মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোরে আজ শুরু সুলতানা কামাল আন্তর্জাতিক আর্টিস্টিক জিমন্যাস্টিকস। এই প্রতিযোগিতায় দেশের হয়ে খেলতে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্র-প্রবাসী বাংলাদেশি তরুণ সাইক সিজার। মিসিগান বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে নিয়েই যত স্বপ্ন বাংলাদেশ জিমন্যাস্ট ফেডারেশনের বাংলাদেশের ছেলে হয়েও দেশের হয়ে এর আগে কোনো টুর্নামেন্টে অংশ নেননি। প্রথমবারের মতো সুযোগ পেয়ে অনুভূতি কেমন?সাইক সিজার: আমার খুবই ভালো লাগছে। ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতাম বাংলাদেশে কোনো টুর্নামেন্টে খেলব। অনেক দিন পর হলেও স্বপ্ন সত্যি হচ্ছে। এটা ভেবে খুবই ভালো লাগছে। ঢাকায় কবে এসেছেন? সিজার: ২২ ডিসেম্বর। এসেই অনুশীলন শুরু করে দিয়েছি। টুর্নামেন্টে আপনার প্রস্তুতি কেমন?সিজার: আমার প্রস্তুতি ভালো। যুক্তরাষ্ট্রের মিসিগানের আঞ্চলিক দলে নিয়মিত জিমন্যাস্টিকসে অংশ নিই। এই দলের হয়ে গত বছর প্যারালাল বারে চ্যাম্পিয়ন হয়েছি। আমার পয়েন্ট ছিল ১৬.৪। পড়াশোনা করছেন কোথায়?সিজার: মিসিগান বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ ব্যবস্থাপনায় পড়ছি। এই বিশ্ববিদ্যালয়ের জিমন্যাস্টিকস দলের অধিনায়কও আমি। বাংলাদেশে জিমন্যাস্টদের সম্পর্কে কোনো ধারণা ছিল আগে?সিজার: সেভাবে আগে কোনো ধারণা ছিল না। তবে এখানে এসে দলের অন্যদের সঙ্গে কথা বলেছি। নিয়মিত অনুশীলনও করছি ওদের সঙ্গে। আশা করছি আমরা সবাই মিলে বাংলাদেশকে একটা ভালো ফল উপহার দিতে পারব। বাংলাদেশে খেলার ব্যাপারে যোগাযোগটা কীভাবে হলো?সিজার: ই-মেইলের মাধ্যমে আমি নিয়মিত ফেডারেশনের সঙ্গে যোগাযোগ রাখতাম। আমার চেয়ে বেশি আগ্রহী আমার বাবা (পাশে দাঁড়ানো বাবাকে দেখিয়ে)। ফেডারেশন কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত বাবাই যোগাযোগ রক্ষা করতেন। বাংলাদেশের জিমন্যাস্টকে প্রমোট করার জন্যই বাবা আমাকে এখানে খেলতে উদ্বুদ্ধ করেছেন। তাঁর ইচ্ছা ছেলেকে দিয়ে কিছু করানো। সেই ইচ্ছাতেই মূলত দেশে খেলতে আসা। এর আগে গত বছর চীনে যাওয়ার চেষ্টা করেছিলাম বাংলাদেশের হয়ে খেলতে। কিন্তু ইনজুরির কারণে যাওয়া হয়নি। যুক্তরাষ্ট্রে বাস্কেটবল অনেক জনপ্রিয়। আপনি জিমন্যাস্টিকসে আগ্রহী হলেন কেন?সিজার: খুব ছোট থেকে টেলিভিশনে জিমন্যাস্টিকস দেখতাম। দেখতে দেখতে খেলাটা ভালো লেগে যায়। এখন এটা আমার নেশার মতো হয়ে গেছে। আপনার পরিবারে আর কেউ কি খেলাধুলায় আছেন?সিজার: আমাদের পরিবারের সবাই খেলা-পাগল। আমরা ক্রীড়া পরিবার। বাবা সিজার একজন ফুটবলার ছিলেন। উনি ব্রাদার্সে, আরামবাগে খেলেছেন অনেক দিন। আমার এক ভাই বাস্কেটবল খেলেন। বড় বোন জিমন্যাস্ট। এই টুর্নামেন্টে উজবেকিস্তান, ভারতের মতো শক্তিশালী দল অংশ নিচ্ছে। পারবেন তো তাদের সঙ্গে?সিজার: জিমন্যাস্টিকস এক-দেড় মিনিটের খেলা। এটুকু সময়ের মধ্যে যেকোনো কিছুই ঘটতে পারে। ভারত-উজবেকিস্তান অনেক পুরোনো ও অভিজ্ঞ। তবে আশা করছি, ভালো ফল করতে পারব। দেশকে অন্তত একটি সোনা উপহার দিতে চাই। টুর্নামেন্টের অন্যান্য দল সম্পর্কে কোনো ধারণা আছে?সিজার: একটু-আধটু আছে। ভারতের আশীষ কুমার একজন বিশ্বমানের জিমন্যাস্ট। ও এখানে খেলছে। উজবেকিস্তানেও ভালো খেলোয়াড় আছে। আশা করছি একটা জমজমাট লড়াই হবে। আপনার অনুশীলন সূচিটা কেমন? সিজার: মিসিগান জিমে দুই বেলা নিয়মিত অনুশীলন করি। সেখানে অবশ্য আমার কোচ আছেন। কিন্তু এই প্রথম কোচ ছাড়া বাবার সঙ্গে এলাম।