‘দেশে বিচার কেনা-বেচা হয়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি আসাদুজ্জামান বলেছেন, ‘আমাদের দেশে বিচার কেনা-বেচা হয়। দেশে নিয়মতান্ত্রিকভাবে বিচার পাওয়া প্রায় অসম্ভব। থানায় যান টাকা, কোর্টে যান টাকা, উচ্চ আদালতে টাকার পরিমাণ আরও বাড়তে থাকবে। কমিউনিটি পুলিশিং এসব পরিস্থিতি থেকে বের হওয়ার উপায়।’ কমিউনিটি পুলিশের মাধ্যমে গরিব মানুষ বিচার পেতে পারে বলে তিনি মন্তব্য করেন।আজ মঙ্গলবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ ক্লাব মিলনায়তনে নারায়ণগঞ্জ জেলা কমিউনিটি পুলিশিং আয়োজিত সভায় আসাদুজ্জামান এ কথা বলেন। সভায় জেলা কমিউনিটি পুলিশের সভাপতি কুতুব উদ্দিন আকসিরের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা পুলিশ সুপার শেখ নাজমুল আলম, নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি মাহমুদ হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল বারি ভূইয়া, নারায়ণগঞ্জ মহিলা পরিষদের সভাপতি আঞ্জুমান আরা আকসীর প্রমুখ।আবদুল বারি ভূইয়া বলেন, ‘নারায়ণগঞ্জের কোনো থানায় গেলে পুলিশ নারী নির্যাতনের কোনো মামলা নেয় না। নারী ও শিশু কোর্টে পাঠিয়ে দেয়। আর নারী ও শিশু কোর্টে গেলে এটি তদন্তের জন্য ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো হয়। এ তদন্ত করতে গিয়ে ২-৩ মাস সময় লাগে। ফলে বিচারপ্রার্থী নারীরা চরম হয়রানির শিকার হন।’ নারায়ণগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শরীফ উদ্দিন সবুজ বলেন, ‘নারায়ণগঞ্জবাসী গোয়েন্দা পুলিশ ও সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের মাধ্যমে চরম হয়রানির শিকার হচ্ছে। শীতলক্ষ্যা নদী দখলের পর বিআইডব্লিউটিএ মামলা করলেও পুলিশ অভিযুক্ত সিদ্ধিরগঞ্জের এক কাউন্সিলরকে গ্রেপ্তার করেনি। অথচ পুলিশের ওপর হামলার ভুয়া অভিযোগ তুলে সম্প্রতি ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে গ্রেপ্তার করা হয়। যদিও পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেনি বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে। এসব অভিযোগের তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।’