‘দেখি, নতুন কমিটি কী করে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অতীতের ধারাবাহিকতাই চলছে। জাতীয় ফুটবল দল নিয়ে বাফুফের নতুন কমিটিরও কোনো পরিকল্পনা দৃশ্যমান নয়। চেয়ারে বসার জন্য কর্তারা যতটা ব্যগ্র, চেয়ার পেয়ে কাজের প্রতি অনীহা ততই বেশি প্রকাশ পায়। সর্বশেষ জাতীয় দলের অধিনায়ক মোহাম্মদ সুজন খুব আশাবাদী নন সাত মাস তো চলে গেল। জাতীয় দলের কোনো খেলা নেই। কী ভাবছেন এটা নিয়ে?মোহাম্মদ সুজন: একটা কথাই ভাবছি, এভাবে আর কত দিন! সেই ডিসেম্বরে দিল্লিতে সাফ ফুটবল খেলে এলাম, তারপর আর জাতীয় দলের খেলা নেই। শুনলাম, এ বছর নাকি জাতীয় দল আর কোনো ম্যাচ পাচ্ছে না। মানে পুরো বছরটাই ফাঁকা। এই যুগে এসে এটা অবিশ্বাস্য লাগছে।  কিন্তু বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন তো বলেছেন, তিনি বাংলাদেশকে এশিয়ার সেরা ১৫-তে নেবেন। এটি কি বাস্তব মনে করেন?সুজন: দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগোলে এই স্বপ্ন পূরণ করা একেবারে অসম্ভব কিছু নয়। কিন্তু দুর্ভাগ্য হলো, আমরা কোনো পরিকল্পনা দেখছি না। মুখে বলে লাভ নেই, কাজে বাস্তবায়ন ঘটাতে হবে।  বাফুফের নতুন কমিটি এসেছে আড়াই মাসের বেশি। নতুন জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির শুধু চেয়ারম্যানের নাম ঘোষিত হয়েছে, বাকি কমিটির খবর নেই। কী আলামত দেখছেন?সুজন: আমি বলব, সময় নষ্ট করার সময় নেই। দীর্ঘ মেয়াদে এবং বাস্তবভিত্তিক পরিকল্পনা নিয়ে দ্রুত ঝাঁপিয়ে পড়তে হবে। নইলে আন্তর্জাতিক আসরে গিয়ে আমরা আর দাঁড়াতেই পারব না। অন্যরা অনেক এগিয়ে গেছে। শুধু আমরাই দিন-দিন পিছিয়ে যাচ্ছি।  কিন্তু আমাদের ফেডারেশন কর্মকর্তাদের তো মানমর্যাদা অনেক বাড়ছে। সকাল-বিকেল ফিফা-এএফসিতে যাতায়াত করেন। জাতীয় দল নিয়ে কেন এত উদাসীনতা? সুজন: এটা তো আমাদের দেশের রীতি। গদিতে বসার আগে অনেক উৎসাহ। কিন্তু গদি পেলে তা আর দেখি না। সব ভুলে যাওয়ার নিয়মই চলছে। তবে নতুন কমিটি এসেছে, তিন মাস হতে চলল। এখন দেখি নতুন কমিটি কী করে। তাদের সুযোগ দিয়ে দেখি।  আড়াই মাসের ওপরেও যে ফেডারেশন ব্যবস্থাপনা কমিটি ঘোষণা করতে পারল না, তাদের কাছে আসলে কতটা চাওয়ার আছে?সুজন: আমার মনে হয়, আরেকটু দেখি আমরা। কমিটি কী করে, সেটার ওপর চোখ রাখব।  সকাল দেখলেই বোঝা যায় দিনটা কেমন কাটবে। তার পরও নতুন কমিটির কাছে জাতীয় দলের ব্যাপারে কী প্রত্যাশা আপনার? সুজন: দীর্ঘ মেয়াদে একজন বিদেশি কোচ আনা হোক। স্থানীয় কোচ চাই না। কারণ, তাঁদের অনেকের অনেক ব্যক্তিগত পছন্দ থাকে। কারও নাম বলব না, তবে ১২ বছর ধরে জাতীয় দলে খেলার সুবাদে এটা কাছ থেকে দেখেছি। তাই বিদেশি কোচ আমার একান্ত চাওয়া।  বিদেশি কোচ এনে লাভ কী? তাঁদের তো নানা অজুহাতে দুই দিন পরই তাড়িয়ে দেওয়া হয়...সুজন: তার পরও বিদেশি কোচই আনা উচিত। জর্জ কোটানের কথা কখনো ভুলব না। সময় পেয়েছিলেন তিনি, ২০০৩ সাফে আমাদের চ্যাম্পিয়ন করে গেছেন। কোচকে সময় দিলে ভালো ফল আসবেই। পাশাপাশি বিদেশি দল আনতে হবে এবং দল বিদেশে পাঠিয়ে ম্যাচ খেলাতে হবে। নতুন কমিটি এটা করবে আশা করি। তবে ঘরোয়া ফুটবলে বিদেশি খেলোয়াড় না কমালে আমাদের কপালে আরও দুঃখ আছে। নতুন করে আর কী দুঃখ অপেক্ষা করছে? সুজন: পরিষ্কার দেখতে পারছি, বিদেশি না কমালে ভবিষ্যতে হয়তো জাতীয় দলের জন্য খেলোয়াড়ই পাওয়া যাবে না। বিশেষ করে স্ট্রাইকার-সংকট তীব্র হয়ে উঠেছে।