‘দ্যাশে আমাগো কারও নিরাপত্তা নাই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমার স্বামী মাইনষের নিরাপত্তা দিছে, অথচ তার নিজেরই নিরাপত্তা আছিল না। সর্বহারারা তাকে গুলি কইরা মাইরছে। দ্যাশে আমাগো কারও নিরাপত্তা নাই।’ বলতে বলতে মূর্ছা যান পুলিশ কনস্টেবল শফিক আহমেদের ইসলামের স্ত্রী সেলিনা খাতুন। এই আহাজারি শুধু সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কোনাবাড়ী গ্রামের স্বামীহারা গৃহবধূ সেলিনার নয়; গত মঙ্গলবার রাতে পাবনার বেড়া উপজেলায় সর্বহারা সন্ত্রাসীদের গুলিতে নিহত কুড়িগ্রামের বাসিন্দা উপপরিদর্শক (এসআই) কফিলউদ্দিন ও বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কনস্টেবল আবদুল ওয়াহেদের বাড়িতেও চলছে এমনই মাতম।আমাদের নিজস্ব প্রতিবেদক, বগুড়া ও কুড়িগ্রাম, পাবনা অফিস ও উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধির পাঠানো খবর:উল্লাপাড়া (সিরাজগঞ্জ): মুক্তিযোদ্ধা মৃত ফজলুর রহমানের ছোট ছেলে শফিক আহমেদ। ১৯৯৯ সালে পুলিশ কনস্টেবল পদে যোগ দেন তিনি। শফিক পাবনার সাঁথিয়া থানায় দায়িত্ব পালন করছিলেন। মাত্র সাত দিন আগে তাঁকে একই জেলার বেড়া উপজেলার ঢালারচর পুলিশ ফাঁড়িতে বদলি করা হয়। দুই দিন আগে নিজের বাড়ি সিরাজগঞ্জের কোনাবাড়ী গ্রামে এসেছিলেন। গত মঙ্গলবার বেলা ১১টার দিকে কর্মস্থলে ফিরে যান শফিক। রাতেই সর্বহারা-সন্ত্রাসীদের গুলিতে নিহত হন তিনি।গতকাল বুধবার শফিকের বাড়িতে গিয়ে দেখা যায়, স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। শফিকের মা হামিদা খাতুন বারবার অচেতন হয়ে পড়ছেন। মাঝেমধ্যে চিৎকার করে বলছেন, ‘আমার ভাল ছায়ালডো আইনা দাও, সে মরিবার পারে না।’ এমন আহাজারিতে প্রতিবেশীরাও চোখের পানি আটকাতে পারছিল না। সেলিনা বলেন, মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে কর্মস্থলে পৌঁছে মুঠোফোনে মা ও তাঁর সঙ্গে কথা বলেন শফিক। বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন সেলিনা। তিনি স্বামী হত্যার বিচার দাবি করেন।প্রতিবেশী আবদুল মান্নান, হেলাল উদ্দিন, আবদুর রশিদ ও আবদুল হামিদ জানালেন, শফিক ছিলেন সদালাপী ও পরোপকারী। গতকাল বুধবার বিকেলে শফিকের মরদেহ গ্রামে পৌঁছায়। সন্ধ্যায় গ্রামের কবরস্থানে তাঁকে দাফন করা হয়।কুড়িগ্রাম: ‘কে এমন ক্ষতি করল গো, বাচ্চা তিনটাক নিয়া আমি কোথায় যাব!’ বলতে বলতে বিছানায় লুটিয়ে পড়লেন নিহত এসআই কফিলউদ্দিনের স্ত্রী রেবা খাতুন। পাশে একমাত্র মেয়ে কামরুন্নাহার মাটিতে গড়াগড়ি দিয়ে বিলাপ করছেন, ‘বাবাকে এনে দাও’। দুই ভাই রাজ ও রিয়াজ যেন নির্বাক। আত্মীয়স্বজন আর প্রতিবেশীরা তাঁদের সান্ত্বনা দেওয়ার ব্যর্থ চেষ্টা করছে।