এক দিন আগেই আক্ষেপে পুড়েছেন। ফিলিস্তিনের বিপক্ষে সহজ সুযোগ নষ্ট করে আত্মদহনেই কাটছিল শাখাওয়াত রনির সময়টা। কাল নেপালের বিপক্ষে জোড়া গোল করে দলকে জেতালেন। দশরথ স্টেডিয়ামের ম্যাচের পর ভীষণই উজ্জীবিত দেখাল বাংলাদেশ দলের স্ট্রাইকারকে গোল করার পণ করেই কি আজ মাঠে নেমেছিলেন?শাখাওয়াত রনি: মনে মনে একটা জেদ ছিল। ফিলিস্তিনের বিপক্ষে গোল মিস করেছি। খুব কষ্ট পাচ্ছিলাম। সবাই যখন বলছিল, আমার গোলটা হয়ে গেলে ফিলিস্তিনের বিপক্ষে জিততেও পারতাম। শুনে খুবই খারাপ লাগছিল নিজের ওপর। এ মুহূর্তে আপনার নিজের কাছে কেমন লাগছে। জোড়া গোল করে দলকে জেতালেন...শাখাওয়াত: এই আনন্দ বলে বোঝাতে পারব না। দেশকে জেতানোর আনন্দই আলাদা। এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে সুখী ফুটবলার মনে হচ্ছে নিজেকে। পেনাল্টি কি নিজের ইচ্ছায় নিলেন, নাকি কোচ বলে দিয়েছেন?শাখাওয়াত: কোচই বলে দিয়েছেন। তবে একটু নার্ভাস লাগছিল। মনে হচ্ছিল কী জানি হয়। তবে সাহস রেখেছি বুকে। ভুল তো বারবার হবে না। এই বিশ্বাসটা ছিল। গত দুই দিন আপনার এমনিতে কেমন কেটেছে? শাখাওয়াত: খুবই খারাপ ছিলাম মানসিকভাবে। মিস করার কারণে দেশ থেকে খারাপ প্রতিক্রিয়াই পেয়েছি। রাতে আসলে ভালো ঘুমও হয়নি। অস্থির লাগছিল। তবে এখন সবই যেন ধুয়েমুছে গেছে। বাংলাদেশ দলের ড্রেসিংরুমের অবস্থা কেমন?শাখাওয়াত: খুব ভালো। আমরা একটা দল হয়ে খেলছি। নতুন কোচ এসে দলকে এক সুতোয় গাঁথছেন। এটা খুবই ভালো। সবকিছুর আগে তো দলটাকে একটা কাঠামোর মধ্যে আনতে হবে। এই কাজটা ভালোভাবে করছেন নতুন কোচ। ক্রুইফ প্রথম দিনই আপনাকে পছন্দ করেছেন বঙ্গবন্ধু স্টেডিয়ামে আবাহনীর একটা ম্যাচ দেখে। দলের দায়িত্ব নিয়ে আপনাকে আলাদা কিছু বলেছেন?শাখাওয়াত: আমাকে বলেছেন, দায়িত্ব নিয়ে খেলতে হবে। দলকে গোল দিতে হবে। তাঁর ৪-২-৩-১ ফর্মেশনে আমিই সবার ওপরে থাকছি। কাজেই গোল করার দায়িত্বটা আমারই বেশি। এটা মাথায় রেখেই খেলছি। কাঠমান্ডুতে এই কদিনে বাংলাদেশ দলের মধ্যে কেমন পরিবর্তন দেখছেন?শাখাওয়াত: অনেক পরিবর্তন। এটা বলে বোঝানো যাবে না। সবাই শৃঙ্খলার মধ্যে আছে। ভালো অনুশীলন হচ্ছে। কোনো সমস্যা নেই। ফুটবল ফেডারেশন চেষ্টা করছে ভালো করার জন্য। খেলোয়াড়েরাও জানপ্রাণ দিয়ে খেলছে। এই এএফসি চ্যালেঞ্জ কাপের চূড়ান্ত পর্বে বাংলাদেশ যেতে পারবে? কী মনে হয়? শাখাওয়াত: অবশ্যই ভালো সম্ভাবনা আছে। নর্দার্ন মারিয়ানা আইল্যান্ডকে আমরা সহজেই হারাব মনে করি। মারিয়ানাকে আজ ফিলিস্তিন ৯-০ গোলে হারিয়েছে। নেপাল হারিয়েছে ৬-০ গোলে। আমরাও চাইব বেশি গোলে জিতে গোল-গড় বাড়াতে। আমার মনে হচ্ছে, আমরা কোয়ালিফাই করব। ঘরোয়া লিগে আপনি ৬ গোল করে শীর্ষ গোলদাতা। সামনে লক্ষ্য কী?শাখাওয়াত: সামনে যত বেশি সম্ভব গোল করতে চাই। জাতীয় দলকে গোল দিতে চাই আরও বেশি। এটাই এখন সবচেয়ে বড় লক্ষ্য।