‘দয়া করে এবার ক্ষান্ত দিন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩০ নভেম্বরের হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। এ আহ্বান জানিয়ে তিনি বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার উদ্দেশে বলেছেন, ‘দয়া করে এবার ক্ষান্ত দিন। দেশকে এগিয়ে যেতে সহযোগিতা করুন।’আজ রোববার ‘বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট: আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। একই অনুষ্ঠানে হুঁশিয়ারি উচ্চারণ করে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, হরতালের নামে অঘটন, অরাজকতা সৃষ্টির চেষ্টা করা হলে সরকার চুপ করে থাকবে না। যত বড় নেতাই হোক না কেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাউকে ছেড়ে দেবে না।বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ কেন্দ্রীয় শহীদ মিনারে ওই আলোচনা ও সংগীতানুষ্ঠানের আয়োজন করে। প্রধান অতিথির বক্তব্যে মাহবুবুল আলম বলেন, দেশে এমন কী হলো যে সরকারের বিরুদ্ধে রাজনৈতিক শেষ অস্ত্র হরতাল ডাকতে হলো? তাঁর দাবি, যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করা, খালেদা জিয়ার ‘দুর্নীতিবাজ’ দুই ছেলেকে রক্ষা করা ও বিলাসবহুল বাড়ির কারণে খালেদা জিয়া হরতাল ডাকা হয়েছে। আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, দেশে দুটি শক্তি। একটি স্বাধীনতার সপক্ষের যার নেতৃত্বে শেখ হাসিনা। অন্যটি স্বাধীনতাবিরোধী শক্তি। এর নেতৃত্বে আছেন খালেদা জিয়া। তাঁর দাবি, একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার কাজ শুরু হওয়া, ২১ আগস্টের গ্রেনেড হামলা ও ১০ ট্রাক অস্ত্র মামলায় খালেদা জিয়ার বড় ছেলে তারেক ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বাবরের নাম বেরিয়ে আসছে। এসব ঠেকাতে খালেদা জিয়া হরতাল ডেকেছেন। তিনি বলেন, এ হরতালের পেছনে একটি বিরাট সুদূরপ্রসারী ষড়যন্ত্র আছে। এ ষড়যন্ত্র মোকাবিলায় জাতিকে একাত্তরের চেতনায় ঐক্যবদ্ধ হতে হবে।অনুষ্ঠানে আয়োজক সংগঠনের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আবদুস সোবহান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেসবাহউদ্দীন আহমেদ প্রমুখ বক্তব্য দেন।