গতকাল কুড়িগ্রামের চিলমারী উপজেলার ডুবশ্রী গ্রামে কফিলউদ্দিনের বাড়িতে গিয়ে এমন দৃশ্যের মুখোমুখি হতে হলো। কফিলউদ্দিনের বড় ভাই আবদুল খালেক। চোখের পানি মুছতে মুছতে তিনি জানান, পাঁচ ভাইয়ের মধ্যে কফিল তৃতীয়। দুই দিন আগে মুঠোফোনে কথা হয়েছে। তিনি জানান, মা করিফুল (৯০) বেওয়া অসুস্থ। তাঁকে কফিলের মৃত্যুর খবর জানানো হয়নি। আরেক ভাই আবুল কালাম আজাদ বলেন, মঙ্গলবার রাত আটটার দিকে ফাতিজা মাহফুজার রহমান মুঠোফোনে কফিলের মৃত্যুর খবর জানান। প্রতিবেশীরা জানান, কফিল সৎ জীবন যাপন করতেন। কফিলের একমাত্র মেয়ে কামরুন্নাহার এবার এইচএসসি পাস করেছেন। ছেলে ইমতিয়াজ আহম্মেদ রাজ ও রেজওয়ান আহাম্মেদ রিয়াজ রংপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজে পড়ে।কফিলউদ্দিনের শিক্ষক নজির হোসেন বলেন, তিনি মেধাবী ও মিশুক ছিলেন। তাঁর এমন মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।রাত সোয়া নয়টায় শেষ খবর পওয়া পর্যন্ত কফিলউদ্দিনের মরদেহ তাঁর বাড়িতে পৌঁছেনি।বগুড়া: বগুড়ার সারিয়াকান্দি উপজেলার গণকপাড়া গ্রামের বাসিন্দা পুলিশ কনস্টেবল আবদুল ওয়াহেদ। গতকাল দুপুরে তাঁর গ্রামের বাড়িতে গিয়ে শোনা গেল মাতম। ‘আমার একি হলো! এই ছেলেটার কী হবে! আমি রাতে বারবার মোবাইল করি, কেউ ফোন ধরে না। মনটা কেমন করে উঠে।’ বলেই জ্ঞান হারিয়ে ফেলেন ওয়াহেদের স্ত্রী কাঞ্চন বিবি (২৬)। পাশেই পাঁচ বছর বয়সী একমাত্র ছেলে বোঝে না মায়ের এই আহাজারির কারণ। তাকিয়ে থাকে ফ্যালফ্যাল করে।ওয়াহেদের মা আয়েশা বেগম ছেলেকে হারিয়ে পাগলপ্রায়। আত্মীয়স্বজন আর প্রতিবেশীরা তাঁদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন।স্ত্রী কাঞ্চন বিবি জানান, মঙ্গলবার দুপুরে তাঁর সঙ্গে মুঠোফোনে শেষ কথা হয়। রাত সাড়ে আটটার দিকে কয়েকবার ফোন করে তাঁর কোনো সাড়া পাওয়া যায়নি। রাত নয়টায় কেউ একজন ফোন করে জানান, ওয়াহেদ আর নেই।গতকাল রাত পৌনে আটটায় গণকপাড়ায় ওয়াহেদের মরদেহ পৌঁছায়। এশার নামাজের পর বাড়ির সামনে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়।পাবনা: পাবনা পুলিশ লাইন মসজিদে গতকাল দুপুর আড়াইটায় কফিলউদ্দিন, কনস্টেবল শফিক আহমেদ ও আবদুল ওয়াহেদের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বেলা তিনটার দিকে পুলিশ ভ্যানে করে তাঁদের নিজ নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়। জানাজায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, পুলিশের মহাপরিদর্শক (আইজি) নূর মোহাম্মদ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার, পাবনা জেলা প্রশাসক এ এফ এম মনজুর কাদির, পুলিশ সুপার জামিল আহম্মেদসহ পুলিশের সদস্যরা অংশ নেন।