জনগণ ভবিষ্যতে এমন কাউকেই ক্ষমতায় আনবে না, যারা যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম বন্ধ করবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী শফিক আহমেদ।আজ শনিবার এশিয়াটিক সোসাইটি মিলনায়তনে পেশাজীবী নারীসমাজ ও সেক্যুলার ইউনিটির যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় আইনমন্ত্রী এ কথা বলেন।আইনমন্ত্রী বলেন, কোনো যুদ্ধাপরাধীই বিচার এড়াতে পারবে না। যেসব যুদ্ধাপরাধী দেশের বাইরে পালিয়েছে বা আত্মগোপনে আছে, তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা হবে বলে আশ্বাস দেন আইনমন্ত্রী।বিচারপ্রক্রিয়া ব্যর্থ হলে সমগ্র জাতি ব্যর্থ হবে বলে আশঙ্কা প্রকাশ করেন লে জে (অব.) এম হারুন-অর-রশীদ। তিনি বলেন, সরকারের গড়িমসি দেখে মনে হচ্ছে, সরকার এ বিচারে প্রয়োজনীয় গুরুত্ব দিচ্ছে না।মুক্তিযুদ্ধ গবেষক এম হাসান বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের জন্য রাষ্ট্র ও জনগণকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি বলেন, বিচারকে দ্রুতগামী করতে ট্রাইব্যুনালের সংখ্যা পাঁচে উন্নীত করা উচিত। অভিযোগের সংখ্যা কমিয়ে ট্রাইব্যুনালকে শক্তিশালী করার পরামর্শ দেন তিনি।ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী যুদ্ধাপরাধীদের শাস্তি দেওয়ার মধ্য দিয়ে নিজেকে গর্বিত করার প্রয়াস ব্যক্ত করেন।সাংবাদিক শাহীন রেজা নূর বলেন, যুদ্ধাপরাধীদের বিচার করা শহীদ পরিবারসহ সমগ্র দেশবাসীর দাবি। এ বিচার নস্যাত্ করার চক্রান্ত-ষড়যন্ত্র সবাইকে রুখে দাঁড়াতে হবে।পেশাজীবী নারীসমাজের সাধারণ সম্পাদক আফরোজা হক বলেন, যাঁরা যুদ্ধাপরাধীদের রক্ষা করার চেষ্টা করবেন বা পক্ষ নেবেন, তাঁরাও যুদ্ধ অপরাধীদের রক্ষা-আশ্রয়-প্রশ্রয় দেওয়ার দোষে দোষী হবেন। তাঁদেরও বিচারের সম্মুখীন হতে হবে।সংগঠনের সভাপতি অধ্যাপক মাহফুজা খানম বলেন, যুদ্ধাপরাধীদের বিচার আজ জাতীয় দাবি।