‘দেখে মনে হলো যেন রবীন্দ্রনাথ’
গত মঙ্গলবার পণ্ডিত রবিশঙ্করকে দেখে নাকি শুরুতে অনেকেই চিনতে পারেননি। শ্বেতশ্মশ্রুতে ঢাকা মুখমণ্ডল। বয়স ৯২। ওই দিন তিনি এসেছিলেন দিল্লির একটি অনুষ্ঠানে। ‘লিমকা বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস’-এর দৃষ্টিতে ভারতের শিল্প ও সংস্কৃতিতে অবদান রাখা সেরা ১০ জনের হাতে সম্মাননা তুলে দেন পণ্ডিত রবিশঙ্কর। এটা ছিল এই আয়োজনের ২৩তম আসর।পণ্ডিত রবিশঙ্করের হাত থেকে ‘লিমকা বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস’-এর সম্মাননা নিয়ে আশা ভোঁশলে বললেন, ‘গুণী এই শিল্পীর হাত থেকে সম্মাননা নিয়েছি, তাতেই আমি গর্বিত। এটা আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ প্রাপ্তি। তাঁকে কাছ থেকে দেখে মনে হলো, তিনি যেন কবিগুরু রবীন্দ্রনাথ।’ ‘২৩তম লিমকা বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস’ সম্মাননা পেয়েছেন গুলজার, হরিপ্রসাদ চৌরাশিয়া, পণ্ডিত যশরাজ, আশা ভোঁশলে, ওস্তাদ জাকির হোসেন, এল সুব্রামানিয়াম, যিশু দাস, শুভা মুদগল, তিজন বাই এবং ইলায়ারাজা।