‘দেশীকোত্তম’ গ্রহণ করতে ২৫ এপ্রিল শান্তিনিকেতন যাচ্ছেন সনজীদা খাতুন
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ সম্মান ‘দেশীকোত্তম’ পাচ্ছেন সনজীদা খাতুন। ২৭ এপ্রিল সকালে শান্তিনিকেতনের আম্রকুঞ্জে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে সনজীদা খাতুনের হাতে এই সম্মান তুলে দেবেন ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যপাল এম কে নারায়ণন। সনজীদা খাতুনের পারিবারিক সূত্রে জানা গেছে, এই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য ২৫ এপ্রিল শান্তিনিকেতন যাচ্ছেন তিনি।এদিকে দ্য স্টেটসম্যান পত্রিকা সূত্রে জানা গেছে, সনজীদা খাতুনসহ এ বছর এই ‘দেশীকোত্তম’ সম্মাননা আরও পাচ্ছেন চিত্রশিল্পী গণেশ পাইন, শাস্ত্রীয় সংগীতশিল্পী পণ্ডিত যশরাজ, থিয়েটারের নির্দেশক ইব্রাহীম আলকাজী এবং কৃষিবিজ্ঞানী এম এস স্বামীনাথন। ছায়ানটের প্রতিষ্ঠাতা সদস্য সনজীদা খাতুন। ১৯৬১ সাল থেকে যুক্ত আছেন এই প্রতিষ্ঠানের সঙ্গে। ১৯৭২ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের অবৈতনিক অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি ছায়ানটের সভাপতি। ১৯৮১ সাল থেকে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের কার্যকরী কমিটিতে আছেন তিনি। দীর্ঘদিন অধ্যাপনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে। এরই মধ্যে তিনি পেয়েছেন একুশে পদক, বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার, বাংলা একাডেমীর রবীন্দ্র পুরস্কারসহ দেশে এবং দেশের বাইরের অসংখ্য পুরস্কার। বেরিয়েছে তাঁর লেখা অসংখ্য বই এবং তাঁর গাওয়া গান নিয়ে অডিও অ্যালবাম।