‘দেশে জংলি শাসন প্রতিষ্ঠা করেছে সরকার’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৈনিক ‘আমার দেশ’ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তারের মাধ্যমে সরকার দেশে জংলি শাসন প্রতিষ্ঠা করেছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি রুহুল আমিন গাজী। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে রুহুল আমিন গাজী এই অভিযোগ করেন।‘আমার দেশ’-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তি ও ছাপাখানা খুলে দেওয়ার দাবিতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশ ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ এই বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করে। গতকাল সোমবারও তারা একই দাবিতে গণ-অনশন কর্মসূচি পালন করে।রুহুল আমিন গাজী বলেন, ‘সরকার অন্যায়ভাবে মাহমুদুর রহমানকে গ্রেপ্তার ও “আমার দেশ” পত্রিকার ছাপাখানা বন্ধ করেছে। এর মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ করে দেশে জংলি শাসন প্রতিষ্ঠা করেছে সরকার।’এ সময় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক ইলিয়াস খান বলেন, সরকার সত্য লেখার দায়ে মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করেছে। তাঁর মায়ের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। ‘আমার দেশ’ পত্রিকা বন্ধের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে সরকার। আরও বক্তব্য দেন ডিইউজের একাংশের সভাপতি আবদুস শহীদ, অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, কবি আবদুল হাই শিকদার, বিএফইউজের সহসভাপতি আমিরুল ইসলাম কাগুজি, অধ্যাপক রাশেদুল হাসান প্রমুখ।কেলেঙ্কারি ঢাকতে গণমাধ্যমে হাত: এম কে আনোয়ারগত চার বছরের কেলেঙ্কারি ঢাকতে সরকার গণমাধ্যমে হাত দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার। আজ সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এই মন্তব্য করেন। ‘আমার দেশ’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তি, রিমান্ডে নির্যাতন বন্ধ ও ছাপাখানা খুলে দেয়ার দাবিতে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট ও আমরা বাংলাদেশী নামে দুটি সংগঠন এই কর্মসূচির আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি সেলিম ভূঁইয়া।এম কে আনোয়ার বলেন, ‘সারা দেশে মহাদুঃসময় চলছে। এর মধ্যে কেবল প্রধানমন্ত্রী শান্তিতে আছেন। তিনি আজীবন সিংহাসনে থাকার দিবাস্বপ্ন দেখছেন।’সমাবেশে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সদরুল আমিন, অধ্যাপক মামুন আহমেদ, মো. জাকারিয়া, রোকেয়া চৌধুরী প্রমুখ।