‘দ্যাহেন না এই বানডার অবস্থা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মোরা যে ক্যামমে বাঁইচ্যা আছি, হেইয়া আল্লায়ই ভালো জানে। দ্যাহেন না এই বানডার অবস্থা। কয়দিন পর পর খালি মেরামতই করে। কামের কাম কী অইছে?’ ক্ষোভের সঙ্গে এ কথা বলেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের বুড়োজালিয়া গ্রামের কাশেম তালুকদার। তিনি আরও বলেন, ‘এ্যাহন যা অবস্থা হ্যাতে বইন্যা লাগবে না, জোয়ারের পানি সব সময়ই হানতে পারবে। এই অবস্থায় বড় কোনো দুর্যোগ আইলে মোরা আর বাঁচমু না।’সরেজমিনে দেখা গেছে, দুই সপ্তাহ আগের নিম্নচাপের প্রভাবে রামনবাদ নদীর ভয়াল তাণ্ডবে লালুয়া ইউনিয়নের বন্যানিয়ন্ত্রণ বাঁধের বুড়োজালিয়া পয়েন্টে এক হাজার ফুটের মতো ভেঙে গেছে। এ ছাড়া ইউনিয়নের ৪৭/৫ বন্যানিয়ন্ত্রণ বাঁধের চৌধুরীপাড়া, মনজুপাড়া, নাওয়াপাড়া, মুন্সিপাড়া ও চাড়িপাড়া পয়েন্টও এবার ছুটে গেছে। এসব পয়েন্টে কোথাও ২০০ ফুট, আবার কোথাও ৫০০ ও ৬০০ ফুটের মতো ভেঙেছে। বারবার একই পয়েন্ট ছুটে যাওয়ায় এই ইউনিয়নের মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, ঘূর্ণিঝড় সিডর ও আইলার পরে লালুয়া ইউনিয়নের বন্যানিয়ন্ত্রণ বাঁধের বুড়োজালিয়া পয়েন্টসহ চৌধুরীপাড়া, মনজুপাড়া, নাওয়াপাড়া, মুন্সিপাড়া ও চাড়িপাড়ার ক্ষতিগ্রস্ত পয়েন্ট অন্তত চার দফা জরুরি মেরামত করা হয়। ঝড় ও বন্যায় সৃষ্ট অস্বাভাবিক জলোচ্ছ্বাসের হাত থেকে সাগরপারের এ ইউনিয়নের বাসিন্দাদের আপাতত রক্ষার কথা বলে রিংবাঁধ (ছোট আকারে) দেওয়া হয়েছিল। তা আসলে কোনো কাজে আসেনি। এর আগেও জরুরি মেরামত করা বাঁধ যেমন ছুটে গেছে, এবারও নিম্নচাপে পানি বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই জরুরি মেরামত করা পয়েন্টগুলো ছুটে যায়। এই বাঁধ বারবার ভেঙে যাওয়ার ব্যাপারে এলাকার লোকজন বাঁধ মেরামতে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলেছেন। বুড়োজালিয়া গ্রামের মহসিন দালাল বলেন, ‘সাগর মোহনার এই বাঁধ মেরামত যেভাবে হওয়ার কথা সেভাবে হয়নি। ঠিকাদারেরা বাঁধ মেরামত করে যাওয়ার পর একটু পানির চাপ পড়লেই ভেঙে যায়।’নিম্নচাপের প্রভাবে ওঠা পানি নেমে গেলেও ওই গ্রামের বাসিন্দারা আছেন চরম বিপদের মধ্যে। তাঁদের রোপা আমন খেত পুরোপুরি নষ্ট হয়ে গেছে। ওই গ্রামের বাসিন্দা কাদের প্যাদা বলেন, ‘মোরা এই বছর চাষাবাদ যেডু করছেলাম হ্যাতো গ্যাছেই, এ্যাহন সামনে ক্যামনে মোগো জীবন চলবে হেই চিন্তায়ই আছি।’চর চান্দুপাড়া গ্রামের ফিরোজ তালুকদার বলেন, ‘মোগো দুঃখ যে কবে ঘোচপে, হেইয়া কইতে পারি না। বাড়িঘর ডুইব্যা যাওনের পর মোরা আইয়া বান্দের উপরে ঠাঁই নিছি।’ চাড়িপাড়া গ্রামের জাকির হোসেন খান বলেন, ‘একটা বছর ধইর‌্যা ভালো কইর‌্যা বান্দ দেওনের কতা কইয়া মোরা চিল্লাইতেছি। আইজ তামাইত বানডা শক্ত কইর‌্যা দেতে পারে নাই।’ সর্বশেষ রোজার ঈদের আগে লালুয়া ইউনিয়নের বন্যানিয়ন্ত্রণ বাঁধের ক্ষতিগ্রস্ত পয়েন্টগুলো আপৎকালীন জরুরি মেরামতকাজ ডাইরেক্ট প্রকিউরমেন্ট মেথড (ডিপিএম) পদ্ধতিতে ঠিকাদার নিয়োগ করে বাস্তবায়ন করা হয়েছে। রিং ডাইক (ছোট আকারে) ডিজাইনের বাঁধের টপ করা হয় আট ফুট, উচ্চতা হয় আট ফুট এবং স্লোপে কোথাও ৩২, আবার কোথাও ৩৬ ফুট প্রশস্ত করা হয়। তখন ছয় কিলোমিটার সম্পূর্ণ ও চার কিলোমিটার আংশিক ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত করা হয়। এ জন্য ব্যয় হয়েছে ৬০ লাখ টাকা। পানি উন্নয়ন বোর্ডের অনুন্নয়ন রাজস্ব খাত থেকে এ ব্যয় মেটানো হয়েছে। ঘূর্ণিঝড় আইলার পরে একই বাঁধের জন্য ৪০০ টন খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়েছিল, যা অঙ্কের হিসাবে দাঁড়ায় ৮৭ লাখ টাকা। ওই বরাদ্দ দিয়েও ভালো কাজ হয়নি। চর চান্দুপাড়া গ্রামের মোয়াজ্জেম হোসেন বলেন, ‘ওই টাহায় কোনো কামই তো অয় নাই। য্যারা কাম করছে, টাহাডি হ্যারা ভাগ কইর‌্যা খাইছে।’৯ অক্টোবর দুপুরে লালুয়া ইউনিয়নের চাড়িপাড়ায় স্থানীয় লোকজন স্থায়ী ও মজবুত বাঁধ নির্মাণের দাবিতে বিক্ষোভ করেছেন। তাঁদের দাবি, সাগরপারের রামনাবাদ মোহনার ওই ইউনিয়নের বাসিন্দাদের জানমাল রক্ষায় জরুরি ভিত্তিতে বাঁধ দেওয়ার ব্যবস্থা করা হোক।লালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম বিশ্বাস বলেন, ‘আমার ইউনিয়নে আইলায় ক্ষতিগ্রস্ত বাঁধের জরুরি মেরামত কয়েকবারই করা হয়েছে। তবে তা যথাযথ না হওয়ায় এই ইউনিয়নের বাসিন্দারা ভোগান্তির মুখে পড়ছে। মানুষজন, কৃষিসহ অন্যান্য সম্পদ রক্ষা করতে জরুরি ভিত্তিতে মজবুত বেড়িবাঁধ করা দরকার।’এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড কলাপাড়া কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী আবদুল ওয়াদুদ বলেন, ‘সাগর মোহনায় ওই ইউনিয়নটি হওয়ায় বাঁধের জরুরি মেরামত করা হলেও পানির অস্বাভাবিক চাপে বারবার ভেঙে যায়। ওই ইউনিয়নের বাঁধের জরুরি মেরামতকাজ চলমান অবস্থায় আছে। এলাকার জনজীবনের কথা চিন্তা করে সিডাইক (বড় আকারে) বাঁধ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এ জন্য দরপত্রের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। আগামী শুকনো মৌসুমে কাজ শুরু হবে বলে আশা করি। তবে আগের মেরামতকাজের অর্থ লোপাট হয়েছে কি না, আমি জানি না। কারণ, তখন আমি এখানে কর্মরত ছিলাম না।’