‘ধর্মদ্রোহিতামূলক মন্তব্যের জন্য তাসিরকে খুন করি’
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের জনপ্রিয় গভর্নর সালমান তাসিরের হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন তাঁর দেহরক্ষী মালিক মমতাজ হুসেইন কাদির। গতকাল শনিবার রাওয়ালপিণ্ডির আদিয়ালা কারাগারে সন্ত্রাসবিরোধী আদালতের (এটিসি) বিচারকের সামনে তিনি এ জবানবন্দি দেন। পাকিস্তানের দ্য ডন পত্রিকা জানিয়েছে, সন্ত্রাসবিরোধী ওই রুদ্ধদ্বার আদালতে কাদির জানান, ধর্মদ্রোহিতামূলক মন্তব্যের জন্য তিনি গত ৪ জানুয়ারি ইসলামাবাদে তত্কালীন পাঞ্জাবের গভর্নর সালমান তাসিরকে হত্যা করেন। আদালত তাঁর এই জবানবন্দি লিপিবদ্ধ করেছেন। সালমান তাসিরের অন্যতম দেহরক্ষী ছিলেন কাদির। পাকিস্তানে ব্লাসফেমি আইনের বিরোধিতা করছিলেন তাসির। ওই আইনে আছিয়া বিবি নামের এক নারীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তাসির এই মৃত্যুদণ্ড রদ করার জন্য সোচ্চার ছিলেন।আদালতের আইনজীবীরা জানিয়েছেন, কাদির বলেছেন, তিনি নিজেই এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। তাঁকে এ কাজে কেউ প্ররোচনা দেননি।