‘দ্য স্পেশাল’ মরিনহো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাফল্যের পেছনে ছোটেন কোচরা। কিন্তু হোসে মরিনহোর ক্ষেত্রে যেন ঘটে উল্টোটা। সাফল্যই যেন ছোটে তাঁর পেছনে। লিখেছেন রাজীব হাসানপাড়ার ছেলেটির নাম হয়তো শান্ত, দেখা গেল, দুষ্টুমি আর উৎপাতে সে-ই অতিষ্ঠ করে রাখছে সবাইকে। আর যার নাম কিনা বিপ্লব, তার মতো ঘরকুনো-মুখচোরা এ তল্লাটেই খুঁজে পাওয়া মুশকিল। এহ বাহ্য। প্রশ্ন হলো, হুট করে বাংলা পরীক্ষার মতো ‘নামকরণের সার্থকতা বুঝিয়া লেখ’র খায়েশ হলো কেন?হোসে মরিনহোর নামের হদিস নিতে গিয়েই। ‘হোসে’ মানে যে কিনা সবকিছু উৎপন্ন করে বিপুলসংখ্যায়। কেতাবি অর্থনীতির ভাষায় ‘উৎপাদনশীল’। গত আটটি মৌসুমে ১৭টি বড় বড় শিরোপা ‘উৎপাদন’ করেছেন যিনি, হোসে নামটি তাঁরই তো সবচেয়ে ভালো মানায়। নিন্দুকেরা যত যা-ই বলুক, মরিনহোর সঙ্গে রিয়াল মাদ্রিদের যুগলবন্দীটা তাই জমেছে ভালো। রিয়ালের আক্রমণাত্মক, সুন্দর ফুটবলের দর্শনের সঙ্গে মরিনহোর মতো শিরোপা-সাফল্য পূজারি একবগ্গা কোচের দর্শন খাপ খায় না বলে হা-পিত্যেশ করছে যারা, তাদের উচিত গত এক দশকে রিয়ালের ট্রফিকেসের দিকে একবার তাকানো। যে বছর থেকে পোর্তোর কোচ হিসেবে মরিনহোর সফল উড্ডয়ন, সেই বছর থেকেই রিয়ালে নেমে এসেছে মরুর খরা। ২০০৩ সাল থেকে এই সাত বছরে সব মিলে মাত্র পাঁচটি শিরোপা জিতেছে রিয়াল। মৌসুম-সূচক সুপার কোপা ডি স্পানা গুনতির মধ্যে না ধরলে শিরোপার সংখ্যা কমে দাঁড়ায় মাত্র তিনে। এই তিনটি শিরোপাই এসেছে লিগে। ধনে-মানে ইউরোপের সেরা ক্লাব তারা। কিন্তু সে সবই শুভংকরের ফাঁকির খাতায় চলে গেছে যখন রিয়ালের সাফল্য মাপা হয়েছে চ্যাম্পিয়নস লিগের পাল্লায়। হ্যাঁ, এখনো ইউরোপ-সেরার এই টুর্নামেন্টের রেকর্ড নয়বারের চ্যাম্পিয়ন তারা। কিন্তু চ্যাম্পিয়নস লিগের এই মুকুট সর্বশেষ তাদের মাথায় চড়েছিল সেই ২০০১-০২ মৌসুমে, ক্রিস্টিয়ানো রোনালদো ফুটবলের মাঠে তখন নেহাতই দুগ্ধপোষ্য।রিয়ালের জন্য আরেকটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বার্সেলোনা। না, কাতালান-মাদ্রিদের দ্বন্দ্ব নতুন নয়। বর্তমান সমস্যাটি অন্য জায়গায়। বার্সেলোনা যখন দাপটের সঙ্গে ছড়ি ঘুরিয়ে যাচ্ছে, এক বছরে ছয় ছয়টি শিরোপা নিয়ে উৎসবে মাতোয়ারা, মাদ্রিদে তখন শ্মশানের নিস্তব্ধতা। গতবার বার্সা শুধু লিগ শিরোপাই জিতেছে, আর কদিন আগে জিতল সুপার কাপ। কিন্তু হিসাবের অঙ্কে বার্সেলোনা যেন এখন রিয়ালের কাছে হয়ে উঠেছে অলঙ্ঘনীয় এক বাধা। চীনের মহাপ্রাচীর। সর্বশেষ চারটি ‘এল ক্লাসিকো’র প্রতিটাই হেরেছে রিয়াল। এর মধ্যে আছে ২০০৯ সালে নিজেদের দুর্গ বার্নাব্যুতে বার্সার কাছে ২-৬ গোলের চপেটাঘাতও। এই ব্যর্থতা ঝেড়েমুছে ফেলার জন্য মরিনহোই যোগ্য। ইতিহাসের সেই তিন কোচের একজন তিনি, ভিন্ন দুটি ক্লাবের হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতার কৃতিত্ব আছে যাঁর। ট্রেবল জিতেছেন দুবার। ২০০২-০৩ মৌসুমে পোর্তোর হয়ে লিগ, কাপের পর জিতেছিলেন উয়েফা কাপ। তবে সবার নজরে আসেন পরের মৌসুমে পোর্তোকে চ্যাম্পিয়নস লিগ জিতিয়ে। টাকার কুমির রোমান আব্রামোভিচ চেলসিতে নিয়ে আসেন তাঁকে। প্রথম মৌসুমেই বছরে ৪২ লাখ পাউন্ড বেতন পেতেন, কোনো ফুটবল কোচ কস্মিককালেও যেটি পাননি। প্রথম মৌসুমেই চেলসিকে লিগসহ এনে দিয়েছিলেন তিনটি শিরোপা। বেতন বেড়ে হয়ে গেল ৫২ লাখ পাউন্ড। পরের মৌসুমেও লিগ শিরোপা ধরে রেখেছিল চেলসি। কিন্তু রুশ ধনকুবেরের বড় শখ, ছুঁয়ে দেখবেন চ্যাম্পিয়নস লিগ ট্রফি। সেটি এনে দিতে পারেননি বলেই ছাঁটাই। এক বছর ছুটি কাটিয়ে পর্তুগিজ কোচ যোগ দিলেন ইন্টার মিলানে। প্রথম ইতালিয়ান ক্লাব হিসেবে ‘ট্রেবল’ (ক্লাব মৌসুমের প্রধান তিন শিরোপা লিগ, কাপ, চ্যাম্পিয়নস লিগ) জিতল ইন্টার। আরেকবার চ্যাম্পিয়নস লিগ ট্রফি উঁচিয়ে মরিনহো যেন অনুচ্চারে ঘোষণা করলেন, ‘আই অ্যাম দ্য স্পেশাল ওয়ান!’