‘দেশেই ঈদ ভালো লাগে’
ঈদের দিন সকালে গোসল সেরে পাঞ্জাবি পরেন বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান। এবারও পাঞ্জাবি পরেই বাসার কাছে গুলশানের আজাদ মসজিদে ঈদের নামাজ পড়তে যাবেন। সেখান থেকে সোজা কবরস্থানে কবর জিয়ারত করতে যাবেন। ফেরার পথেই কোনো কোনো আত্মীয়ের বাসায় একটু ঘুরে আসবেন বলে জানালেন। এরপর সোজা বাসায়। ঈদের পাঞ্জাবি সাধারণত নিজের কেনা হয় না। এ ক্ষেত্রে মুহাম্মদ হাবিবুর রহমানের স্ত্রী, মেয়েরা বা বোনই ভরসা। তাঁরাই বেছে কিনে আনেন পাঞ্জাবি। ‘সাদা ছাড়া নীল রং ভালো লাগে। লালের ওপর হালকা কাজ করা পাঞ্জাবিও বেশ ভালো লাগে’—জানালেন তিনি।তবে এবারের ঈদের দিনের রান্নাবান্নার বাজার করেছেন নিজেই। সকালে সেমাইয়ের স্বাদ নিতে ভুল হয় না কখনোই। তবে পোলাও-মাংসের বদলে ভাত আর মাছ খেতে ভালোবাসেন সাবেক এই প্রধান বিচারপতি। স্ত্রী ও এক সন্তান এবার ঈদে কাছে থাকছেন। দেশের বাইরে বিভিন্ন সময় ঈদ করলেও দেশের মতো ভালো লাগে না বলে জানান তিনি। বিশেষ করে দেশে যেমন আজান শোনা যায়, বিদেশে তা থাকে না। ঈদে দেশে থাকাই তাঁর পছন্দ। ঈদের সারা দিন মুহাম্মদ হাবিবুর রহমানের পরনে সাধারণত পাঞ্জাবিই থাকে। সঙ্গে সাদা পাজামা। ‘কোনো কোনো বন্ধুর সঙ্গে বিকেলে বা রাতে নিজের বা তাদের বাসায় আড্ডা দিতে যাই। এই তো এভাবেই ঈদের দিন চলে যায়।’