‘দ্য আর্টিস্ট’-এর আদ্যোপান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের অস্কারে সেরা ছবির পুরস্কার জিতেছে ফরাসি রোমান্টিক কমেডি ছবি ‘দ্য আর্টিস্ট’। আজকের থ্রিডি সিনেমার যুগে সাদা-কালো নির্বাক চলচ্চিত্র নির্মাণ এবং অস্কার জিতে নিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন ফরাসি চিত্র নির্মাতা মাইকেল হাজানাভিসিয়াস। অস্কারের এবারের আসর থেকে সেরা ছবি, সেরা পরিচালক, সেরা অভিনেতা, অরিজিনাল স্কোর ও কস্টিউম ডিজাইন বিভাগ মিলিয়ে মোট পাঁচটি পুরস্কার ঝুলিতে ভরেছে দ্য আর্টিস্ট। ১৯২৭ থেকে ১৯৩২ সালের যে সময়টাতে হলিউডের নির্বাক চলচ্চিত্রের জায়গা দখল করে নিচ্ছিল সবাক চলচ্চিত্র, সে সময়ের নির্বাক চলচ্চিত্রের একজন প্রবীণ তারকার সঙ্গে এক উঠতি অভিনেত্রীর সম্পর্কের কাহিনি নিয়ে গড়ে উঠেছে দ্য আর্টিস্ট’। ‘দ্য আর্টিস্ট’ ছবির কাহিনিতে দেখা যায়, চলচ্চিত্র অভিনেতা জর্জ ভ্যালেন্টিন (জ্যঁ দুজারদিন) তাঁর নতুন ছবির উদ্বোধনী প্রদর্শনীতে হাজির হয়ে ফটোসেশনে অংশ নেন। চারপাশের ভিড় ঠেলে তাঁর কাছে অটোগ্রাফ নিতে এগিয়ে আসেন পেপি মিলার (বেরেনিস বেজো) নামের এক তরুণী। ভিড়ের ঠেলায় হঠাত্ তিনি হুমড়ি খেয়ে পড়ে যান ভ্যালেন্টিনের ওপর। এ ঘটনায় পেপির ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন ভ্যালেন্টিন। এভাবেই তাঁর সঙ্গে প্রথম পরিচয় হয় পেপির। পরদিন পেপিকে নিয়ে ‘কে এই তরুণী?’ শিরোনামে সংবাদপত্রে খবর ছাপা হয়। পরবর্তীকালে নৃত্যশিল্পী হিসেবে অডিশন দিতে এসে আবারও ভ্যালেন্টিনের সঙ্গে সাক্ষাত্ হয় পেপির। কিনোগ্রাফ স্টুডিওর কর্তা-ব্যক্তি আল জিমারের আপত্তি সত্ত্বেও ভ্যালেন্টিনের অনুরোধে ‘এ জার্মান অ্যাফেয়ার’ ছবিতে নাচের দৃশ্যে নেওয়া হয় পেপিকে। ভ্যালেন্টিনের দিক-নির্দেশনায় ধীরে ধীরে চলচ্চিত্রে শিল্পে নিজেকে প্রতিষ্ঠিত করতে থাকেন পেপি। দুই বছর পর কিনোগ্রাফ স্টুডিও থেকে নির্বাক ছবি নির্মাণ বন্ধের ঘোষণা দেন জিমার। এটা মেনে নিতে না পেরে নিজেই নির্বাক ছবি প্রযোজনা ও পরিচালনার সিদ্ধান্ত নেন ভ্যালেন্টিন। কাকতালীয়ভাবে পেপি অভিনীত নতুন সবাক চলচ্চিত্র এবং ভ্যালেন্টিন পরিচালিত নির্বাক চলচ্চিত্র একই দিনে মুক্তি পায়। ঘটনাচক্রে পেপির ছবি দারুণ সফলতা পেলেও ভ্যালেন্টিনের ছবি মার খেয়ে যায়, দেউলিয়া হয়ে যান তিনি। তাঁর স্ত্রী তাঁকে ঘর থেকে বের করে দেন। অন্যদিকে পেপি হলিউডের নামকরা তারকা হওয়ার পথে এগিয়ে যান।