সাংবাদিকদের ভারতের পররাষ্ট্রসচিব
‘দ্রুততম সময়ে’ তিস্তা চুক্তি ও সীমান্ত প্রটোকল বাস্তবায়িত হবে
ভারতের বর্তমান জোট সরকারের মেয়াদ পূর্তির আগেই ‘সম্ভাব্য দ্রুততম সময়ের’ মধ্যে তিস্তার অন্তর্বর্তীকালীন চুক্তি সই হবে। একই সময়ে ’৭৪-এর সীমান্ত চুক্তি বাস্তবায়নের প্রটোকলও স্বাক্ষরিত হবে। সফররত ভারতীয় পররাষ্ট্রসচিব রঞ্জন মাথাই গতকাল রোববার ঢাকায় সাংবাদিকদের কাছে অন্তর্বর্তীকালীন তিস্তা চুক্তি ও সীমান্ত প্রটোকলের বিষয়ে এ আশাবাদ জানান। তিনি এদিন সকালে দুই দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন। উল্লেখ্য, ভারতের ক্ষমতাসীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) সরকারের মেয়াদ আছে আর এক বছর। পদ্মা সেতুতে ভারতের অর্থায়ন নিয়ে আনুষ্ঠানিক আলোচনা হয়েছে কি না, এ প্রশ্নে ‘না’ সূচক জবাব দেন রঞ্জন মাথাই। তবে তিনি জানান, বাংলাদেশের প্রস্তাব পেলে সরকারি বা বেসরকারি যেকোনো পর্যায়ে বৃহদায়তনের প্রকল্পে যুক্ত হতে ভারত রাজি আছে। দুই বছর আগে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে কিশোরী ফেলানীর আলোচিত হত্যাকাণ্ডের তদন্ত সম্পর্কে জানতে চাইলে রঞ্জন মাথাই বলেন, ‘এ ব্যাপারে সুনির্দিষ্টভাবে আমার কিছু জানা নেই।’ যৌথ সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্রসচিব আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল সম্পর্কে মন্তব্য করেন। তিনি বলেন, ‘বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে অতীতের ক্ষত আর বিয়োগান্ত ঘটনার চির অবসানের উদ্যোগ নেওয়ায় আমরা সন্তুষ্ট।’ ঢাকা সফরের দ্বিতীয় দিনে গতকাল সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক বৈঠক করেন রঞ্জন মাথাই। বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেন পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক। এরপর যৌথ সংবাদ সম্মেলনের আগে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্রসচিব। তিস্তা নিয়ে ফের আশার বাণী!: সংবাদ সম্মেলনের আগে দুই পররাষ্ট্রসচিব দুই দেশের ফরেন সার্ভিস ইনস্টিটিউটের মধ্যে সমঝোতা স্মারক সই করেন। এর আওতায় এক দেশের কূটনীতিকেরা অন্য দেশের প্রশিক্ষণ কেন্দ্রে পেশাগত প্রশিক্ষণ নেওয়ার সুবিধা পাবেন।পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক বলেন, নিরাপত্তা, স্থলসীমান্ত ও সংশ্লিষ্ট বিষয়াবলি, পানিসম্পদ, বাণিজ্য, যোগাযোগ ও বিদ্যুৎ খাতে সহযোগিতা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এ ছাড়া ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ এবং রাষ্ট্রপতি প্রণব মুখার্জির আসন্ন ঢাকা সফর নিয়ে আলোচনা হয়েছে। ভারতের ইউপিএ সরকারের বর্তমান মেয়াদের মধ্যে তিস্তা চুক্তি ও সীমান্ত প্রটোকল বাস্তবায়নের মতো বিষয়গুলোর সুরাহা হবে কি না, জানতে চাইলে রঞ্জন মাথাই বলেন, ‘স্বল্পতম সময়ে এ বিষয়গুলোর সন্তোষজনক সমাধানের জন্য আমরা দৃঢ়প্রতিজ্ঞ। এ ক্ষেত্রে এগিয়ে যাওয়ার ব্যাপারে আমাদের সরকার অঙ্গীকারবদ্ধ। আসলে আমাদের এক বছর অপেক্ষা করতে হবে না। যখনই এসবের সুরাহা করাটা বাস্তবিক মনে হবে, তখনই তা করা হবে।’ আগামী আগস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাবিত দিল্লি সফরে এই দুটি বিষয়ে সুরাহা হবে কি না, জানতে চাইলে ভারতের পররাষ্ট্রসচিব বলেন, ‘আমি আশাবাদী। আমি জ্যোতিষী নই। তবে পুনরায় আপনাদের আশ্বাস দিচ্ছি, আমরা আমাদের অঙ্গীকার পূরণে দৃঢ়প্রতিজ্ঞ রয়েছি। আমি আগেই বলেছি, আমাদের অঙ্গীকারের সঙ্গে দিনপঞ্জির কোনো সম্পর্ক নেই। আমরা যত দ্রুত সম্ভব, প্রতিশ্রুতি পূরণে সচেষ্ট রয়েছি।’ ‘পদ্মা সেতু নিয়ে আনুষ্ঠানিক আলোচনা নেই’: বিশ্বব্যাংকের টাকায় পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত থেকে সরে আসার পর অন্য কয়েকটি দেশের পাশাপাশি ভারতকে যুক্ত করার দাবি করা হচ্ছে সরকারের পক্ষ থেকে। গতকাল এ নিয়ে প্রশ্ন করা হলে রঞ্জন মাথাই বললেন, ‘পদ্মা সেতুর অর্থায়ন নিয়ে আমরা এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক আলোচনা শুরু করিনি। বাংলাদেশ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। শুধু এটুকু বলতে পারি, এটি বৃহদায়তন একটি প্রকল্প। আমি মনে করি না, কারও একার পক্ষে এ ধরনের প্রকল্প এককভাবে নির্মাণ করা সম্ভব। ১০০ কোটি ডলার ঋণচুক্তির আওতায় ২০ কোটি ডলার অনুদানের বিষয় নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। ওই টাকা বাংলাদেশ যেকোনো কাজে ব্যবহার করতে পারে। তবে পদ্মা সেতু প্রকল্পে যুক্ত হতে চায়—এমন কোনো প্রতিষ্ঠান বা অর্থায়নকারী সংস্থার সঙ্গে যোগ দেওয়ার ব্যাপারে আমরা আগ্রহী।’‘ফেলানীর বিষয়ে জানা নেই’: ভারতের পক্ষ থেকে বলা হয়েছিল, ২০১১ সালের জানুয়ারিতে ঘটা ফেলানী হত্যায় জড়িত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের ব্যাপারে তদন্ত চলছে। ওই তদন্তের ফল কী, জানতে চাইলে ভারতের পররাষ্ট্রসচিব শুধু বলেছেন, ‘ওই ঘটনা সম্পর্কে আমার জানা নেই।’তবে তাঁর অন্য সহকর্মীদের মতো সীমান্তে নিরস্ত্র বাংলাদেশি হত্যাকাণ্ডকে ‘মৃত্যু’ হিসেবে আখ্যায়িত করেছেন রঞ্জন মাথাই। তিনি বলেন, ‘বিভিন্ন প্রান্তে মৃত্যুর ঘটনা শুধু বাংলাদেশ কেন, ভারতের কাছেও গভীর উদ্বেগের বিষয়। আমাদের প্রতিবেদন অনুযায়ী, গত বছর আমাদের সীমান্ত এলাকায় ১০ জন ভারতীয় মারা গেছেন। আমরা আমাদের আজকের আলোচনায় বলেছি, দুই উপায়ে এ সমস্যার সমাধান করতে হবে। প্রথমত, সীমান্তরক্ষীদের সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকার ব্যাপারে ন্যূনতম ছাড় দেওয়া হবে না। আমরা যেসব প্রতিবেদন পেয়েছি, তাতে বলা হয়েছে, সশস্ত্র অপরাধীরা সীমান্ত এলাকায় সক্রিয় রয়েছে। এ জন্যই দুই দেশের সরকার সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা সই করেছে। এর আওতায় নিরাপত্তা ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে সান্ধ্য আইন জারির সিদ্ধান্ত রয়েছে। এ ধরনের তৎপরতার ফলে রাতে সশস্ত্র সংঘাতের কারণে দুর্ভাগ্যজনক মৃত্যুর ঘটনাগুলো ঘটছে। তাই অপরাধীদের দমনে আমরা স্বল্প ও দীর্ঘমেয়াদি সমাধানের লক্ষ্যে কাজ করছি।’ মানবতাবিরোধী অপরাধ: একাত্তরের মানবতাবিরোধী অপরাধ আর এ নিয়ে শাহবাগে চলমান সমাবেশকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হিসেবে অভিহিত করেন ভারতের পররাষ্ট্রসচিব। রঞ্জন মাথাই বলেন, ‘ইতিহাসের সে সময়ের সাক্ষী হিসেবে বলতে পারি, শুধু একটি বিচারের রায় ঘোষণার মতো সহজ সরল কোনো বিষয় এটি নয়। একটি দেশে গণহত্যার মতো নৃশংস ঘটনা সংঘটিত হয়েছিল, যা সে দেশের মানুষের হূদয়ে গভীর বেদনা ও ক্ষতের সৃষ্টি করেছে। বিশ্বজুড়ে এ ঘটনার স্বীকৃতি জরুরি।’ রঞ্জন মাথাই বলেন, ‘বিস্তারিত সাক্ষ্য-প্রমাণ ও তদন্তের ভিত্তিতে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করায় বাংলাদেশের সরকার ও জনগণকে ধন্যবাদ জানাই। দেরিতে হলেও যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে বিচার-প্রক্রিয়া শুরু করায় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাই। বিচার-প্রক্রিয়ার ফলাফল কী হবে, সেটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। তবে অতীতের সেসব ভয়াবহ যন্ত্রণা ও বেদনার অবসান হওয়া উচিত। আর বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে এর অবসানের উদ্যোগ নেওয়ায় আমরা সন্তুষ্ট।’ প্রসঙ্গ অনুপ চেটিয়া: দুই দেশের মধ্যে বন্দী প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী রাজনৈতিক অপরাধী কিংবা রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের হস্তান্তর করা যাবে না। সে ক্ষেত্রে বাংলাদেশে কারাবন্দী আসামের বিচ্ছিন্নতাবাদী নেতা অনুপ চেটিয়া কোন পর্যায়ে পড়েন, জানতে চাইলে ভারতের পররাষ্ট্রসচিব বিষয়টি স্পষ্ট করেননি। তবে তিনি বলেন, এ আইন অনুযায়ী তাঁকে হস্তান্তর করা সম্ভব। সংবাদ সম্মেলনের পর রঞ্জন মাথাই অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে তাঁর দপ্তরে এবং স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে তাঁর বাসায় সৌজন্য সাক্ষাৎ করেন।