‘দেশ পরিচালনায় ব্যর্থ হলেও সরকার দুর্নীতিতে সফল’
এই সরকারের মেয়াদে হওয়া বিদ্যুৎ খাতের দুর্নীতির কারণে বাজেট ঘাটতি দেখা দিয়েছে। আর সেই ঘাটতি মেটাতেই জ্বালানির দাম বাড়ানো হয়েছে। বর্তমান সরকার দেশ পরিচালনায় ব্যর্থ হলেও দুর্নীতিতে সফল হয়েছে। আজ হরতাল চলাকালে নাসিমন ভবনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির কেন্দ্রীয় সহসভাপতি আবদুল্লাহ আল নোমান। চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী। আবদুল্লাহ আল নোমান বলেন, ‘বর্তমান সরকার জনগণের সাংবিধানিক অধিকার কেড়ে নিয়েছে। মিছিল-সমাবেশ পর্যন্ত করতে দেওয়া হচ্ছে না। আইয়ুব খানের আমলে মার্শাল ল দিয়ে এই ধরনের অপচেষ্টা করা হয়েছিল। কিন্তু জনগণের প্রতিরোধে তা সফল হয়নি। বর্তমানেও সরকার সফল হবে না।’কুইক রেন্টাল পদ্ধতিতে বিদ্যুৎ উত্পাদনের নামে কোটি কোটি টাকা লুট হয়েছে, দাবি করে নোমান বলেন, ‘এ কারণে বাজেট ঘাটতি দেখা দিয়েছে। আর সেই ঘাটতি মেটাতে তেলের দাম বাড়িয়ে জনগণের কষ্ট বাড়ানো হচ্ছে। বর্তমান সরকার দেশ পরিচালনার সব ক্ষেত্রে ব্যর্থ হলেও দুর্নীতিতে সফল হয়েছে। আগামীতে লাগাতার হরতালের মতো কঠোর কর্মসূচি দেওয়া হবে।’সমাবেশে আমীর খসরু বলেন, ‘এটা শুধু ১৮ দলের নয়, সমগ্র দেশবাসীর হরতাল। তেলের দাম বাড়ানোর সবচেয়ে মারাত্মক প্রভাব পড়েছে কৃষকের ওপর। পাশাপাশি পরিবহন খরচ, দ্রব্যমূল্য ও জীবনযাত্রার ব্যয় বাড়বে। এর ফলে সাধারণ খেটে খাওয়া মানুষ চরম দুর্ভোগের শিকার হবে।’চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত্ হোসেনের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির নেতা এ এম নাজিম উদ্দিন, জামায়াতে ইসলামীর নেতা আ জ ম ওবায়দুল্লাহ প্রমুখ।