নিঃস্ব ভ্যালেন্টিন মাতাল অবস্থায় ইতস্ততভাবে ঘুরে বেড়াতে থাকেন। এক পর্যায়ে সব সম্পত্তি এবং নিজের ব্যক্তিগত বিভিন্ন সামগ্রী নিলামে তুলতে বাধ্য হন। আর তাঁকে না জানিয়ে সেগুলো কিনে নেন পেপি। একদিন আহত হয়ে হাসপাতালে ভর্তি হন ভ্যালেন্টিন। তাঁকে দেখতে হাসপাতালে হাজির হন পেপি এবং নিজের বাড়িতে নিয়ে যেতে চান তাঁকে। কিছুদিন পর নিজের নতুন ছবিতে ভ্যালেন্টিনকে সহ-তারকা হিসেবে চান পেপি। আর এমনটা করা না হলে কিনোগ্রাফ স্টুডিওর আর কোনও কাজ করবেন না বলেও হুমকি দেন। নাচে ভ্যালেন্টিনের পারদর্শিতার বিষয়টি মাথায় রেখে জিমারকে পেপি একটি মিউজিক্যাল মুভি বানানোর জন্য অনুরোধ করেন । দ্য আর্টিস্ট ছবির এ অংশ পর্যন্ত পুরোটাই নির্বাক। ছবিতে শব্দের উপস্থিতি পাওয়া যায় যখন পেপি এবং ভ্যালেন্টিন একটি নাচের দৃশ্যর জন্য ক্যামেরার সামনে দাঁড়ান। গানটির দৃশ্যায়নের এক পর্যায়ে ভ্যালেন্টিনকে উদ্দেশ্য করে জিমার বলে ওঠেন, ‘দারুণ হয়েছে, আরেকটা শট দেবেন প্লিজ!’ এর জবাবে দরাজ কণ্ঠে ভ্যালেন্টিন বলে ওঠেন, ‘আনন্দের সঙ্গেই এটা করব আমি।’ ‘দ্য আর্টিস্ট’ ছবির উদ্বোধনী প্রদর্শনী হয়েছিল ২০১১ সালের ১৫ মে কান চলচ্চিত্র উত্সবে। ছবিটিতে অভিনয়ের স্বীকৃতি হিসেবে সেরা অভিনেতার পুরস্কার জিতেছিলেন জ্যঁ দুজারদিন। তখন থেকেই ব্যাপক প্রশংসা পেয়ে আসছে ছবিটি। ছবিটি গত বছরের ১২ অক্টোবর ফ্রান্সে এবং ২৫ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে মুক্তি পায়। চলতি বছরের ১৫ জানুয়ারি অনুষ্ঠিত ৬৯ তম গোল্ডেন গ্লোব পুরস্কার প্রদান অনুষ্ঠানে ৬টি বিভাগে মনোনয়ন পায় দ্য আর্টিস্ট। সেগুলোর মধ্যে সেরা ছবি, সেরা অভিনেতা ও সেরা মিউজিক্যাল স্কোর বিভাগে পুরস্কার জিতে নেয়। এ ছাড়া ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ৬৫ তম ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডস (বাফটা) আসর থেকে সেরা ছবি, অভিনেতা, মৌলিক চিত্রনাট্যসহ সাতটি বিভাগে পুরস্কৃত হয়। সাফল্যের এই ধারাবাহিকতা এবং ১০টি বিভাগে অস্কার মনোনয়ন পাওয়ায় সবাই ধরেই নিয়েছিলেন, এবার অস্কারে বাজিমাত করবে দ্য আর্টিস্ট। শেষ পর্যন্ত সবার সেই ধারণাকে সত্য প্রমাণিত করে অস্কারে জয়-জয়কার দেখিয়েছে সাদা-কালোয় নির্মিত এ নির্বাক ছবিটিই।