁ, তা তো বটেই। কারণ আপনি যদি কিছুই না জেতেন, তার মানে একটি বছর পুরোপুরি বাতিলের খাতায় চলে গেল আপনার জন্য। তবে এখনই সবকিছু শেষ হয়ে যায়নি। বিশ্বকাপের পরই না হয় এই প্রশ্নের উত্তর দেব। অনেকেই বলছেন, মেসি আপনার চেয়ে ভালো, আপনি কী মনে করেন?রোনালদো: সম্ভবত হ্যাঁ। কিন্তু সত্যি বলতে কি, বার্সা দলটাই দুর্দান্ত খেলছে। গতবার ওরা তো পাঁচ-ছয়টি শিরোপাই জিতল। লা লিগারও সেরা ওরা। গত বছর মেসি দুর্দান্ত খেলেছে। এ বছরও। কিন্তু ও তো আর একা খেলছে না, ওর দলও ওকে সাহায্য করছে। আর তা ছাড়া আগের চেয়ে এখন (বার্সা) সতীর্থদের সঙ্গে ওর বোঝাপড়াও ভালো। মেসির আগে রাজত্বটা কিন্তু রোনালদোরই ছিল। সেই রোনালদো আবার কবে রাজত্ব ফিরে পাবে?রোনালদো: আমি মনে করি, আমি নিজে সব সময় সেরা ফর্মেই থাকি। মাদ্রিদ (রিয়াল) যদি কিছু না জেতে তার মানে কিন্তু এমন নয় আমি ভালো খেলছি না। নিজেকে আরও মেলে ধরতে প্রতিদিনই আমি কঠোর পরিশ্রম করি। এটা মাদ্রিদে আমার প্রথম বছর। দলগতভাবে আমরা হয়তো আরও ভালো খেলতে পারতাম। কিন্তু ব্যক্তিগতভাবে নিজের খেলা নিয়ে আমার কোনো অভিযোগ নেই। ড্রিবলিং, শুটিং, গতি—কোনটি আপনাকে বেশি স্পেশাল করে তোলে?রোনালদো: এসবই আমার সহজাত গুণ। আমি জন্মগতভাবেই এসব পেয়েছি। আপনার প্রতিভা থাকতে পারে, কিন্তু তার পরও আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। প্রতিদিন অনুশীলন না করলে আপনি মোটেও এগিয়ে যেতে পারবেন না। স্পোর্টিং লিসবন থেকে ম্যানইউতে আসা নাকি ম্যানইউ থেকে রিয়াল মাদ্রিদ—কোন সময়টায় আপনার জীবনে সবচেয়ে বেশি পরিবর্তন এসেছে?রোনালদো: আমার জীবন সবচেয়ে বেশি পাল্টেছে আমি যখন ম্যানচেস্টারে এলাম। তবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দল রিয়ালের অংশ হওয়াটাও কখনো-সখনো সহজ ছিল না। আমি এখানকার অংশ হতে পেরে খুবই আনন্দিত। রিয়াল মাদ্রিদে আমার আস্থা আছে। ম্যানচেস্টারও একটা গ্রেট দল। তবে আমি চাই ইংল্যান্ডে যতটা জিতেছি, রিয়ালের হয়েও যেন সেটি জিততে পারি।  হেরে গেলে আপনি কী রকম প্রতিক্রিয়া দেখান?রোনালদো: হতাশ হয়ে পড়ি। কখনো কখনো আমি আমার মা কিংবা বোনদের সঙ্গে কথাও বলি না।  হেরে যাওয়ার পর কেঁদেছেন, এমনটা হয়েছে কখনো?রোনালদো: হ্যাঁ, হয়েছে। মেসি বলেছেন, কিংবদন্তি হতে গেলে তাঁকে অবশ্যই আর্জেন্টিনার হয়ে বড় কিছু জিততে হবে। আপনিও কি তা-ই মনে করেন?রোনালদো: অবশ্যই। বড় চ্যাম্পিয়নদের আবির্ভাব হয় বড় টুর্নামেন্টগুলো, গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতেই। আমি নিজেও এখনো পর্তুগালের হয়ে কিছুই জিততে পারিনি। দেখা যাক বিশ্বকাপে কী হয়। যাই হোক, মেসি আর ওর আর্জেন্টিনাকে আমার শুভকামনা।