‘দ্য আর্টিস্ট’-নির্মাতার নতুন ছবিতে পার্থপ্রতিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের অস্কার বিজয়ী পরিচালক মিশেল আজনাভিকুসের ছবিতে অভিনয় করেছেন খ্যাতিমান মূকাভিনেতা পার্থপ্রতিম মজুমদার। লে ইনফিদেল বা দ্য প্লেয়ারস নামের ছবিটি ফ্রান্সের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আজ বুধবার।‘আমি মিশেলের সঙ্গে প্রথম কাজ করি একটি বিজ্ঞাপনচিত্রে। সেটি ছিল নির্মাতা হিসেবে তাঁর প্রথম কাজ। এখানে এজেন্টের মাধ্যমে সব কাজ হয়। তাদের মাধ্যমেই প্রথম এই নির্মাতার সঙ্গে আমার কাজের সুযোগ হয়। এরপর আমি মিশেলের কাহিনিচিত্রেও কাজ করার প্রস্তাব পাই। লে ইনফিদেল ছাড়াও এর আগে আমি মিশেলের ছবিতে ছোটখাটো চরিত্রে কাজ করেছি। সেটি ছিল জেমস বন্ড ঘরানার স্পাই-থ্রিলার ছবি। দ্য আর্টিস্ট ছবিটি শুরুতে ফ্রান্সে তেমন সাফল্য না পেলেও অস্কার ও গোল্ডেন জয়ের পর বিপুল আগ্রহ তৈরি হয়েছে এই ছবিকে ঘিরে। আগ্রহ রয়েছে লে ইনফিদেল ঘিরেও।’ প্যারিস থেকে টেলিফোনে জানান পার্থপ্রতিম মজুমদার।লে ইনফিদেল ছবির চিত্রধারণের কাজ হয় গত বছরের জুন মাসে। এই ছবিতে কাজ করেছেন আরও ছয়জন নির্মাতা। পার্থপ্রতিম মজুমদার এর আগে ফ্রান্সে ওয়ান ডলার কারি ও ভাই ভাইসহ একাধিক চলচ্চিত্র ও টিভি ধারাবাহিকে অভিনয় করেছেন। মিশেল আজনাভিকুস পরিচালিত ফরাসি ছবি দ্য আর্টিস্ট সেরা ছবি, সেরা অভিনেতা, সেরা নির্মাতাসহ মোট পাঁচটি বিভাগে এবার অস্কার জিতে নেয়।